বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৪৫ পি.এম
মালয়েশিয়ার ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের নিকটবর্তী অঞ্চলে একটি ভূমিধসের কারণে মাটির নিচে চাপা পড়ে একজন বাংলাদেশি নির্মাণশ্রমিকের মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ২টা ৩০ মিনিটের সময় এই মর্মান্তিক দুর্ঘটনায় ৪১ বছর বয়সী ওই বাংলাদেশী শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারান।
সেন্টুল জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার আনোয়ার বাকরি আব্দুল সালাম জানিয়েছেন, সেন্টুল জেলা পুলিশ সদর দফতরে খবর পাওয়ার পর দ্রুত হেল্পলাইনের মাধ্যমে উদ্ধার অভিযান শুরু করা হয়। জিনজ্যাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের সহযোগিতায় উদ্ধারকারী দল মাটির স্তূপের নিচে চাপা পড়া অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মধ্যরাতে পুলিশের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, আরও চারজন বাংলাদেশি শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন, তবে চিকিৎসা নেয়ার পর বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। বাকি তিনজন শ্রমিক অক্ষত রয়েছেন।
নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং নিয়ন্ত্রণে নেয়ার পর সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
কমিশনার আনোয়ার আরও জানান, ভূমিধসের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পাশাপাশি, জনসাধারণকে ঘটনাস্থলের আশপাশে না যাওয়ার এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুর মহানগরীর পূবাইলে ঘটে যাওয়া একটি দুর্ঘটনায় মোটরসাইকেল ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে নিহত হয়েছেন মো. জাকির হোসেন (৩৫)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-টঙ্গী আঞ্চলিক মহাসড়কের পুবাইল থানার করমতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
জাকির হোসেন ছিলেন তালটিয়া এলাকার আহমেদ হোসেনের পুত্র। তিনি একটি বেসরকারি নেটওয়ার্কিং কোম্পানিতে কাজ করতেন।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে জাকির হোসেন মোটরসাইকেল চালিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিলেন। করমতলা বাজারসংলগ্ন এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা অটোরিকশার চালক সুবল (৩০) সহ অটোরিকশাটি আটক করেন।
পুবাইল থানার এসআই মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। ইতোমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এসব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে।
শাহজালালের ল্যান্ডসাইডে নজরদারি বৃদ্ধি করতে সিসিটিভি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এ ছাড়া ফ্লাইওভারে রাতভর পুলিশের অবস্থান, টহল এবং যানবাহন তল্লাশি বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব কার ওপর, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা দেখভাল করে এভিয়েশন সিকিউরিটি ফোর্স, বাইরের এলাকা দেখেন পুলিশ, এবং প্রবেশপথে থাকে এপিবিএন। তিনটি সংস্থার মধ্যে সমন্বয়হীনতা নিরাপত্তা শঙ্কা সৃষ্টি করেছে।
সূত্রের তথ্য অনুযায়ী, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় এয়ারসাইড ও টার্মিনাল ভবনের পাশাপাশি ল্যান্ডসাইডকেও প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে বেবিচক, পুলিশ এবং এপিবিএনের মধ্যে সমন্বয় বাড়ানোর কাজ চলছে। নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থাকে তাদের নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে শাহজালাল বিমানবন্দর গেটে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এর আগে রাত সোয়া ১০টায় বিমানবন্দরের পাশের জসিমউদ্দিন রোডে ককটেল ফাটানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, বিমানবন্দরের বিআরটি উড়াল সেতু থেকে গোলচত্বরের বিমানবন্দরের বাইরের গেটে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এই ঘটনায় চার পথচারী আহত হন।
এর আগে, গত ১০ নভেম্বর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে দুটি গ্রেনেড পড়ে থাকতে দেখা যায়। পরে বিমানবন্দর থানার পুলিশ ফাঁড়ির বোমা নিষ্ক্রিয়কারী দল এসে গ্রেনেড দুটি নিরাপদে নিষ্ক্রিয় করে। এই ঘটনায় বিমানযাত্রীসহ সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এর আগে, গত ৬ নভেম্বর শাহজালাল বিমানবন্দরের গোলচত্বরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।
এসব ঘটনার পর বিমানবন্দরের বাইরের নিরাপত্তা জোরদারে কার্যক্রম শুরু হয়েছে।
বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল যুগান্তরকে জানান, দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাতে ফ্লাইট পরিচালনা না হওয়ার সময়েও বিমানবন্দরগুলোতে টহল ও নজরদারি রয়েছে। শাহজালালের ফ্লাইওভারে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পুলিশের অবস্থান নিশ্চিত করতে বিমানবন্দর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। আশপাশের এলাকাতেও টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিমানবন্দরে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকির গোয়েন্দা তথ্য নেই। রেড অ্যালার্টও জারি করা হয়নি। তবে নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের আপস করবে না বেবিচক।
বেবিচক-পুলিশ বৈঠক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বুধবার পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। বৈঠকে বিমানবন্দরের ল্যান্ডসাইড, প্রবেশপথ, ফ্লাইওভার এবং আশপাশের সড়কে নজরদারি বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। ফ্লাইওভারের উপর থেকে ককটেল নিক্ষেপের ঘটনা বিমানবন্দরের বাইরের এলাকায় নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। বিশেষ করে ফ্লাইওভার ও সংযোগ সড়ক ব্যবহার করে নাশকতার চেষ্টা, বিমানবন্দরে আসা-যাওয়ার পথে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা এবং ল্যান্ডসাইডে সন্দেহজনক তৎপরতা ঠেকাতে টহল, চেকপোস্ট ও নজরদারি বাড়ানোর বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। গতিবিধি পর্যবেক্ষণে এআই ক্যামেরা বসানোর ব্যাপারেও আলোচনা হয়েছে। পুলিশ ও এপিবিএন নিজস্ব উদ্যোগে ক্যামেরা বসাবে। তৃতীয় টার্মিনালের ল্যান্ডসাইড এলাকাকেও এই নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম যুগান্তরকে জানান, পুলিশের চেকপোস্ট, টহল ও নজরদারি বাড়ানো হচ্ছে। বিমানবন্দরসংলগ্ন ফ্লাইওভারগুলোতে স্থায়ী নিরাপত্তার বিষয়েও আলোচনা হয়েছে।
বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে জানান, বিমানবন্দরের এয়ারসাইড ও টার্মিনাল ভবনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হয়। এখন ল্যান্ডসাইডকেও এই ব্যবস্থার আওতায় আনা প্রয়োজন। এতে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে ফুটেজ বিশ্লেষণ করে কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সহজ হবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডের প্রবণতাও কমবে। তিনি বলেন, বিমানবন্দরের টার্মিনাল ও অ্যাপ্রোন এলাকায় নিরাপত্তা বজায় রয়েছে। তবে বাইরের কোনো পরিস্থিতি যাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তায় প্রভাব ফেলতে না পারে, সে জন্য ল্যান্ডসাইডে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশে প্রতি বছর অগ্নিকাণ্ডের কারণে সোয়া ৫০০ কোটি টাকারও বেশি সম্পদের ক্ষতি ঘটে। ফায়ার সার্ভিসের পরিসংখ্যান অনুযায়ী, অধিকাংশ অগ্নিকাণ্ডের জন্য দায়ী বৈদ্যুতিক গোলযোগ। ব্যবসায়ী সংগঠন ইসাব বলছে, ক্ষয়ক্ষতি কমানোর ক্ষেত্রে অগ্নিনির্বাপক যন্ত্র ও সরঞ্জাম ব্যবহারে ভবন মালিকদের উদাসীনতা একটি বড় কারণ। অন্যদিকে, ফায়ার সার্ভিস জানাচ্ছে, উদ্ধার অভিযানে গিয়ে অনেক ক্ষেত্রেই দেখা যায় মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র।
অগ্নিকাণ্ডের ফলে মানুষের স্বপ্ন ও সারা জীবনের সঞ্চয় পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন গড়ে ৭৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার মধ্যে বাসাবাড়ি ও আবাসিক ভবনে ২৫ শতাংশের বেশি ঘটে। এসব দুর্ঘটনার ৩৫ শতাংশের বেশি বৈদ্যুতিক গোলযোগের কারণে সংঘটিত হয়। রান্নার চুলা থেকেও প্রায় ১৩ শতাংশ অগ্নিকাণ্ড ঘটে।
সাধারণ মানুষের মতামত হলো, ভবন নির্মাণের সময় থেকেই অগ্নিনিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা জরুরি। ভবন চালুর পূর্বে আগুন নেভানোর প্রস্তুতি এবং প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা উচিত। পাশাপাশি, ভবনটির ঝুঁকিপূর্ণতা বিবেচনায় নিয়ে নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। কিন্তু এসব বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেয়া হয় না।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
॥ মো. সাইফুল ইসলাম ॥
যশোর, ১৯ নভেম্বর ২০২৬ : শীতকাল আসন্ন। বর্তমানে বিভিন্ন উৎসবের সময় চলছে। বিজয় দিবস, ইংরেজি নববর্ষ, বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ ঘরে ঘরে বিয়ে ও জন্মদিনের উৎসব রয়েছে। এসব উৎসবে কাঁচা ফুলের ব্যাপক ব্যবহার হয়ে থাকে।
এই উৎসবগুলোর প্রেক্ষাপটে গদখালীর ফুলের রাজ্য রঙিন হয়ে উঠেছে। যশোরের ঝিকরগাছা উপজেলার ফুলচাষি ও ফুল ব্যবসায়ীরা আগামী চার মাসে আড়াইশ’ কোটি টাকার ফুল কেনা-বেচার আশা করছেন। গদখালী এলাকায় ফুলের রাজ্য হিসেবে পরিচিতি পাওয়া এই অঞ্চলের ফুলচাষিরা উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
ফুল চাষিদের সঙ্গে আলোচনা করে জানা যায়, এবারের আবহাওয়া অনুকূল থাকায় ফুলের ফলন ভালো হয়েছে। গতবারের মতো এবারও তারা ফুলের ভালো দাম পাবেন বলে আশা করছেন।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে যশোরের ঝিকরগাছা উপজেলার প্রায় ছয় হাজার কৃষক ৫৭১ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফুলের চাষ করেছেন। উপজেলার গদখালী, পানিসারা, হাঁড়িয়া, পটুয়াপাড়া, বর্ণি, নীলকণ্ঠনগর, শিওরদাহ, নারাঙ্গালী, নির্বাসখোলা, টাওরা, নাভারণ, বাওসাসহ অন্তত ৪৩টি গ্রামের মাঠে ফুলের ক্ষেতে চাষিরা ব্যস্ত সময় পার করছেন। বিশেষ দিবসগুলোকে সামনে রেখে গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, গাঁদা, জারবেরা, হাসনাহেনা, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা, টিউলিপ, দোলনচাপার রূপ, রং, গন্ধে কয়েকদিনের মধ্যেই ফুটে উঠবে এসব ফুলের ক্ষেত।
পানিসারা গ্রামের ফুলচাষি সাঈদ আলী সর্দার এক বিঘা জমিতে রজনীগন্ধা ফুলের চাষ করেছেন। তিনি জানান, এবারের আবহাওয়া অনুকূল থাকায় ফলন ভালো হয়েছে। তিনি বলেন, “গতবার রজনীগন্ধার প্রতি স্টিকের দাম ছিল ৫ থেকে ৬ টাকা। এবারও ভালো দাম পাব বলে আশা করছি।”
কুলিয়া গ্রামের বিল্লাল হোসেন চন্দ্রমল্লিকার পাশাপাশি ঝাউ, পাতাবাহার ও গাঁদা ফুলের চাষ করেছেন। তিনি মন্তব্য করেন, “আবহাওয়া যদি এখনকার মতো ভালো থাকে, ফুলের ফলনও ভালো হবে।”
পানিসারা গ্রামের আজিজুল সর্দার ১৫ কাঠা জমিতে জারবেরা, এক বিঘায় গোলাপ, ১০ কাঠায় চন্দ্রমল্লিকা এবং দুই বিঘায় ঝাউয়ের চাষ করেছেন। তিনি জানান, “যে কোনো ফুল চাষ শুরুর তিন মাসের মধ্যে বাজারে ওঠানো যায়। সে কারণে বিশেষ দিবসগুলোকে সামনে রেখে আড়াই থেকে তিন মাস আগে আমরা মাঠে চাষ শুরু করি।”
পটুয়াপাড়ার রমজান আলী এবার গোলাপ, কামিনী পাতা ও রথস্টিকের চাষ করছেন। ৩০ বছর ধরে ফুলচাষ করা রমজান আলী গত তিন বছর ধরে গদখালী বাজারে ফুলের ব্যবসাও করছেন। তিনি নিজের ক্ষেতের ফুলের পাশাপাশি অন্য ফুলচাষিদের ফুল ক্রয় করেন এবং বিভিন্ন জেলার ফুল ব্যবসায়ীদের কাছ থেকে অর্ডার নিয়ে তাদের চাহিদা অনুযায়ী ফুল পাঠিয়ে দেন। রমজান আলী বলেন, “প্রত্যেক সিজেনেই কিছু ফুলের দাম বেশি থাকে, কিছু ফুলের দাম পাওয়া যায় না। তাই কয়েক ধরনের ফুলের চাষ করলে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে না।”
পানিসারা গ্রামের শফিকুল ইসলাম দুই বিঘা জমিতে পলিশেড দিয়ে জারবেরা ফুলের চাষ করেছেন। তিনি জমিতে নিড়ানি দেওয়া, গাছের মরা পাতা ভাঙা, কীটনাশক আর সার ছিটানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। তিনি আশা করছেন এক মাসের মধ্যেই জারবেরা ফুল বাজারে তুলতে পারবেন।
পটুয়াপাড়ার মঞ্জুর আলম রজনীগন্ধার পাশাপাশি জারবেরা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, গাঁদা ও লিলিয়াম ফুলের চাষ করেছেন। তিনি বলেন, “গত বছর ফুলের দাম খুব ভালো পেয়েছিলাম। এবারও সব ফুলের ফলন ভালো হয়েছে।”
বর্তমানে গদখালী বাজারে জাত ও মানভেদে প্রতি পিস গোলাপ চার থেকে ছয় টাকায় বিক্রি হচ্ছে। গ্লাডিওলাস ১০ থেকে ১৮ টাকা, জারবেরা ৮ থেকে ১৫ টাকা এবং রজনীগন্ধা ৩ থেকে ৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১০০ চন্দ্রমল্লিকা ৩৫০ থেকে ৪০০ টাকা, গাঁদা প্রতি হাজার ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলের ডালি সাজানোর জন্য ব্যবহৃত কামিনী পাতার প্রতি আঁটি ৫৫ টাকা, জিপসির আঁটি ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। রথস্টিকের বান্ডিল বিক্রি হচ্ছে ২০০ টাকায়। চাহিদা ও সরবরাহের ওপর এই দাম প্রায় প্রতিদিনই ওঠানামা করে। বিশেষ দিবসগুলোর আগে দাম অনেক বেড়ে যায়।
যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম জানান, গত বছর গদখালীর চাষীরা যে পরিমাণ ফুল উৎপাদন করেছিলেন, তাতে ৫০০ কোটি টাকার কেনা-বেচা হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু ফুলের ভরা মৌসুমের মধ্যে জাতীয় নির্বাচন পড়ে যাওয়ায় ফুল বিক্রি কিছুটা কম হয়। তিনি বলেন, “সবকিছু ঠিক থাকলে এ বছরও গদখালীতে ৫০০ কোটি টাকার ফুল কেনা-বেচা হবে। এর মধ্যে আগামী চার মাসের বিশেষ দিবসগুলোতেই ২৫০ কোটি টাকার ফুল বিক্রি হবে বলে আশা করি।”
তিনি আরও বলেন, “কয়েকটা বিশেষ দিবস রমজান মাসে হওয়ায় বিক্রি কিছুটা কমতে পারে। এছাড়া সারের জন্য চাষীদের অনেক দূরে যেতে হচ্ছে। এতে সময় নষ্ট হচ্ছে।” তিনি অন্যান্য ফসল চাষীদের মতো ফুলচাষিদের জন্যও আলাদাভাবে সার বরাদ্দের দাবি জানান। বিদেশ থেকে কৃত্রিম ফুলের আমদানী হওয়ার কারণে ফুলচাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে তিনি কৃত্রিম ফুলের আমদানি নিষিদ্ধের আহ্বান জানান।
ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, সারের পর্যাপ্ত মজুত আছে। কোনো কৃষক সার না পেলে কৃষি অফিসে যোগাযোগ করার জন্য পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ফুলচাষিদের সার, পানি ও কীটনাশক ব্যবস্থাপনার ওপর নিয়মিত পরামর্শ দেওয়া হয়। তাছাড়া এবার গদখালী এলাকায় ফুলের কয়েকটা প্রদর্শনী প্লটও করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ