বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:৪৭ পি.এম
নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য ‘স্কুল এইড’ পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। কিছু পদে আবেদন করার জন্য উচ্চমাধ্যমিকের সনদ বা জিইডি প্রয়োজন নেই।
ব্রঙ্কস, ব্রুকলিন, কুইন্স ও স্ট্যাটেন আইল্যান্ডের বিভিন্ন স্কুলে একাধিক স্কুল এইড পদের বিজ্ঞপ্তি রয়েছে নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের চাকরির তালিকায়। ১৭ সেপ্টেম্বর প্রকাশিত তালিকায় এসব পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেখা গেছে।
সম্প্রতি সিএসবি নিউজের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়। তবে নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যাচাই করে দেখা গেছে, অন্তত কয়েকটি স্কুল এইড পদের জন্য আবেদনকারীর উচ্চমাধ্যমিকের সনদ বা জিইডি না থাকলেও আবেদন করার সুযোগ রয়েছে।
ইস্ট ব্রঙ্কস একাডেমি ফর দ্য ফিউচারের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, এই পদের জন্য উচ্চমাধ্যমিকের সনদ বা জিইডি প্রয়োজন নেই।
কী কাজ করতে হবে
স্কুল এইডদের মূল দায়িত্ব হলো শিক্ষার্থীদের দৈনন্দিন স্কুল কার্যক্রমে সহায়তা করা। হলওয়ে, পড়ার কক্ষ, খাবারের কক্ষসহ স্কুলের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের তদারকি করতে হতে পারে।
এছাড়া শিক্ষার্থীদের স্কুলে আসা ও ছুটির সময় সহায়তা, স্কুলবাসে আসা শিক্ষার্থীদের দেখভাল এবং খাবার পরিবেশনে সহযোগিতা করতে হয়। পাঠ্যবই ও শিক্ষা উপকরণ বিতরণ, মজুতের হিসাব রাখা এবং কিছু সাধারণ দাপ্তরিক কাজও দায়িত্বের মধ্যে থাকতে পারে।
যেসব যোগ্যতা প্রয়োজন
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীর নিয়মিত উপস্থিতি ও সময়ানুবর্তিতার ভালো রেকর্ড থাকতে হবে। দীর্ঘ সময় হাঁটা বা দাঁড়িয়ে কাজ করার সক্ষমতা থাকতে হবে। প্রয়োজনে সর্বোচ্চ ১০ পাউন্ড বা প্রায় সাড়ে ৪ কেজি ওজনের জিনিস তুলতে হতে পারে।
শিক্ষার্থীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে তা বিবেচনায় নেওয়া হতে পারে। আবার শিক্ষার্থীদের ভাষাগত প্রয়োজন অনুযায়ী কিছু স্কুলে দুই ভাষায় দক্ষ প্রার্থীদেরও বিবেচনা করা হতে পারে।
কাজের সময় ও বেতন
কাজের সময় স্কুলভেদে আলাদা হতে পারে। ইস্ট ব্রঙ্কস একাডেমির বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার থেকে শুক্রবার কাজ করতে হবে এবং প্রতিদিন ন্যূনতম চার ঘণ্টা কাজের সুযোগ রয়েছে।
বেতন নির্ধারিত হবে সংশ্লিষ্ট যৌথ দরকষাকষি চুক্তি অনুযায়ী। তবে এসব পদ চূড়ান্ত বাজেট অনুমোদনের ওপর নির্ভরশীল।
নিয়োগ প্রক্রিয়ায় আঙুলের ছাপ নেওয়া এবং প্রার্থীর অতীত তথ্য যাচাই করা হবে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদ পূরণ না হওয়া পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অর্থাৎ নির্দিষ্ট শেষ তারিখ না থাকলেও পদ পূরণ হয়ে গেলে আবেদন বন্ধ হয়ে যেতে পারে।
আবেদন করার আগে যা দেখবেন
নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের বর্তমান চাকরির তালিকায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাধিক স্কুল এইড পদ রয়েছে। ব্রঙ্কস ও কুইন্সের বিভিন্ন স্কুলসহ একাধিক প্রতিষ্ঠানে এসব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্কুল এইডকে আলাদা চাকরির শ্রেণি হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের জন্য এ ধরনের চাকরিতে আবেদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংশ্লিষ্ট স্কুলের যোগ্যতা ও আবেদন পদ্ধতি ভালোভাবে যাচাই করা। উচ্চমাধ্যমিকের সনদ বা জিইডি না থাকলেও কিছু স্কুল এইড পদে আবেদন করা গেলেও সব স্কুলের শর্ত এক নয়।
তাহলে জীবনবৃত্তান্ত পাঠানোর আগে সংশ্লিষ্ট স্কুলের সর্বশেষ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে যোগ্যতা, কর্মঘণ্টা, আবেদন পদ্ধতি এবং পদটি এখনও খালি আছে কি না নিশ্চিত হওয়ার পর আবেদন করা উচিত।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নৌপরিবহন মন্ত্রণালয় সম্প্রতি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, প্রতিষ্ঠানটি তিনটি ভিন্ন পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেবে। অর্থ মন্ত্রণালয় সম্প্রতি ৯ম বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে।
এই প্রজ্ঞাপনের আলোকে বেতন স্কেল উল্লেখ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫
বেতন স্কেল: (গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০/-
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। প্রার্থীদের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
অন্যান্য দক্ষতা: সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দের সর্বনিম্ন গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতি প্রয়োজন। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকা আবশ্যক।
২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১২
বেতন স্কেল: (গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০/-
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
অন্যান্য দক্ষতা: কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এবং ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
৩. অফিস সহায়ক
পদসংখ্যা: ১৮
বেতন স্কেল: (গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০/-
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
শর্তাবলি
যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে। প্রার্থীদের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা নৌপরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং নির্ধারিত পোর্টালে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারেন।
সময়সীমা
আবেদন শুরু: ২৮ সেপ্টেম্বর ২০২৬ (সকাল ১০টা)
আবেদনের শেষ সময়: ২৭ অক্টোবর ২০২৬ (বিকেল ৪টা)
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পাঁচ লাখের বেশি মানুষের স্বাস্থ্যসেবায় ব্লাড ব্যাংক না থাকার কারণে চরম ভোগান্তি ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। উপজেলায় সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো স্থায়ী ব্লাড ব্যাংক বা আধুনিক রক্ত সংরক্ষণাগার না থাকার ফলে জরুরি মুহূর্তে রোগীদের স্বজনদের দিশেহারা হয়ে ছুটতে হয়। অনেক সময় সময়মতো রক্ত না পেয়ে সংকটাপন্ন রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত ও মুমূর্ষু রোগী, প্রসূতি মা এবং থ্যালাসেমিয়ায় আক্রান্তদের জন্য নিয়মিত রক্তের প্রয়োজন হলেও মঠবাড়িয়ায় সরকারিভাবে আধুনিক কোনো রক্ত সংরক্ষণ ব্যবস্থা গড়ে ওঠেনি। জরুরি সময়ে রক্তের প্রয়োজন মেটাতে রোগীদের মূলত বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, ফেসবুকভিত্তিক ব্লাড ডোনার গ্রুপ এবং ব্যক্তিগত দাতা বা ব্লাড ডোনারদের ওপর নির্ভর করতে হয়। যদিও স্বেচ্ছাসেবী যুবকরা জীবন বাঁচাতে এগিয়ে এলেও, চাহিদার তুলনায় এই ব্যক্তিগত বা স্বেচ্ছাসেবী নির্ভরতা অনেক সময় পর্যাপ্ত হয় না।
ব্লাড ডোনার সজীব মিত্রের অভিযোগ, উপজেলায় সময়মতো রক্তের ডোনার পাওয়া যায় না। তিনি উল্লেখ করেন, এখানে দ্রুত একটি আধুনিক ও স্থায়ী ব্লাড ব্যাংক স্থাপন করা সময়ের দাবি।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সৌমিত্র সিনহা রায় জানান, সরকারিভাবে মঠবাড়িয়ায় কোনো ব্লাড ব্যাংক নেই। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন হলে রোগী ও স্বজনদের সমস্যায় পড়তে হয়। তিনি বলেন, এ কারণে উপজেলায় দ্রুত সরকারি বা বেসরকারিভাবে একটি ব্লাড ব্যাংক স্থাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আইসক্রিমের সঙ্গে পেরেক ও ধাতব টুকরো গিলে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক নারীর জন্য ১ কোটি ৪১ লাখ ৪৭ হাজার ৫২৫ দশমিক ৩৯ ডলার বা ১৪ মিলিয়ন ডলারের বেশি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন জুরি। বাংলাদেশি মুদ্রায় যা ১৪১ কোটি টাকার বেশি।
ব্র্যান্ডি বাকলি নামের ওই নারী ২০১৮ সালে পাম বে শহরের একটি ব্রাস্টার্স আইসক্রিমের দোকান থেকে বাটার পেকান আইসক্রিম কিনেছিলেন। আইসক্রিম খাওয়ার পর তার গলায় কিছু আটকে যাওয়ার মতো অনুভূতি হয়। চিকিৎসকেরা পরে তার শরীর থেকে একটি পেরেক ও একাধিক ধাতব টুকরো বের করেন।
ঘটনাটি নিয়ে ২০১৯ সালে মালাবার ক্রিমারিজের বিরুদ্ধে মামলা করেন বাকলি। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা বিচার শেষে ২০২৬ সালের মার্চে ব্রেভার্ড কাউন্টির ছয় সদস্যের জুরি স্থানীয় ফ্র্যাঞ্চাইজি ও জাতীয় ফ্র্যাঞ্চাইজার—দুই পক্ষকেই দায়ী করেন।
ঘটনার দিন ছেলেকে সঙ্গে নিয়ে আইসক্রিমের দোকানে গিয়েছিলেন বাকলি। বাটার পেকান আইসক্রিম খাওয়ার পর তার গলায় কিছু আটকে যাওয়ার মতো অনুভূতি হয়। প্রথমে তিনি ভেবেছিলেন, এটি হয়তো বাদামের টুকরো।
পরে আরও আইসক্রিম নেওয়ার সময় তিনি আইসক্রিমের মধ্যে একটি ধাতব পেরেক দেখতে পান। হাসপাতালে গেলে এক্স-রে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি ধাতব একটি বস্তু গিলে ফেলেছেন।
বাকলির আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, অস্ত্রোপচারের সময় তার শরীর থেকে একটি পেরেক ও একাধিক ধাতব টুকরো বের করা হয়। এরপরও তার চিকিৎসা চলতে থাকে।
মামলার তথ্য অনুযায়ী, বাকলি পরে পোর্টাল শিরায় রক্ত জমাট বাঁধার জটিলতায় আক্রান্ত হন। এর ফলে তার শরীরে উল্লেখযোগ্য অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। পরবর্তীতে তাকে আরও একটি চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়।
আইনজীবীদের দাবি, এসব চিকিৎসাজনিত জটিলতার কারণে তিনি স্থায়ীভাবে সন্তান ধারণের সক্ষমতা হারান।
আইনজীবীরা অভিযোগ করেন, ব্রাস্টার্স আইসক্রিমের পণ্যে পেরেক ও অন্যান্য ধাতব টুকরো থাকার কারণে বাকলি গুরুতর আহত হন।
মামলার জবাবে মালাবার ক্রিমারিজ একাধিক অভিযোগ অস্বীকার করে। প্রতিষ্ঠানটির দাবি ছিল, ঘটনার জন্য বাকলির নিজের অবহেলাও দায়ী বা আংশিকভাবে দায়ী হতে পারে। তারা আরও দাবি করে, বিক্রি করা আইসক্রিম ত্রুটিপূর্ণ ছিল না।
তবে দুই সপ্তাহের বেশি সময় ধরে বিচার চলার পর জুরি স্থানীয় ফ্র্যাঞ্চাইজি ও জাতীয় ফ্র্যাঞ্চাইজার—উভয় পক্ষকেই দায়ী করেন। এরপর বাকলির জন্য মোট ১ কোটি ৪১ লাখ ৪৭ হাজার ৫২৫ দশমিক ৩৯ ডলার ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়।
মামলার আইনজীবী প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, চিকিৎসা ব্যয়, শারীরিক ক্ষতি ও ভোগান্তিসহ বিভিন্ন ক্ষতির জন্য এই অর্থ নির্ধারণ করা হয়েছে।
জুরির রায়ের পরও মামলার আইনি প্রক্রিয়া শেষ হয়নি। বাকলির আইনজীবী জানিয়েছেন, প্রতিষ্ঠানটি এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে।
স্থানীয় সংবাদমাধ্যম ওয়েশ জানিয়েছে, মামলায় অভিযুক্ত পক্ষের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ফলে জুরির নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ বাকলি কবে হাতে পাবেন, তা পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।
সূত্র: ওয়েশ, কেসিসিআই, ফক্স ৩৫ অরল্যান্ডো, ব্রেভার্ড কাউন্টি আদালতের নথি, আলপিজার ল
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন।
শপথগ্রহণের অনুষ্ঠানটি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের বিচারপতিদের লাউঞ্জে অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।
এর আগে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ সেপ্টেম্বর দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
দেবাশীষ রায় চৌধুরী ২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেছিলেন।
তিনি জ্যেষ্ঠ আইনজীবী ও সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর পুত্র। ব্রিটেন থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পর ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
এরপর ২০০৭ সালে তিনি হাইকোর্ট বিভাগ এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ