১০:৫৩ এম
চব্বিশে জুলাইয়ে ছাত্রলীগমুক্ত প্রথম ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ ধরনের একটি মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার এই পোস্টের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। অনেক শিক্ষার্থী এই পোস্টটিকে ইতিহাস বিকৃতির প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন।
শনিবার (১১ জুলাই) তার ভেরিফাইড ফেসবুক আইডিতে নাহিদ ইসলাম ওই পোস্টটি করেন। পোস্টে তিনি দাবি করেন, জুলাইয়ের মাসে বাংলাদেশে প্রথম ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মুখে লাল কাপড় বাঁধনোর কর্মসূচি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাই প্রথম সফলভাবে বাস্তবায়ন করেন।
পোস্টটি প্রকাশের পরপরই, জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই মন্তব্যের সমালোচনা করে এর বিরুদ্ধে মতামত দিতে শুরু করেন। রাবির শিক্ষার্থীদের দাবি, যদিও ছাত্রলীগ বিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য, তথাপি প্রথম ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই কারণে নাহিদ ইসলামের মন্তব্য বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাবির সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, "নাহিদ ইসলাম কি জুলাইয়ের ইতিহাস জানেন যে? জুলাইয়ে ছাত্রলীগমুক্ত প্রথম ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়। পুরো বাংলাদেশ সাক্ষী। ১৬ই জুলাই রাবি থেকে ছাত্রলীগ পলায়ন করে পুলিশি পাহারায়। দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঝামেলা লাগিয়ে জুলাইয়ের সুবিধাভোগীদের লাভ কী? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাতভর সন্ত্রাসীদের বিরুদ্ধে বীরত্ব দেখিয়েছে। তাদের সংগ্রাম আমাদের অনুপ্রেরণা। আমরা একে অপরের সহযোদ্ধা।"
অন্য সমন্বয়ক নওশাদ জামান নাহিদ ইসলামের পোস্টটি শেয়ার করে লেখেন, "এনসিপির কিছু নেতা বলেন প্রথম ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস রাজশাহী বিশ্ববিদ্যালয়, আবার কিছু নেতা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এভাবেই তারা সবাইকে সুখী করে বেঁচে থাকতে চায়। দেশের প্রথম জুলাই গাদ্দার এনসিপি সবসময় সেরা।"
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হক আশিক ফেসবুক পোস্টে লেখেন, "জুলাইয়ে বাংলাদেশের প্রথম ছাত্রলীগমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাসে স্থান করে নিয়েছে। সেদিন ছাত্রশিবির, ছাত্রদল, অন্যান্য ছাত্র সংগঠনসহ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী আসাদুল্লাহ গালিব বাবুসহ অন্যান্যরা পালিয়ে যেতে বাধ্য হয়। জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতি আহ্বান জানাই, জুলাইয়ের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরুন। ইতিহাসের কোনো ধরনের বিকৃতি বা বিচ্যুতি কখনোই সমর্থনযোগ্য নয়।"
উল্লেখ্য, এ বিষয়ে নাহিদ ইসলাম এখন পর্যন্ত তার পোস্টের ব্যাখায় নতুন কোনো বক্তব্য দেননি।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন