প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
॥ মো. সাইফুল ইসলাম ॥
যশোর, ১৯ নভেম্বর ২০২৬ : শীতকাল আসন্ন। বর্তমানে বিভিন্ন উৎসবের সময় চলছে। বিজয় দিবস, ইংরেজি নববর্ষ, বসন্ত উৎসব, বিশ্ব ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ ঘরে ঘরে বিয়ে ও জন্মদিনের উৎসব রয়েছে। এসব উৎসবে কাঁচা ফুলের ব্যাপক ব্যবহার হয়ে থাকে।
এই উৎসবগুলোর প্রেক্ষাপটে গদখালীর ফুলের রাজ্য রঙিন হয়ে উঠেছে। যশোরের ঝিকরগাছা উপজেলার ফুলচাষি ও ফুল ব্যবসায়ীরা আগামী চার মাসে আড়াইশ’ কোটি টাকার ফুল কেনা-বেচার আশা করছেন। গদখালী এলাকায় ফুলের রাজ্য হিসেবে পরিচিতি পাওয়া এই অঞ্চলের ফুলচাষিরা উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
ফুল চাষিদের সঙ্গে আলোচনা করে জানা যায়, এবারের আবহাওয়া অনুকূল থাকায় ফুলের ফলন ভালো হয়েছে। গতবারের মতো এবারও তারা ফুলের ভালো দাম পাবেন বলে আশা করছেন।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে যশোরের ঝিকরগাছা উপজেলার প্রায় ছয় হাজার কৃষক ৫৭১ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফুলের চাষ করেছেন। উপজেলার গদখালী, পানিসারা, হাঁড়িয়া, পটুয়াপাড়া, বর্ণি, নীলকণ্ঠনগর, শিওরদাহ, নারাঙ্গালী, নির্বাসখোলা, টাওরা, নাভারণ, বাওসাসহ অন্তত ৪৩টি গ্রামের মাঠে ফুলের ক্ষেতে চাষিরা ব্যস্ত সময় পার করছেন। বিশেষ দিবসগুলোকে সামনে রেখে গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, গাঁদা, জারবেরা, হাসনাহেনা, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা, টিউলিপ, দোলনচাপার রূপ, রং, গন্ধে কয়েকদিনের মধ্যেই ফুটে উঠবে এসব ফুলের ক্ষেত।
পানিসারা গ্রামের ফুলচাষি সাঈদ আলী সর্দার এক বিঘা জমিতে রজনীগন্ধা ফুলের চাষ করেছেন। তিনি জানান, এবারের আবহাওয়া অনুকূল থাকায় ফলন ভালো হয়েছে। তিনি বলেন, “গতবার রজনীগন্ধার প্রতি স্টিকের দাম ছিল ৫ থেকে ৬ টাকা। এবারও ভালো দাম পাব বলে আশা করছি।”
কুলিয়া গ্রামের বিল্লাল হোসেন চন্দ্রমল্লিকার পাশাপাশি ঝাউ, পাতাবাহার ও গাঁদা ফুলের চাষ করেছেন। তিনি মন্তব্য করেন, “আবহাওয়া যদি এখনকার মতো ভালো থাকে, ফুলের ফলনও ভালো হবে।”
পানিসারা গ্রামের আজিজুল সর্দার ১৫ কাঠা জমিতে জারবেরা, এক বিঘায় গোলাপ, ১০ কাঠায় চন্দ্রমল্লিকা এবং দুই বিঘায় ঝাউয়ের চাষ করেছেন। তিনি জানান, “যে কোনো ফুল চাষ শুরুর তিন মাসের মধ্যে বাজারে ওঠানো যায়। সে কারণে বিশেষ দিবসগুলোকে সামনে রেখে আড়াই থেকে তিন মাস আগে আমরা মাঠে চাষ শুরু করি।”
পটুয়াপাড়ার রমজান আলী এবার গোলাপ, কামিনী পাতা ও রথস্টিকের চাষ করছেন। ৩০ বছর ধরে ফুলচাষ করা রমজান আলী গত তিন বছর ধরে গদখালী বাজারে ফুলের ব্যবসাও করছেন। তিনি নিজের ক্ষেতের ফুলের পাশাপাশি অন্য ফুলচাষিদের ফুল ক্রয় করেন এবং বিভিন্ন জেলার ফুল ব্যবসায়ীদের কাছ থেকে অর্ডার নিয়ে তাদের চাহিদা অনুযায়ী ফুল পাঠিয়ে দেন। রমজান আলী বলেন, “প্রত্যেক সিজেনেই কিছু ফুলের দাম বেশি থাকে, কিছু ফুলের দাম পাওয়া যায় না। তাই কয়েক ধরনের ফুলের চাষ করলে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে না।”
পানিসারা গ্রামের শফিকুল ইসলাম দুই বিঘা জমিতে পলিশেড দিয়ে জারবেরা ফুলের চাষ করেছেন। তিনি জমিতে নিড়ানি দেওয়া, গাছের মরা পাতা ভাঙা, কীটনাশক আর সার ছিটানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। তিনি আশা করছেন এক মাসের মধ্যেই জারবেরা ফুল বাজারে তুলতে পারবেন।
পটুয়াপাড়ার মঞ্জুর আলম রজনীগন্ধার পাশাপাশি জারবেরা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, গাঁদা ও লিলিয়াম ফুলের চাষ করেছেন। তিনি বলেন, “গত বছর ফুলের দাম খুব ভালো পেয়েছিলাম। এবারও সব ফুলের ফলন ভালো হয়েছে।”
বর্তমানে গদখালী বাজারে জাত ও মানভেদে প্রতি পিস গোলাপ চার থেকে ছয় টাকায় বিক্রি হচ্ছে। গ্লাডিওলাস ১০ থেকে ১৮ টাকা, জারবেরা ৮ থেকে ১৫ টাকা এবং রজনীগন্ধা ৩ থেকে ৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ১০০ চন্দ্রমল্লিকা ৩৫০ থেকে ৪০০ টাকা, গাঁদা প্রতি হাজার ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ফুলের ডালি সাজানোর জন্য ব্যবহৃত কামিনী পাতার প্রতি আঁটি ৫৫ টাকা, জিপসির আঁটি ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। রথস্টিকের বান্ডিল বিক্রি হচ্ছে ২০০ টাকায়। চাহিদা ও সরবরাহের ওপর এই দাম প্রায় প্রতিদিনই ওঠানামা করে। বিশেষ দিবসগুলোর আগে দাম অনেক বেড়ে যায়।
যশোর ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম জানান, গত বছর গদখালীর চাষীরা যে পরিমাণ ফুল উৎপাদন করেছিলেন, তাতে ৫০০ কোটি টাকার কেনা-বেচা হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু ফুলের ভরা মৌসুমের মধ্যে জাতীয় নির্বাচন পড়ে যাওয়ায় ফুল বিক্রি কিছুটা কম হয়। তিনি বলেন, “সবকিছু ঠিক থাকলে এ বছরও গদখালীতে ৫০০ কোটি টাকার ফুল কেনা-বেচা হবে। এর মধ্যে আগামী চার মাসের বিশেষ দিবসগুলোতেই ২৫০ কোটি টাকার ফুল বিক্রি হবে বলে আশা করি।”
তিনি আরও বলেন, “কয়েকটা বিশেষ দিবস রমজান মাসে হওয়ায় বিক্রি কিছুটা কমতে পারে। এছাড়া সারের জন্য চাষীদের অনেক দূরে যেতে হচ্ছে। এতে সময় নষ্ট হচ্ছে।” তিনি অন্যান্য ফসল চাষীদের মতো ফুলচাষিদের জন্যও আলাদাভাবে সার বরাদ্দের দাবি জানান। বিদেশ থেকে কৃত্রিম ফুলের আমদানী হওয়ার কারণে ফুলচাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে তিনি কৃত্রিম ফুলের আমদানি নিষিদ্ধের আহ্বান জানান।
ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, সারের পর্যাপ্ত মজুত আছে। কোনো কৃষক সার না পেলে কৃষি অফিসে যোগাযোগ করার জন্য পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ফুলচাষিদের সার, পানি ও কীটনাশক ব্যবস্থাপনার ওপর নিয়মিত পরামর্শ দেওয়া হয়। তাছাড়া এবার গদখালী এলাকায় ফুলের কয়েকটা প্রদর্শনী প্লটও করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন