প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে দলের আইনজীবীরা সাক্ষাৎ করেছেন বুধবার, ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) নির্দেশের পরদিন।
মঙ্গলবার, ১৯০ মিলিয়ন পাউন্ডের দুর্নীতি মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির সাজার বিরুদ্ধে করা আপিলের শুনানির সময় ইসলামাবাদ হাইকোর্ট কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়, যাতে ইমরান ও তাঁর আইনি দলের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা করা হয়। এরপর ব্যারিস্টার সালমান সফদর এবং অ্যাডভোকেট লতিফ খোসা রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী এই দম্পতির সঙ্গে দেখা করেন। তাঁরা দুজনেই পৃথক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ব্যারিস্টার সফদর জানান, কারা কর্তৃপক্ষ তাঁদের ইমরান খান ও বুশরা বিবির সঙ্গে প্রায় তিন ঘণ্টা দীর্ঘ বৈঠক করার অনুমতি দিয়েছে। অন্যদিকে, লতিফ খোসাও সাংবাদিকদের জানান, বুশরা বিবির উপস্থিতিতে বৈঠকটি ৩ থেকে ৪ ঘণ্টা স্থায়ী হয়েছিল।
সফদর উল্লেখ করেন, বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এই ‘অস্বাভাবিক দীর্ঘ’ বৈঠকে ইমরান ও বুশরা—উভয়ের আইনি এবং স্বাস্থ্যগত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং দুজনই এ বিষয়ে সুস্পষ্ট আইনি নির্দেশনা দিয়েছেন। তিনি আরও জানান, ইসলামাবাদ হাইকোর্টে আল-কাদির ট্রাস্ট মামলার মূল আপিলগুলোতে তিনিই (সফদর) এই দম্পতির পক্ষে আইনি লড়াই চালিয়ে যাবেন বলে তাঁদের কাছ থেকে সুস্পষ্ট নির্দেশনা পাওয়া গেছে। এ ছাড়া, বুশরা বিবির চোখের জটিলতা এবং তাঁর জামিন বা আইনি প্রতিকার চেয়ে হাইকোর্টে বিচারাধীন আবেদনের শুনানিতে অ্যাডভোকেট খোসা তাঁকে (সফদরকে) সহায়তা করবেন।
বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে লতিফ খোসার কথোপকথনের একটি ভিডিও শেয়ার করেছে পিটিআই। সেখানে হাস্যোজ্জ্বল এই আইনজীবীকে বৈঠকে বুশরা বিবি উপস্থিত ছিলেন কি না জিজ্ঞাসা করা হলে তিনি ইতিবাচক উত্তর দেন। খোসা জানান, আলোচনায় মূলত ইমরান খানের স্বাস্থ্য ও তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রাধান্য পেয়েছে। ইমরানের স্বাস্থ্য পরিস্থিতি এবং কারাগারে তিনি যা দেখেছেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে বলে জানান তিনি।
ইমরান খানের স্বাস্থ্যের বিষয়ে জানতে চাইলে খোসা বলেন, সাবেক এই প্রধানমন্ত্রীর রক্তচাপের সমস্যা রয়েছে এবং তাঁর রক্তচাপ ভয়াবহ মাত্রায় ওঠানামা করছে। তবে তিনি এখন সম্পূর্ণ সক্রিয় আছেন এবং তাঁর মনোবল অত্যন্ত দৃঢ় বলেও যোগ করেন এই আইনজীবী। এ ছাড়া বৈঠকে সম্ভাব্য ২৮তম সাংবিধানিক সংশোধনী নিয়েও আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেন খোসা, তবে এ মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।
বৈঠকটি কেন এত দীর্ঘ হলো-এমন প্রশ্নের জবাবে হেসে খোসা বলেন, যাঁরা বৈঠকের অনুমতি দিয়েছেন, তাঁদের জিজ্ঞাসা করুন। তিনি মনে করিয়ে দেন যে ইসলামাবাদ হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন, এই সাক্ষাৎ যেন এক ঘণ্টার কম সময়ের না হয়।
এর আগে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন-কে পিটিআই আইনজীবী আওয়াইস ইউনুস চৌধুরী জানিয়েছিলেন, বিচারাধীন মামলাগুলো নিয়ে আলোচনার জন্যই সফদর ও খোসা ইমরান ও বুশরার সঙ্গে দেখা করতে গিয়েছেন। তিনি আরও বলেছিলেন, আইনজীবীরা আদিয়ালা কারাগারে চার ঘণ্টা অবস্থান করেন এবং গণমাধ্যম বা পিটিআইয়ের অন্য আইনজীবীদের সঙ্গে কথা না বলেই চলে যান।
চোখের চিকিৎসার জন্য সাবেক এই প্রধানমন্ত্রীকে আবারও পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস)-এ নেওয়ার কয়েক ঘণ্টা পরই কারাগারে এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের ফলো-আপ চিকিৎসার জন্য গত রাতে ইমরান খানকে পিমসে আনা হয়েছিল। তাঁর শারীরিক অবস্থার সব গুরুত্বপূর্ণ সূচক ‘স্বাভাবিক’ রয়েছে, তিনি চিকিৎসাগতভাবে ‘স্থিতিশীল’ আছেন এবং সাধারণ শারীরিক পরীক্ষায় সবকিছু ‘স্বাভাবিক’ পাওয়া গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে আছেন। অন্যদিকে, ভিন্ন একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০২৫ সালের ১৭ জানুয়ারি গ্রেপ্তার হন তাঁর স্ত্রী বুশরা বিবি।
ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানকে সপ্তাহে দুদিন-মঙ্গলবার ও বৃহস্পতিবার-তাঁর পরিবার, আইনজীবী ও সহযোগীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিয়েছেন। তবে আদালতের একাধিক নির্দেশনা থাকা সত্ত্বেও পরিবার ও দলীয় নেতাদের সঙ্গে তাঁর সাক্ষাৎ বেশির ভাগ সময়ই সীমিত রাখা হয়েছে।
এর আগে গত ২ নভেম্বর সাত মাসের বিরতির পর ইমরানের সঙ্গে এক ঘণ্টারও কম সময়ের জন্য দেখা করেছিলেন সালমান সফদর। তার আগে এপ্রিলে ইমরানের চোখের সমস্যার বিষয়টি সামনে আসার কয়েক মাস পর সুপ্রিম কোর্ট সফদরকে ‘অ্যামিকাস কিউরি’ (আদালতের বন্ধু) হিসেবে নিয়োগ দিলে তিনি ইমরানের সঙ্গে দেখা করেছিলেন। তবে ২ নভেম্বরের বৈঠকে তিনি ইমরানের নিজস্ব আইনজীবী হিসেবেই উপস্থিত ছিলেন।
২ নভেম্বরের সেই বৈঠকের পর পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম ডন-কে জানিয়েছিলেন, ওই বৈঠকে কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি; সফদর কেবল মামলাগুলো নিয়ে কথা বলেছেন এবং ভবিষ্যৎ কৌশল সম্পর্কে জানতে চেয়েছেন। ইমরানের স্বাস্থ্যের বিষয়ে জানতে চাইলে আকরাম বলেছিলেন, স্বাস্থ্যগত বিষয় নিয়ে আলোচনা হলেও পিটিআই কেবল আইনি মামলাগুলোর বিষয়েই কথা বলবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন