০৯:৪৩ পি.এম
সিরাতুন্নবী (সা.) উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয়েছে ‘নূরুস সীরাহ’ শীর্ষক ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী। এই প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), যেখানে জবির পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রতিযোগীদের শিল্পকর্ম স্থান পেয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে এ আয়োজনের সূচনা হয়। প্রদর্শনীর প্রথম দিনে বিভিন্ন প্রতিযোগীর ক্যালিগ্রাফি প্রদর্শিত হয়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
আয়োজন সম্পর্কে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম আরটিভিকে জানান, "ক্যালিগ্রাফির মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও নান্দনিকতাকে শৈল্পিকভাবে তুলে ধরার চেষ্টা করেছি।" তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তাঁদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি।
আরও পড়ুন: সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ: সিস্টার ডেইজির জীবনের গল্প
জকসুর কার্যনির্বাহী সদস্য ফাতেমা আওরীন বলেন, "এ আয়োজনে অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ এবং ইসলামের সৌন্দর্যকে শিল্পের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।"
প্রদর্শনী দেখতে এসে ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোস্তফা শরীয়তুল্লাহ মন্তব্য করেন, "ক্যালিগ্রাফিগুলো অত্যন্ত সুন্দর ও অর্থবহ। জকসুর এ ধরনের ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে এমন আয়োজন আরও হবে বলে আশা করছি।"
উল্লেখ্য, গত ২৫ আগস্ট জকসুর অফিসিয়াল ফেসবুক পেজে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এ ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীর ঘোষণা দেওয়া হয়েছিল। প্রতিযোগিতায় সেরা তিনজনের জন্য রয়েছে সম্মানী, আকর্ষণীয় পুরস্কার ও সীরাতগ্রন্থ। এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেককে দেওয়া হবে সম্মাননা সনদ।
আরও পড়ুন: শ্বশুর-শাশুড়ির সেবা পুত্রবধূর জন্য বাধ্যতামূলক নয়, জানুন ইসলামের বিধান
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন