বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং
০৩:৫৪ পি.এম
নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এই বৈঠক শুরু হবে এবং শুক্রবার পর্যন্ত চলবে। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যের বিভিন্ন সমস্যা, পাটপণ্যের ওপর অ্যান্টিডাম্পিং শুল্ক এবং স্থলবন্দরের জটিলতা নিয়ে আলোচনা করা হবে বাংলাদেশ পক্ষ থেকে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকা ত্যাগ করেছে। প্রতিনিধিদলের একজন কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ তার ব্যবসাসংক্রান্ত প্রায় সকল দাবিই উত্থাপন করবে, তবে ভারতীয় পক্ষ কী বিষয়ে আলোচনা করবে তা এখনও নিশ্চিত নয়। উল্লেখ্য, এটি শুধুমাত্র আলোচনা সভা হওয়ায় এখানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যের বড় ফারাক বা বাণিজ্য ঘাটতির বিষয়টিও আলোচিত হবে। কারণ, ভারত থেকে আমরা যে পরিমাণ পণ্য কিনি, তার তুলনায় আমাদের রপ্তানি তুলনামূলকভাবে কম। তবে আলোচিত সিইপিএ চুক্তিটি এই বৈঠকের এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়নি।
উল্লেখযোগ্য যে, চীনের পর ভারত আমাদের দেশের দ্বিতীয় বৃহত্তম আমদানির উৎস। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, অপরদিকে ভারত থেকে ১ হাজার ৯৬ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। দেশের ব্যবসায়ীরা মূলত ভারত থেকেই কারখানার কাঁচামাল, কাপড় ও তুলা সংগ্রহ করে থাকেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকার মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ায় তার নিজ বাসভবনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৫ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার ভোরে গোয়ার বাসভবনে অচেতন অবস্থায় নানা পাটেকারকে পাওয়া যায়। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে চিকিৎসায় কোনো সাড়া না পাওয়ায় সকাল ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকার। ১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের মুরুদ-জঞ্জিরায় তার জন্ম। দীর্ঘ অভিনয়জীবনে তিনি হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসংখ্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র নির্মাতা ও লেখক হিসেবেও কাজ করেছেন।
‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অগ্নিসাক্ষী’, ‘অ্যাব তাক ছাপ্পান’, ‘ওয়েলকাম’ ও ‘নটসম্রাট’সহ বিভিন্ন সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। শক্তিশালী অভিনয়শৈলী ও সংলাপ উপস্থাপনের নিজস্ব ভঙ্গির কারণে তিনি ভারতীয় চলচ্চিত্রে বিশেষ পরিচিতি লাভ করেছেন।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে নানা পাটেকার একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন। ২০২৬ সালেও ‘ও’ রোমিও’ ও ‘সুবেদার’-এর মতো সিনেমায় তাকে দেখা গেছে।
বর্ষীয়ান এই অভিনেতার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বলিউড ও মারাঠি চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।
নানা পাটেকারের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রের এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটলো।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মৌসুমি বায়ু দুর্বল হয়ে যাওয়ার পরও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর কম সক্রিয় হয়ে পড়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্যান্য অঞ্চল থেকেও এটি বিদায় নিতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৩ মাস বয়সী এক শিশুকে দুই লাখ টাকায় বিক্রি করে পাচারের অভিযোগ উঠেছে তার বাবা ও স্বজনদের বিরুদ্ধে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাতে ঢাকার দোহার উপজেলার চর মাহমুদপুর ইউনিয়নের হরিচণ্ডী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে শিশুটির দাদা, দাদিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে পাচারের উদ্দেশ্যে বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ উঠে। পরবর্তীতে এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজহাটি (সুতি ভরট) এলাকার বাসিন্দা শিশুটির দাদা উজ্জল মিয়া (৫০), তার স্ত্রী আয়শা খাতুন (৪৫), শিশুটির ফুফু শরিফা খাতুন (৩৫) এবং ঢাকার দোহার উপজেলার হরিচণ্ডী এলাকার আবেদ মোল্লা (৩৫) ও তার স্ত্রী শিখা (৩৫)।
সকালে শিশুটির মা বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, শিশুটির মা রোজিনা বেগমের (২১) সঙ্গে প্রায় দুই বছর আগে মো. নাঈম মিয়ার (২৫) বিয়ে হয়। তাদের ছেলে মোজাহিদের বয়স এখন ১৩ মাস। পারিবারিক কলহের কারণে প্রায় পাঁচ মাস আগে রোজিনাকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। শিশুটিকে বাবার বাড়িতে রেখে দেওয়া হয়। রোজিনা পরে গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন। এর মধ্যে স্থানীয় লোকজনের মাধ্যমে তিনি জানতে পারেন, গত ২৮ সেপ্টেম্বর রাত একটার দিকে তার স্বামী ও স্বজনরা শিশুটিকে অজ্ঞাত কয়েকজনের কাছে দুই লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন। পরে ২৯ সেপ্টেম্বর রাতে রোজিনা শ্বশুরবাড়িতে গিয়ে শিশুর বিষয়ে জানতে চান। এ সময় তাকে গালাগাল করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
পুলিশ জানায়, সোমবার (৫ অক্টোবর) শিশুটির মা ঈশ্বরগঞ্জ থানায় একটি জিডি করেন। জিডির পর পুলিশ তদন্তে শিশুটির অবস্থান ঢাকার দোহার উপজেলার চর মাহমুদপুর ইউনিয়নের হরিচণ্ডী এলাকায় শনাক্ত করে। পরে সেখানে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, যে দম্পতির কাছ থেকে শিশুটি উদ্ধার হয়েছে তাদের কোনো সন্তান নেই। শিশুটিকে লালন পালনের জন্য তারা নিয়েছিল। তবে প্রক্রিয়াটি সঠিক ছিল না।
তিনি আরও জানান, শিশুটি নিরাপদে আমাদের কাছে রাখা হয়েছে। আদালতের মাধ্যমে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজশাহীর কিছু এলাকায় বিদ্যুৎ ৬ ঘণ্টা ধরে পর্যায়ক্রমে বন্ধ থাকবে। বুধবার (৭ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য বৃহস্পতিবার নেসকো রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ৩ ঘণ্টা ১১ কেভি সূর্যপুর ফিডারের আওতাধীন পূর্ব বাঘহাটা, পিল্লাপাড়া, মথুরা ও সাহাপাড়া এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
একই দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট সাড়ে ৩ ঘণ্টা মথুরা, সাহাপাড়া, সূর্যপুর, বড়গাছি ও ইটাঘাটি ইত্যাদি এলাকায় বিদ্যুৎ সরবরাহ থাকবে না।
যদি নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হয়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ