ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মালিতে সমন্বিত বিদ্রোহীদের নতুন হামলা


মালিতে সমন্বিত বিদ্রোহীদের নতুন হামলা

আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী এবং তাদের মিত্র তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদীরা শনিবার মালিজুড়ে নতুন করে সমন্বিত হামলা চালিয়েছে। এটি তাদের আরেকটি বড় আক্রমণ, যা কয়েক মাস আগে একই ধরনের হামলায় দেশটির সামরিক জান্তাকে বড় ধাক্কা দেওয়ার পর ঘটে।

বামাকো থেকে এএফপি জানায়, স্থানীয় সময় সকাল ৫টার দিকে (গ্রিনিচ সময় ০৫০০) শুরু হওয়া এ হামলা উত্তরাঞ্চলের গাও, আনেফিস ও আগেলহক শহর, মধ্যাঞ্চলের সেভারে শহর এবং রাজধানীর কাছে কেনিয়েরোবার একটি কারাগারকে লক্ষ্যবস্তুতে পরিণত করে।

গত এপ্রিলের শেষ দিকে আল-কায়েদা-ঘনিষ্ঠ জেএনআইএম (জামাআত নুসরাত আল-ইসলাম ওয়াল-মুসলিমিন) এবং তুয়ারেগ এফএলএ (আজাওয়াদ মুক্তি ফ্রন্ট) উত্তরাঞ্চলের কৌশলগত শহর কিদাল দখল করে এবং মালির প্রতিরক্ষামন্ত্রীকে হত্যা করে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

২০২০ ও ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে মালি সামরিক শাসনের অধীনে রয়েছে। ক্ষমতা দখলের সময় সামরিক নেতৃত্ব দেশটিতে নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে ২০১২ সাল থেকে ঐ বিস্তীর্ণ মরুভূমি অধ্যুষিত দেশটি জঙ্গি এবং বিচ্ছিন্নতাবাদী সহিংসতায় জর্জরিত রয়েছে।

২৫-২৬ এপ্রিলের বড় হামলার পর মালির সেনাবাহিনী রাশিয়া-নিয়ন্ত্রিত আফ্রিকা কোরের সহায়তায় সামরিক অভিযান জোরদার করে।

প্রায় এক বছর আগে তুয়ারেগ এফএলএ এবং জেএনআইএম জোটবদ্ধ হয়ে আসে। এরপর থেকে তারা যৌথভাবে সামরিক সরকারের ওপর চাপ বাড়িয়ে আসছে।

ডাকারভিত্তিক টিম্বুক্তু ইনস্টিটিউটের পরিচালক বাকারি সাম্বে এএফপিকে বলেন, ‘বৃহত্তর আক্রমণের আগে মধ্যবর্তী ধাপ হিসেবে পরিচালিত এসব অভিযান সরকারকে দুর্বল ও বিচ্ছিন্ন করে তুলছে।’

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

সেনাবাহিনীর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে। মালির সেনাবাহিনী শনিবার সকালে ফেসবুকে এক বিবৃতিতে চারটি শহর ও কেনিয়েরোবার ওপর হামলার কথা নিশ্চিত করেছে। তাদের দাবি, ‘হামলাগুলো শক্ত হাতে প্রতিহত করা হয়েছে’ এবং ‘পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।’

তবে এএফপির সঙ্গে কথা বলা বিভিন্ন সূত্র জানায়, দুপুর পর্যন্তও কয়েকটি এলাকায় সংঘর্ষ চলছিল। এফএলএর মুখপাত্র মোহামেদ এলমাউলুদ রমাদানে এএফপিকে বলেন, আনেফিসে ‘বেশ কয়েকটি অবস্থান’ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে, যদিও শনিবার সকাল পর্যন্ত সেখানে লড়াই চলছিল।

আনেফিসের এক বাসিন্দা জানিয়েছেন, ‘সশস্ত্র গোষ্ঠীগুলো শহরের ভেতরে রয়েছে। তবে সেনাবাহিনী এখনো প্রতিরোধ গড়ে তুলছে। সেনা শিবির এখনো দখল হয়নি।’

এপ্রিলের হামলার পর উত্তরাঞ্চলের কিদাল অঞ্চলে আনেফিস এবং আগেলহকই এখন শেষ দুটি এলাকা, যেখানে মালির সেনাবাহিনীর উপস্থিতি রয়েছে। উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর গাওয়ের বাসিন্দারা জানান, সেনা ঘাঁটির কাছে গুলির শব্দ ও বিকট বিস্ফোরণ শোনা গেছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

সন্ত্রাসবাদবিরোধী আন্তর্জাতিক একাডেমির কৌশলগত গবেষণা ইনস্টিটিটের এক গবেষক এএফপিকে বলেন, ‘এ মুহূর্তে তাদের লক্ষ্য সম্ভবত উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নিশ্চিত করা, এরপর আরও দক্ষিণে অগ্রসর হওয়া।’

মধ্যাঞ্চলের সেভারে শহরে, যেখানে একটি বড় সেনা ঘাঁটি ও বিমানবন্দর রয়েছে, স্থানীয় এক নিরাপত্তা সূত্র জানায়, ‘সকাল ৫টার দিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর কয়েকটি যুদ্ধবিমান এলাকাটির ওপর দিয়ে উড়তে দেখা যায়।’

রাজধানী বামাকো থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কেনিয়েরোবা কারাগার কমপ্লেক্সেও হামলা চালানো হয়। সেখানে জঙ্গিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত বন্দিদের রাখা হয়।

এক বন্দি এএফপিকে বলেন, ‘আমরা বিছানার নিচে লুকিয়ে আছি। এখনো গুলির শব্দ শোনা যাচ্ছে।’ এরপরই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

কেনিয়েরোবা কেন্দ্রীয় কারাগার মালির সবচেয়ে বড় আধুনিক কারাগার, যেখানে আড়াই হাজারের বেশি বন্দি রাখার ব্যবস্থা রয়েছে।

দীর্ঘদিনের নিরাপত্তা সংকট। ২০১২ সাল থেকে আল-কায়েদা এবং তথাকথিত ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী, বিভিন্ন সাম্প্রদায়িক সশস্ত্র গোষ্ঠী এবং বিচ্ছিন্নতাবাদীদের কারণে মালি গুরুতর নিরাপত্তা সংকটে রয়েছে।

এপ্রিলের যৌথ হামলায় তুয়ারেগ বিদ্রোহী ও জঙ্গিরা কিদাল পুনর্দখল করে। ২০২৩ সালের নভেম্বরে মালির সেনাবাহিনী এবং রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ শহরটি দখল করেছিল। পরে ওয়াগনারের স্থলাভিষিক্ত হয় আফ্রিকা কোর।

জান্তাপ্রধান জেনারেল আসিমি গোইতা রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন এবং সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্স থেকে দূরত্ব সৃষ্টি করেছেন।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা প্রতিমন্ত্রীর

গত মাসে প্রকাশিত এক প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, এপ্রিলের হামলার পর বিদ্রোহী গোষ্ঠী, মালির সেনাবাহিনী এবং তাদের রুশ মিত্ররা বেসামরিক মানুষের বিরুদ্ধে ‘গুরুতর মানবাধিকার লঙ্ঘন’ করেছে।

২০১২ সালের সংকটেও তুয়ারেগ বিদ্রোহীরা জঙ্গিদের সঙ্গে মিলে উত্তর মালির গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করেছিল। ঐতিহাসিকভাবে যাযাবর তুয়ারেগ জনগোষ্ঠী মালি, নাইজার, আলজেরিয়া, লিবিয়া এবং বুরকিনা ফাসো জুড়ে বিস্তৃত। দীর্ঘদিন ধরে তারা বঞ্চনার অভিযোগ তুলে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে, যার কেন্দ্র ছিল বিশেষ করে কিদাল।

এদিকে জেএনআইএম গত বছরের সেপ্টেম্বর থেকে রাজধানী বামাকোগামী জ্বালানিবাহী ট্যাংকার বহরে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। এ হামলা গত অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানী ঢাকার কিশোরী ধর্ষণ করার পর তাকে সেপটিক ট্যাংকে ফেলে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


রাজধানী ঢাকার কিশোরী ধর্ষণ করার পর তাকে সেপটিক ট্যাংকে ফেলে

রাজধানী ঢাকার মিরপুরে পল্লবী এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করার পর তাকে সেপটিক ট্যাংকে ফেলে দেওয়ার বিরুদ্ধে একটি প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযুক্ত মো. আনোয়ার হোসেন সাঈদ (৫০) কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

গুরুতর আহত অবস্থায় ওই ভুক্তভোগী কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এসব তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীর পারিবারিক সূত্র থেকে জানা যায়, ভুক্তভোগী কিশোরী তার বড় ভাইয়ের সঙ্গে মিলে তাদের অসুস্থ বাবার দেখাশোনা করেন। এক বছর আগে তাদের মা মারা গেছেন। প্রতিবেশী আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করছিলেন এবং কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গতকাল শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে ভুক্তভোগী কিশোরী শৌচাগার থেকে ঘরে ফিরছিলেন। এই সময় আনোয়ার তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক নিজের ভাড়া বাসায় নিয়ে যান।

সেখানে আনোয়ার কিশোরীকে মারধর করেন এবং মুখে বালিশ চাপা দিয়ে অচেতন করে ধর্ষণ করেন। এরপর অভিযুক্ত আনোয়ার ওই কিশোরীকে বিবস্ত্র ও অচেতন অবস্থায় বাসার কাছে সেপটিক ট্যাংকের ভিতরে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করেন।

শনিবার ভোরে এক প্রতিবেশী যখন ওজু করার জন্য কলপাড়ে গিয়ে সেপটিক ট্যাংকে ওই কিশোরীকে পড়ে থাকতে দেখেন তখন তিনি চিৎকার করেন। পরে তার স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনাটি যখন জানাজানি হয় তখন স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত আনোয়ার হোসেন সাঈদকে আটক করে গণপিটুনি দেয়। পরে পল্লবী থানায় খবর দেয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়।

এ বিষয়ে পল্লবী থানার ওসি হাসান বাসির জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত এবং পরবর্তী আইনি পদক্ষেপ বর্তমানে চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


প্রথম এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

প্রথমবারের মতো আয়োজিত এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬-এর শিরোপা জয় করেছে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময় ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিরুদ্ধে ২-০ গোলে জয় অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, যিনি চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি এবং রানার্সআপ ইউএস-বাংলা এয়ারলাইন্সের হাতে রানার্সআপ ট্রফি প্রদান করেছেন।

অনুষ্ঠানে মন্ত্রী মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশের বিমান পরিবহন খাতকে একটি আঞ্চলিক হাবে পরিণত করতে কাজ করে যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, ‘আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বিশ্বের অন্যতম সেরা এয়ারলাইন্সে পরিণত করতে সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছি।’

এএফসি ২০২৬ ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আন্তঃএয়ারলাইন্স ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর অংশগ্রহণ থাকায় বিমান পরিবহন খাতের পেশাজীবীদের মধ্যে বন্ধুত্ব, দলগত চেতনা ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে আয়োজিত হয়।

দুই দিনব্যাপী ফুতসালভিত্তিক এই প্রতিযোগিতা ৩ ও ৪ জুলাই গুলশান ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী আসরে দেশি ও বিদেশি মিলিয়ে মোট ১৬টি এয়ারলাইন্স অংশগ্রহণ করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ষাকালে তাপপ্রবাহে রংপুর অঞ্চলের আবহাওয়ার পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


বর্ষাকালে তাপপ্রবাহে রংপুর অঞ্চলের আবহাওয়ার পরিবর্তন

জলবায়ু পরিবর্তনের কারণে রংপুর অঞ্চলের আবহাওয়ার চিত্র ক্রমাগত পরিবর্তন হচ্ছে। বর্ষার সময় যখন ঘন বৃষ্টিতে প্রকৃতির ঠান্ডা হওয়ার কথা, তখন তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। যদিও কয়েক দিন আগে বৃষ্টিপাত হয়েছিল, সেই স্বস্তি স্থায়ী হয়নি। আবারও মৃদু তাপপ্রবাহে পুড়ছে রংপুর বিভাগ। এর সাথে যুক্ত হয়েছে ঘন ঘন লোডশেডিংও। জনদুর্ভোগ ব্যাপকভাবে বেড়ে গেছে। রোগী, শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

রংপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ শনিবার (৪ জুলাই) বিকেল ৩টায় রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি, সৈয়দপুরে সর্বোচ্চ ৩৭ ডিগ্রি, নীলফামারীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি এবং দিনাজপুরে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই এলাকার সব জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

সরাসরি গিয়ে দেখা গেছে, তীব্র গরমের কারণে আজ দুপুরে নগরের বিভিন্ন সড়কে মানুষের চলাচলও ছিল তুলনামূলক কম। প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে বেশির ভাগ মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না।

অন্যদিকে, আবহাওয়ার এই অস্বাভাবিক পরিবর্তনের কারণে জ্বর, সর্দি-কাশি সহ বিভিন্ন মৌসুমি রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকদের সাথে কথা বলে জানা গেছে, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে রোগীর চাপ ক্রমেই বাড়ছে।

পরিবেশবিদদের মতে, জলবায়ু পরিবর্তন এবং অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহারের কারণে উত্তরাঞ্চল অদ্ভুত জলবায়ু পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার, যমুনা, করতোয়া, আত্রাই, যমুনেশ্বরী, পুনর্ভবা এবং আরও অনেক নদী জলবায়ু পরিবর্তনের ফলে মরে যেতে বসেছে।

উজানে আন্তর্জাতিক অভিন্ন নদীগুলো থেকে অব্যাহত এবং একতরফা পানি প্রত্যাহারের ফলে নদীগুলো শুকিয়ে যাচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এর ফলে কৃষি, জীববৈচিত্র্য ও পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছে।

তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমান আবহাওয়ার ধারা অদ্ভুত ও অনিশ্চিত আচরণ করছে। এটি কৃষি সহ সব খাতে অনিশ্চয়তা সৃষ্টি করছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বছরের পর বছর ধরে দিন ও রাতের গড় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হচ্ছে। এতে আবহাওয়ায় একটি অস্বাভাবিকতা তৈরি হচ্ছে। শীতে তীব্র শীত অথবা গ্রীষ্মে প্রচণ্ড তাপের সৃষ্টি হচ্ছে। আবার আষাঢ়-শ্রাবণে বৃষ্টি নেই। বর্ষায় তাপদাহ বইছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টিপাত, বন্যা, ঘূর্ণিঝড়, খরা, তীব্র শীত ও তাপ, সমুদ্র ও ভূ-পৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি, পানি দূষণ, পানি ও মাটির লবণাক্ততা বৃদ্ধি, জলজ ব্যবস্থার অবক্ষয়, নদীতে পলি জমা, নদী শুকিয়ে যাওয়া এবং নদী ভাঙনের ঘটনাগুলি ঘটছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গিয়েছে, বিদ্যুতের ঘাটতির কারণে রংপুর বিভাগজুড়ে লোডশেডিং পরিস্থিতির অবনতি ঘটেছে।

নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে বর্তমানে বিদ্যুতের চাহিদা ৮৫০ থেকে ৯০০ মেগাওয়াট হলেও সরবরাহ হচ্ছে প্রায় ৭০০ মেগাওয়াট। ফলে চাহিদা মেটাতে বাধ্য হয়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং করতে হচ্ছে।

ঘন ঘন বিদ্যুৎ বিচ্ছিন্নতায় গরমের কষ্ট আরও বেড়ে গিয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনার অসুবিধা হচ্ছে।

রংপুর আবহাওয়া অফিসের আবহওয়ার বিশেষজ্ঞ মোস্তাফিজার রহমান বাসসকে জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং মানুষ স্বস্তি পেতে পারেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাধুলাকে পেশা হিসেবে সম্মানজনক করতে কাজ করছে সরকার: মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


খেলাধুলাকে পেশা হিসেবে সম্মানজনক করতে কাজ করছে সরকার: মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে বর্তমান সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। খেলাধুলাকে শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং একটি সম্মানজনক পেশা হিসাবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য।

আজ বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ‘চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব-২০২৬’-এর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল এসময় বলেন, তরুণদের খেলাধুলাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে সহায়ক করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে ক্রীড়া কার্ড চালু করেছে। পাশাপাশি, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা দেশের ক্রীড়াঙ্গন আবারও প্রাণ ফিরে পাচ্ছে।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এজন্য সরকার ক্রীড়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠ, অবকাঠামো ও খেলোয়াড় উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব-২০২৬-এর আহ্বায়ক ও সিজেকেএস কাউন্সিলর আবুল হাসেম বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস অ্যাড হক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।

উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ ১-০ গোলে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি (সাদা) দলকে পরাজিত করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%