ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সাড়ে ৬ লাখ টাকায় মালয়েশিয়ার স্বপ্ন, বিমানবন্দরে গিয়ে বৃদ্ধ জানলেন ভিসা ও বিমানের টিকিট ভুয়া


সাড়ে ৬ লাখ টাকায় মালয়েশিয়ার স্বপ্ন, বিমানবন্দরে গিয়ে বৃদ্ধ জানলেন ভিসা ও বিমানের টিকিট ভুয়া

মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর নামে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নোয়াগাঁও ইউনিয়নের গৌরবর্দী গ্রামের ৫০ বছর বয়সী ইকবাল হোসেনের কাছ থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা ভুয়া ভিসা ও বিমানের টিকিট প্রদান করেছেন।

এদিকে, বিমানবন্দরে গিয়ে জাল কাগজপত্র নিয়ে প্রতারণার বিষয়টি ধরা পড়ার পর টাকা ফেরত চাওয়ার কারণে ভুক্তভোগী পরিবারকে খুন-জখমের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে থানায়।

গত ৮ অক্টোবর, সোনারগাঁ থানায় ভুক্তভোগীর ছেলে রিফাত হোসেন (২৭) বাদী হয়ে ৪ জন নামীয় ও আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন: নিউইয়র্কে বিনা খরচে ট্যাক্স ফাইল, বাংলায় সহায়তা পাবেন যেভাবে

অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রতিবেশী ১নং বিবাদী মো. কবির হোসেন (৪৫) এবং তার সহযোগী সুমি আক্তার (৩৭), জুলেখা আক্তার (৭১) ও মো. জাহাঙ্গীর (৪০) মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে ২০২৩ সালের ২১ মার্চ থেকে ২০২৪ সালের ১৯ মে তারিখ পর্যন্ত বিভিন্ন ধাপে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। পরে কবির হোসেন ভুক্তভোগীকে ভিসা, বিমানের টিকিট ও অন্যান্য কাগজপত্র প্রদান করেন। কিন্তু বিমানবন্দরে গিয়ে দায়িত্বে থাকা কর্মকর্তারা কাগজপত্র যাচাই করে সেগুলো জাল বা ভুয়া বলে শনাক্ত করেন এবং ইকবাল হোসেনকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়ে দেন।

অভিযোগে বলা হয়েছে, ভুয়া ভিসার বিষয়টি প্রকাশ পাওয়ার পর টাকা ফেরত চাইলে প্রতারক চক্রটি নানা টালবাহানা শুরু করে এবং ভুক্তভোগী পরিবারকে হুমকি-ধমকি দেয়। স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে সালিশ বৈঠক অনুষ্ঠিত হলে বিবাদী কবির হোসেন টাকা দিতে অক্ষম হলে জমি লিখে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং পাসপোর্ট ও জাল টিকিট নিয়ে বাড়িতে যেতে বলেন। কিন্তু গত ১ ফেব্রুয়ারি বাদীর বাড়িতে গেলে বিবাদী কবির হোসেন তাদের তাড়িয়ে দেন এবং হুমকি দেন। সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অন্য বিবাদীদের কাছে বিচার চাইলে তারা টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং ভয়ভীতি প্রদর্শন করেন। বর্তমানে প্রধান বিবাদী মো. কবির হোসেন আত্মগোপনে রয়েছেন।

আইনি ব্যবস্থা গ্রহণ ও আত্মসাৎকৃত টাকা উদ্ধারের লক্ষ্যে থানায় অভিযোগ দাখিল করতে কিছুটা দেরি হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্তরা একটি সুসংগঠিত প্রতারক চক্রের সদস্য এবং এলাকায় আরও একাধিক ব্যক্তির সঙ্গে একই ধরনের প্রতারণা করেছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার চিঠি পাওয়ার পর করণীয় নির্দেশনা

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আক্রান্ত ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


ডেঙ্গুতে আক্রান্ত ‘যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সারাদেশে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, এবং মৃত্যুর সংখ্যা দীর্ঘ হচ্ছে। এবার জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকলি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার, চার দিন জ্বরে ভোগার পর তার ডেঙ্গু শনাক্ত করা হয়।

গায়িকার মেয়ে অমৃতাঞ্জলি শ্রেষ্ঠশ্বরী জানিয়েছেন, বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, "মা বাসাতেই আছেন। চারদিন ধরে জ্বর থাকার পর বৃহস্পতিবার তার ডেঙ্গু ধরা পড়েছে। শনিবার আরেকটি টেস্ট করা হবে। এতে যদি দেখা যায় প্লাটিলেট অনেক কমে গেছে, তখন হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হবে।"

২০০৭ সালে ‘সূর্যে বাঁধি বাসা’ অ্যালবামের মাধ্যমে কৃষ্ণকলি সংগীতজগতে আত্মপ্রকাশ করেন। তবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমার ‘যাও পাখি বলো তারে’ গানটি তাকে শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে। গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

এজন্য তিনি চন্দনা মজুমদারের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন। কৃষ্ণকলির দীর্ঘ সংগীতজীবনে একাধিক অ্যালবাম ও মৌলিক গান রয়েছে। ‘সূর্যে বাঁধি বাসা’ ছাড়াও তার ‘আলোর পিঠে আঁধার’ ও ‘বুনোফুল’ অ্যালবাম রয়েছে।

তিনি নিয়মিত নতুন গান প্রকাশ করছেন, যেগুলো শোনা যাচ্ছে তার ইউটিউব চ্যানেলে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে ‘বিশ্ব ডিম দিবস’ উপলক্ষে ৩৫০০ ডিম বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


বাকৃবিতে ‘বিশ্ব ডিম দিবস’ উপলক্ষে ৩৫০০ ডিম বিতরণ

‘বিশ্ব ডিম দিবস-২০২৬’ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ক্যাম্পাসের সাতটি স্কুলের শিক্ষার্থী, পথচারী ও শ্রমজীবী মানুষের মধ্যে বিনামূল্যে সাড়ে তিন হাজার ডিম বিতরণ করা হয়।

শনিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সামনে থেকে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।

এরপর সকাল ১০টায় অনুষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চত্বর, প্রশাসনিক ভবন এবং গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষদে এসে শেষ হয়। এরপর সেখানে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়। পাশাপাশি পথচারী, যানবাহন চালক ও স্কুল, মাদ্রাসার শিশুদের মাঝেও ডিম বিতরণ করা হয়।

ডিম বিতরণ কর্মসূচির পর অনুষদের মেডিসিন গ্যালারিতে 'প্রোটিন দ্যাট পাওয়ারস অ্যান্ড প্রোটেক্টস' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ডিমের গুরুত্ব ও উৎপাদন বৃদ্ধির ওপর আলোকপাত করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক, ডিম দিবস উদযাপন কমিটির আহবায়ক এবং সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল আলম।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডিম দিবস উদযাপন কমিটির সদস্য সচিব এবং মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মারজিয়া রহমান। এ সময় ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।

মূল বক্তব্য উপস্থাপন করেন ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, "ডিমকে বলা হয় সুপারফুড। এটি একটি পূর্ণাঙ্গ খাবার, যা ৭২ ক্যালরি শক্তি ও ৬ দশমিক ৩ গ্রাম প্রোটিন আছে। এছাড়া ওমেগা-৩ ফ্যাটি এসিড, ভিটামিন, সেলেনিয়াম আছে। ডিমে রয়েছে সর্বোচ্চ বায়োলজিক্যার স্কোর (৯৪) এবং প্রয়োজনীয় নয়টি অ্যামাইনো এসিডের সব ডিমে আছে। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ১ থেকে ২ টি ডিম খাওয়া প্রয়োজন। বয়স্কদের সপ্তাহে ৪ থেকে ৫ টি ডিম খাওয়া প্রয়োজন।"

তিনি আরও বলেন, "মস্তিষ্ক ও মাংসপেশির বিকাশ, দৈহিক শক্তি ও এনজামের কার্যকারীতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে ডিম অপরিহার্য। ডিমে ভিটামিন ডি ও ভিটামিন কে থাকায় হাড় ও দাঁতের সুস্বাস্থ্যের জন্য উপযোগী। ডিমে উপস্থিত কোরিন ২৪ শতাংশ স্তন ক্যান্সারের ঝুঁকি কমায়। সপ্তাহে চারটি ডিম খেলে ৩৮ শতাংশ ডায়াবেটিসের ঝুঁকি কমে। এছাড়া হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় ডিম।"

গত দশ বছরে দেশে ডিমের উৎপাদন ২ দশমিক ৩ গুণ বেড়েছে। ডিম উৎপাদনে বাংলাদেশের অবস্থান নবম।

এ সময় অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, "বর্তমানে বাংলাদেশে প্রতি বছর ২৫ দশমিক ৯ বিলিয়ন ডিম উৎপাদন হয়। তবে আমাদের বার্ষিক চাহিদা ১৮ দশমিক ৫৫ বিলিয়ন। সুতরাং আমরা ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ন এবং উদ্বৃত্ত ডিম রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে।"

তবে ডিম উৎপাদনের ক্ষেত্রে মুরগি ফিডের উচ্চমূল্য ও নানাবিধ রোগের মতো প্রতিবন্ধকতা রয়েছে। বর্তমানে ভ্যাকসিন খরচ, খামার ব্যবস্থাপনা ও ফিডের খরচ মিলে একটি ডিম উৎপাদন করতে ১০ থেকে ১১ টাকা খরচ হয়। এমতাবস্থায় কৃষির মতো পোল্ট্রি খাতে সরকারি ভর্তুকির দাবি জানাচ্ছি। এর ফলে একই সাথে খামারির স্বার্থ রক্ষা হবে এবং গ্রাহকের কাছে স্বল্পমূল্যে ডিম পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, "বর্তমানে বাংলাদেশে প্রাণী চিকিৎসার জন্য প্রতি উপজেলায় একজন ভেটেরিনারিয়ান আছেন। তবে একজনের জন্য ৫০ থেকে ৬০ হাজার পশুর চিকিৎসা প্রদান করা কষ্টসাধ্য। এজন্য প্রতি উপজেলায় অন্তত ৫ থেকে ৬ জন ভেটেরিনারিয়ানের পোস্ট দেয়ার দাবি জানাচ্ছি।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা

ইসরায়েলের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান ইয়ার গোলান মন্তব্য করেছেন যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করার সিদ্ধান্তটি ছিল একটি ভুল সিদ্ধান্ত।

তিনি শুক্রবার (৯ অক্টোবর) রিশন লেজিয়ন শহরে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এই কথা বলেন।

ইয়ার গোলান উল্লেখ করেন যে, ৮৬ বছর বয়সী খামেনিকে হত্যা করা ইসরায়েলের স্বার্থের জন্য উপকারী ছিল না। তিনি দাবি করেন যে, খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি নেতৃত্ব গ্রহণ করার ফলে ইরানের নেতৃত্ব আরও উগ্র এবং সহিংস ব্যক্তিদের হাতে চলে গেছে।

এছাড়াও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর তিনি তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, নেতানিয়াহু ইরান সরকারকে উৎখাত করার জন্য একটি অবাস্তব লক্ষ্য তাড়া করছেন, যা বাস্তবে কখনো অর্জিত হয়নি।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করে, যার প্রতিক্রিয়ায় তেহরান মিসাইল ও ড্রোন হামলা চালায় এবং কৌশলগত হরমুজ প্রণালি অবরুদ্ধ করে। তবে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে বই পড়ে ল্যাপটপ পেল ৮ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


শ্রীমঙ্গলে বই পড়ে ল্যাপটপ পেল ৮ শিক্ষার্থী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বই পড়ে মেধা যাচাইয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আট শিক্ষার্থী ল্যাপটপ জিতেছে। পাশাপাশি, চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী ৭৪০ শিক্ষার্থীকে বই ও সনদ প্রদান করা হয়েছে।

ল্যাপটপ অর্জনকারী শিক্ষার্থীরা হলো ফাতেমা জাহান, রাজশ্রী হালদার, অদ্রিজা পাল, আসাদুজ্জামান শিহাব, উম্মে কুলসুম মীম, তাসনুভা সুহা, উম্মে নাফিসা মাইমুনাহ এবং ফাতেমা সুলতানা। প্রতিটি ক্যাটাগরিতে আরো ৯ জন শিক্ষার্থী সনদ, ক্রেস্ট ও বই পেয়েছে।

শনিবার (১০ অক্টোবর) ‘শ্রীমঙ্গল বইপড়া উৎসব ২০২৬’-এর ফলাফল প্রকাশ ও সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ল্যাপটপসহ বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।

এরপর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘বই পড়ি, মন গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, যিনি স্বাগত বক্তব্যও দেন; অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উৎসবের প্রধান সমন্বয়ক দেবাশীষ দাশ।

ইউএনও জিয়াউর রহমান বলেন, "শিক্ষার্থীদের মেধা ও মনন সমৃদ্ধ করার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।" তিনি জানান, শ্রীমঙ্গলের ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ হাজারের বেশি শিক্ষার্থী এবং উন্মুক্ত ক্যাটাগরির বইপ্রেমীরা এতে অংশগ্রহণ করেছে। উৎসবে তিনটি পর্বে প্রায় ৩৮টি বই পড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, "বই পড়ার অভ্যাস শিক্ষার্থীদের অজানাকে জানার আগ্রহ বাড়ায়, চিন্তাশক্তি বিকশিত করে এবং দেশ গঠনে ভূমিকা রাখতে সহায়তা করে।" উৎসবের মাধ্যমে বিদ্যালয়গুলোর গ্রন্থাগার চর্চাও নতুন করে সচল হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগে শ্রীমঙ্গলে পাঠকসমৃদ্ধ পরিবেশ গড়ে উঠবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%