ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

হবিগঞ্জে বিকল ট্রাকের ধাক্কায় কাভার্ড ভ্যানের ৩ বাংলাদেশ ডাক কর্মী নিহত


হবিগঞ্জে বিকল ট্রাকের ধাক্কায় কাভার্ড ভ্যানের ৩ বাংলাদেশ ডাক কর্মী নিহত

হবিগঞ্জ, ১২ নভেম্বর ২০২৬ (বাসস): জেলার মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে বাংলাদেশ ডাক বিভাগের একটি কাভার্ড ভ্যানের তিনজনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৩ টায় মাধবপুর উপজেলার নোয়াপাড়া কাউছার নগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, রাত ৩ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাউছার নগর এলাকায় চুয়াডাঙ্গা-ট-১১-০৫০৮ নম্বরের একটি পাথরবোঝাই ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী বাংলাদেশ ডাক বিভাগের ডাক ও পার্সেলবাহী ঢাকা মেট্রো-উ-১১-৮৪২৫ নম্বরের একটি মাঝারি কাভার্ড ভ্যান পেছন থেকে ট্রাকটির সাথে ধাক্কা খায়।

আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

এই দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক জসিম (৪০), যাত্রী মো. মজনু মিয়া (৫৪) এবং মো. রিপন মিয়া (২৩) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। নিহত তিনজনই বাংলাদেশ ডাক বিভাগের কর্মী ছিলেন।

নিহত জসিমের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামে। মজনু মিয়ার বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কাকজোড় গ্রামে এবং রিপন মিয়ার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামে অবস্থিত।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আনিসুর রহমান জানান, নিহতদের লাশ হাইওয়ে থানায় রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের দাবিতে দুই পোশাক কারখানা বন্ধ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুষ দাবির ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুর পিডিবির উপ-সহকারী প্রকৌশলী খাইরুল বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


ঘুষ দাবির ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুর পিডিবির উপ-সহকারী প্রকৌশলী খাইরুল বরখাস্ত

ঘুষ দাবির ভিডিও ভাইরালের ঘটনায় লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের উপ-পরিচালক-১ মোঃ বনি আমিনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে, ২৮ সেপ্টেম্বর তারিখে একই অফিসের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষের টাকা লেনদেন ও কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছিল। পরে তাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।

ইফতে খাইরুল ইসলামের বরখাস্তের চিঠিতে উল্লেখ করা হয়েছে, লক্ষ্মীপুর পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী ইফতে খাইরুল ইসলামের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ অথবা মিটার প্রদান সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারী ও গ্রাহকের উপস্থিতে ঘুষ হিসেবে নগদ অর্থ গ্রহণের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হওয়ায় চাকরি বিধিমালা ১৯৮২ এর ১৪১ নং বিধি মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এসময়ে বিধি মোতাবেক তিনি খোরপোষ ভাতা পাবেন। সাময়িক বরখাস্তকালীন সময়ে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার পূর্বানুমতি ব্যতিরেকে তিনি কর্মস্থল ত্যাগ করতে পারবেন।

ইফতে খাইরুলের ঘুষ দাবির ভাইরাল হওয়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি বিদ্যুৎ মিটারের প্রসঙ্গ তুলে সেবাগ্রহীতার কাছে নগদ ৫ হাজার টাকা দাবি করছেন উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল। এসময় তার পাশে থাকা অন্য এক কর্মচারীকে আরও ৯ হাজার টাকা দেওয়ার কথাও বলতে শোনা যায়। একপর্যায়ে দরকষাকষি শেষে ওই সেবাগ্রহীতার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা গ্রহণ করেন উপ-সহকারী প্রকৌশলী।

তবে অভিযোগ অস্বীকার করে উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "এটি সম্পূর্ণ অসত্য তথ্য। তিনি কোনো ধরনের অবৈধ টাকার লেনদেন করেননি।"

প্রসঙ্গত, ২৭ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ গ্রহণ ও কথোপকথনের ৮ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদন্ত ও শৃংখলা পরিদপ্তরের উপপরিচালক-১ মো: কাউসার আহমেদ অপু স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নুরুল আমিনকে বরখাস্ত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমরান-বুশরার সঙ্গে পিটিআই আইনজীবীদের ৩ ঘণ্টার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


ইমরান-বুশরার সঙ্গে পিটিআই আইনজীবীদের ৩ ঘণ্টার বৈঠক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দলের আইনজীবীরা সাক্ষাৎ করেছেন বুধবার, ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) নির্দেশের পরদিন।

মঙ্গলবার, ১৯০ মিলিয়ন পাউন্ডের দুর্নীতি মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির সাজার বিরুদ্ধে করা আপিলের শুনানির সময় ইসলামাবাদ হাইকোর্ট কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়, যাতে ইমরান ও তাঁর আইনি দলের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করা হয়। এরপর ব্যারিস্টার সালমান সফদর এবং অ্যাডভোকেট লতিফ খোসা রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী এই দম্পতির সঙ্গে দেখা করেন। তাঁরা দুজনেই পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ব্যারিস্টার সফদর জানান, কারা কর্তৃপক্ষ তাঁদের ইমরান খান ও বুশরা বিবির সঙ্গে প্রায় তিন ঘণ্টা দীর্ঘ বৈঠক করার অনুমতি দিয়েছে। অন্যদিকে, লতিফ খোসাও সাংবাদিকদের জানান, বুশরা বিবির উপস্থিতিতে বৈঠকটি ৩ থেকে ৪ ঘণ্টা স্থায়ী হয়েছিল।

সফদর উল্লেখ করেন, বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই ‘অস্বাভাবিক দীর্ঘ’ বৈঠকে ইমরান ও বুশরা—উভয়ের আইনি এবং স্বাস্থ্যগত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং দুজনই এ বিষয়ে সুস্পষ্ট আইনি নির্দেশনা দিয়েছেন। তিনি আরও জানান, ইসলামাবাদ হাইকোর্টে আল-কাদির ট্রাস্ট মামলার মূল আপিলগুলোতে তিনিই (সফদর) এই দম্পতির পক্ষে আইনি লড়াই চালিয়ে যাবেন বলে তাঁদের কাছ থেকে সুস্পষ্ট নির্দেশনা পাওয়া গেছে। এ ছাড়া, বুশরা বিবির চোখের জটিলতা এবং তাঁর জামিন বা আইনি প্রতিকার চেয়ে হাইকোর্টে বিচারাধীন আবেদনের শুনানিতে অ্যাডভোকেট খোসা তাঁকে (সফদরকে) সহায়তা করবেন।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে লতিফ খোসার কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেছে পিটিআই। সেখানে হাস্যোজ্জ্বল এই আইনজীবীকে বৈঠকে বুশরা বিবি উপস্থিত ছিলেন কি না জিজ্ঞাসা করা হলে তিনি ইতিবাচক উত্তর দেন। খোসা জানান, আলোচনায় মূলত ইমরান খানের স্বাস্থ্য ও তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রাধান্য পেয়েছে। ইমরানের স্বাস্থ্য পরিস্থিতি এবং কারাগারে তিনি যা দেখেছেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

ইমরান খানের স্বাস্থ্যের বিষয়ে জানতে চাইলে খোসা বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীর রক্তচাপের সমস্যা রয়েছে এবং তাঁর রক্তচাপ ভয়াবহ মাত্রায় ওঠানামা করছে। তবে তিনি এখন সম্পূর্ণ সক্রিয় আছেন এবং তাঁর মনোবল অত্যন্ত দৃঢ় বলেও যোগ করেন এই আইনজীবী। এ ছাড়া বৈঠকে সম্ভাব্য ২৮তম সাংবিধানিক সংশোধনী নিয়েও আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেন খোসা, তবে এ মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।

বৈঠকটি কেন এত দীর্ঘ হলো-এমন প্রশ্নের জবাবে হেসে খোসা বলেন, যাঁরা বৈঠকের অনুমতি দিয়েছেন, তাঁদের জিজ্ঞাসা করুন। তিনি মনে করিয়ে দেন যে ইসলামাবাদ হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন, এই সাক্ষাৎ যেন এক ঘণ্টার কম সময়ের না হয়।

এর আগে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-কে পিটিআই আইনজীবী আওয়াইস ইউনুস চৌধুরী জানিয়েছিলেন, বিচারাধীন মামলাগুলো নিয়ে আলোচনার জন্যই সফদর ও খোসা ইমরান ও বুশরার সঙ্গে দেখা করতে গিয়েছেন। তিনি আরও বলেছিলেন, আইনজীবীরা আদিয়ালা কারাগারে চার ঘণ্টা অবস্থান করেন এবং গণমাধ্যম বা পিটিআইয়ের অন্য আইনজীবীদের সঙ্গে কথা না বলেই চলে যান।

চোখের চিকিৎসার জন্য সাবেক এই প্রধানমন্ত্রীকে আবারও পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস)-এ নেওয়ার কয়েক ঘণ্টা পরই কারাগারে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের ফলো-আপ চিকিৎসার জন্য গত রাতে ইমরান খানকে পিমসে আনা হয়েছিল। তাঁর শারীরিক অবস্থার সব গুরুত্বপূর্ণ সূচক ‘স্বাভাবিক’ রয়েছে, তিনি চিকিৎসাগতভাবে ‘স্থিতিশীল’ আছেন এবং সাধারণ শারীরিক পরীক্ষায় সবকিছু ‘স্বাভাবিক’ পাওয়া গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে আছেন। অন্যদিকে, ভিন্ন একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০২৫ সালের ১৭ জানুয়ারি গ্রেপ্তার হন তাঁর স্ত্রী বুশরা বিবি।

ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানকে সপ্তাহে দুদিন-মঙ্গলবার ও বৃহস্পতিবার-তাঁর পরিবার, আইনজীবী ও সহযোগীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিয়েছেন। তবে আদালতের একাধিক নির্দেশনা থাকা সত্ত্বেও পরিবার ও দলীয় নেতাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ বেশির ভাগ সময়ই সীমিত রাখা হয়েছে।

এর আগে গত ২ নভেম্বর সাত মাসের বিরতির পর ইমরানের সঙ্গে এক ঘণ্টারও কম সময়ের জন্য দেখা করেছিলেন সালমান সফদর। তার আগে এপ্রিলে ইমরানের চোখের সমস্যার বিষয়টি সামনে আসার কয়েক মাস পর সুপ্রিম কোর্ট সফদরকে ‘অ্যামিকাস কিউরি’ (আদালতের বন্ধু) হিসেবে নিয়োগ দিলে তিনি ইমরানের সঙ্গে দেখা করেছিলেন। তবে ২ নভেম্বরের বৈঠকে তিনি ইমরানের নিজস্ব আইনজীবী হিসেবেই উপস্থিত ছিলেন।

২ নভেম্বরের সেই বৈঠকের পর পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম ডন-কে জানিয়েছিলেন, ওই বৈঠকে কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি; সফদর কেবল মামলাগুলো নিয়ে কথা বলেছেন এবং ভবিষ্যৎ কৌশল সম্পর্কে জানতে চেয়েছেন। ইমরানের স্বাস্থ্যের বিষয়ে জানতে চাইলে আকরাম বলেছিলেন, স্বাস্থ্যগত বিষয় নিয়ে আলোচনা হলেও পিটিআই কেবল আইনি মামলাগুলোর বিষয়েই কথা বলবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


১২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

দেশের বাজারের স্বর্ণের দামে তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ার প্রভাব পড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভ্যাটসহ প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বাজুস নতুন দাম ঘোষণা করেছে এক বিজ্ঞপ্তির মাধ্যমে। আজ সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। বুধবারও বাজুস ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল।

বাজুসের নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১০০ টাকা কমে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ৫৭৫ টাকা কমে ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকায় পৌঁছেছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। এই কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটি বৈঠক করে মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। স্বর্ণের দাম কমানোর পাশাপাশি রুপার মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত বাজুস দেশের বাজারে ১৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে। এর মধ্যে ৬৫ বার দাম বৃদ্ধি এবং ৭০ বার দাম হ্রাস করা হয়েছে, একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে নির্বাচন কমিশন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন (ইসি) আগামী ১৬ নভেম্বর একটি সভা আয়োজন করবে, যাতে নির্ধারিত হবে কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১১ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি উল্লেখ করেন, ‘প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন।’

আলোচনার জন্য বৈঠকের এজেন্ডায় দুটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি, যা পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে, এবং স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টারের বিষয়।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ভোটগ্রহণ হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ইউপি ভোট অনুষ্ঠিত হবে।

এ ক্ষেত্রে সদর উপজেলা ও সদর সংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%