০৯:০১ পি.এম
ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নতির জন্য দিনে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন। এই তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরও বলেন, কীভাবে পরিবর্তন আনলে দেশ এগিয়ে যাবে, সে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী সবসময় চিন্তা করেন। ইতোমধ্যে তিনি নিজের কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আজ বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ডিসকোর্স ন্যাশনালস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
স্থানীয় সরকার মন্ত্রী উল্লেখ করেছেন, দেশের সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। আমরা রাতারাতে সব সমস্যার সমাধান হবে এমন কল্পনা করতে পারি না। দেশের তরুণেরা তাদের মেধা, সামর্থ্য ও দেশপ্রেম দিয়ে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা প্রদর্শন করেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেসকল পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়িত হলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।
মির্জা ফখরুল বলেন, ছাত্র-তরুণদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে সাজানোর সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে শক্তিশালী নেতৃত্ব এবং সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। প্রতিবন্ধকতার পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার সুযোগও রয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, দেশে শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন রয়েছে। আমরা বারবার হোঁচট খেয়েছি। বর্তমান প্রধানমন্ত্রী নির্বাসিত জীবন থেকে ফিরে এসে প্রথমেই একটি পরিকল্পনার কথা বলেছিলেন। দেশের উন্নয়নে পরিকল্পনা অপরিহার্য। এবং সে পরিকল্পনা বাস্তবায়নে তিনি ইতোমধ্যে কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রীর আশ্বাসে চ্যালেঞ্জ মোকাবেলায় আশাবাদী বলেও জানান মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব আরো বলেন, এই দেশে তরুণরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তাই আমি এই দেশ নিয়ে স্বপ্ন দেখি। আর সেই ভরসা আমাকে তরুণদের জন্য। তাদের মনে রয়েছে বাংলাদেশ; সেটাই আমাদের শক্তি। আমরা সব বাধা অতিক্রম করে দাঁড়িয়ে থাকতে পারব।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তরুণদের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ তোমাদের হাতে। জলবায়ু পরিবর্তন এবং অর্থনৈতিক সংকটসহ নানাবিধ চ্যালেঞ্জ থাকলেও তরুণদের শক্তি ও অদম্য আকাক্সক্ষা আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আশা জাগায়।
মির্জা ফখরুল বলেছেন, বাংলাদেশ বহুবার প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছে, কিন্তু প্রতিবারই দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। এবারের ক্ষেত্রেও দেশ ঘুরে দাঁড়িয়ে সব বাধা অতিক্রম করবে, সে বিষয়ে তিনি বিশ্বাসী।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আশরাফুল হক, বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক গোলাম রহমান, অর্থনীতিবিদ জ্যোতি রহমান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নাজমুজ্জামান ভূঁইয়া এবং বাংলাদেশ ডায়ালগের চেয়ারম্যান রুবাইয়াত মান্নান।
আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন