প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঘুষ দাবির ভিডিও ভাইরালের ঘটনায় লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের উপ-পরিচালক-১ মোঃ বনি আমিনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে, ২৮ সেপ্টেম্বর তারিখে একই অফিসের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষের টাকা লেনদেন ও কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছিল। পরে তাকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল।
ইফতে খাইরুল ইসলামের বরখাস্তের চিঠিতে উল্লেখ করা হয়েছে, লক্ষ্মীপুর পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের উপ-সহকারী ইফতে খাইরুল ইসলামের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ অথবা মিটার প্রদান সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারী ও গ্রাহকের উপস্থিতে ঘুষ হিসেবে নগদ অর্থ গ্রহণের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হওয়ায় চাকরি বিধিমালা ১৯৮২ এর ১৪১ নং বিধি মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এসময়ে বিধি মোতাবেক তিনি খোরপোষ ভাতা পাবেন। সাময়িক বরখাস্তকালীন সময়ে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার পূর্বানুমতি ব্যতিরেকে তিনি কর্মস্থল ত্যাগ করতে পারবেন।
ইফতে খাইরুলের ঘুষ দাবির ভাইরাল হওয়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি বিদ্যুৎ মিটারের প্রসঙ্গ তুলে সেবাগ্রহীতার কাছে নগদ ৫ হাজার টাকা দাবি করছেন উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল। এসময় তার পাশে থাকা অন্য এক কর্মচারীকে আরও ৯ হাজার টাকা দেওয়ার কথাও বলতে শোনা যায়। একপর্যায়ে দরকষাকষি শেষে ওই সেবাগ্রহীতার কাছ থেকে নগদ ৩ হাজার টাকা গ্রহণ করেন উপ-সহকারী প্রকৌশলী।
তবে অভিযোগ অস্বীকার করে উপ-সহকারী প্রকৌশলী ইফতে খাইরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "এটি সম্পূর্ণ অসত্য তথ্য। তিনি কোনো ধরনের অবৈধ টাকার লেনদেন করেননি।"
প্রসঙ্গত, ২৭ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ঘুষ গ্রহণ ও কথোপকথনের ৮ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তদন্ত ও শৃংখলা পরিদপ্তরের উপপরিচালক-১ মো: কাউসার আহমেদ অপু স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে নুরুল আমিনকে বরখাস্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন