০৭:১৪ পি.এম
জামায়াতের প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ এবং গুমের ঘটনায় পুলিশের তৎকালীন সহকারী সুপার (এএসপি) ফজলুর রহমান সরাসরি জড়িত ছিলেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনাটির সময় ফজলুর রহমান ডিবিতে কর্মরত ছিলেন এবং তিনি ২০২৪ সালে অবসরে যান।
শুক্রবার (৩ জুলাই) বিকেল বেলায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন ডিবি প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) একটি রিকুইজিশনের (তলবি পরোয়ানা) ভিত্তিতে রাজধানীর বাড্ডা এলাকায় নিজ বাসা থেকে সাবেক এই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
মো. শফিকুল ইসলাম বলেন, ‘যুদ্ধাপরাধের মামলায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষী দিতে আসা সুখরঞ্জন বালীকে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে থেকে অপহরণের ঘটনার সঙ্গে ফজলুর রহমানের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। আইসিটির রিকুইজিশন পাওয়ার পর গতকাল রাত ১০টার দিকে বাড্ডার বাসা থেকে আমরা তাকে গ্রেফতার করি। আজ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে এবং আদালতের নির্দেশে এরই মধ্যে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
২০১২ সালের ৫ নভেম্বরের সেই চাঞ্চল্যকর ঘটনার বিবরণ দিতে গিয়ে অতিরিক্ত কমিশনার বলেন, ঘটনার দিন সকালে সাক্ষী সুখরঞ্জন বালী সুপ্রিম কোর্ট এলাকায় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তৎকালীন এএসপি ফজলুর রহমান তাকে প্রথমে একটি চড় মারেন। এরপর তিনি তার শার্টের কলার ধরে টেনে-হিঁচড়ে ডিবির গাড়িতে তুলে নিয়ে যান। এই অপহরণ ও গুমের অভিযানে ফজলুর রহমান এবং তার তৎকালীন টিম প্রত্যক্ষভাবে জড়িত ছিল।
উল্লেখ্য, ২০১২ সালে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসার পর সুপ্রিম কোর্টের গেট থেকে সুখরঞ্জন বালী নিখোঁজ হন। পরে জানা যায়, তাকে ভারতের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
গত বছরের ২১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুম, অপহরণ, নির্যাতনসহ প্রায় পাঁচ বছর ভারতে অবৈধভাবে কারাবন্দী রাখার অভিযোগ তুলে পিরোজপুরের সুখরঞ্জন বালি। অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ৩২ জনের নাম উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন