০৯:৪৩ পি.এম
ঋণখেলাপির কারণে ইসলামী ব্যাংকের শেরপুর শাখার গ্রাহক ও ব্যবসায়ী আলহাজ মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় তাকে এক বছরের কারাদণ্ড এবং চেকে উল্লেখিত ৩ কোটি ৯ লক্ষ ৯৯ হাজার ১শ ২৩ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জামালপুরের যুগ্ম জেলা জজ আদালতের বিজ্ঞ জয়েন্ট ডিস্ট্রিক্ট এবং সেশন জজ ইকবাল মাহমুদ এ রায় প্রদান করেন। আদালত ইসলামী ব্যাংক শেরপুর শাখার খেলাপী গ্রাহক জয়নাল আবেদীনকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেছে।
পুলিশ, আদালত ও ব্যাংক সূত্রে জানা যায়, মেসার্স সাকী অটো রাইস মিল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শেরপুর শাখা থেকে ১০৩ কোটি টাকার বিনিয়োগ গ্রহণ করেন। তিনি ময়মনসিংহ জোনের সবচেয়ে বড় খেলাপী গ্রাহক হিসেবে পরিচিত।
আরও পড়ুন: বিশ্বজিৎ হত্যা মামলার আপিলের চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর
মঙ্গলবার বিকেলে ৭৩০/২৬ নম্বর দায়রা মামলায় জয়নাল আবেদীনের এক বছরের কারাদণ্ড এবং ৩ কোটি ৯ লক্ষ ৯৯ হাজার ১শ ২৩ টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।
গুঞ্জন রয়েছে যে, খেলাপী গ্রাহক জয়নাল আবেদীন দেশের ব্যবসা গুটিয়ে সপরিবারে বিদেশে পালানোর পরিকল্পনা করছেন।
তবে জয়নাল আবেদীন দাবি করেছেন, কারাদণ্ড ও অর্থদণ্ডের বিষয়টি সঠিক নয় এবং এই মামলায় এখনও সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শেরপুর শাখার শাখা ব্যবস্থাপক ও এভিপি মোহাম্মদ গোলাম মাসুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ব্যাংকের পাওনা আদায়ের জন্য আলহাজ মো. জয়নাল আবেদীনের সঙ্গে লিখিত, মৌখিক ও সশরীরে ব্যাংকের কর্মকর্তাবৃন্দ বারবার যোগাযোগ করেছেন, তবে তিনি ব্যাংকের টাকা পরিশোধের কোনো কার্যকর উদ্যোগ নেননি। ফলে ব্যাংক তার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা দায়ের করে।
আরও পড়ুন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা আইনমন্ত্রীর
তিনি আরও জানান, ব্যাংকের টাকা পরিশোধের জন্যই তিনি উক্ত পরিমাণের চেকটি প্রদান করেছিলেন। শাখা ব্যবস্থাপক হিসেবে ব্যাংকের পাওনা আদায়ে আইনি ও অন্যান্য যাবতীয় ব্যবস্থা গ্রহণে ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, গ্রেপ্তারি পরোয়ানা হাতে পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন