১১:৫৩ পি.এম
চাঁদপুরের হাইমচর উপজেলার সদর আলগী বাজারের একটি সোনার দোকান থেকে ৪৫ বছর বয়সী বিজয় ঘোষ নামে এক গহনার কারিগরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) সকাল বেলা ‘আলিফ গোল্ড মার্কেট’-এর ‘নিউ মাতৃ শিল্পালয়’ নামে দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিজয় ঘোষ মতলব উত্তর উপজেলার নায়েরগাঁও এলাকার জহর লাল চন্দ্র ঘোষের ছেলে ছিলেন। তিনি দেড় বছর ধরে ওই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং দোকানেই রাত্রিযাপন করতেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে মালিকপক্ষ বাড়ি চলে যান। শুক্রবার (১৭ জুলাই) সাপ্তাহিক ছুটি থাকায় দোকান বন্ধ ছিল এবং বিজয় ঘোষ ভেতরেই অবস্থান করছিলেন।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দোকানের যৌথ মালিক ও নিহতের শ্যালক বিকম চন্দ্র ঘোষ (মধু) দোকান খুলতে এসে শাটার খোলা থাকলেও ভেতরের কলাপসিবল গেটে তালা দেখতে পান। তিনি কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিকল্প চাবি দিয়ে ভেতরে প্রবেশ করেন। সেখানে তিনি সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় বিজয় ঘোষের মরদেহ দেখতে পান। এরপর তার চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।
বিকম চন্দ্র ঘোষ জানান, বিজয় ঘোষের সঙ্গে পরিবারের সদস্য বা দোকানের কারো কোনো বিরোধ ছিল না। তবে ঘটনার দুই দিন আগে রাতে মোবাইল ফোনে কারও সঙ্গে তার উচ্চস্বরে কথা কাটাকাটির বিষয়টি তিনি শুনেছেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে তারা কিছুই নিশ্চিত নন।
খবর পেয়ে হাইমচর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, খবর পাওয়ার পর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন