ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু


হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৫৭২ জনকে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম সংক্রান্ত বুলেটিনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুবরণকারী আটজনের মধ্যে ছয়জন ঢাকা বিভাগের, এবং একজন করে চট্টগ্রাম ও খুলনা বিভাগের বাসিন্দা। তবে এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৯৫, চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৭৮, খুলনায় ১০১, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৭৭, রংপুরে ৬০ এবং রাজশাহী বিভাগে ৪৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ঢাকা বিভাগে ৬১, সিলেটে ৩২ এবং চট্টগ্রামে ৩০ জনের হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০৯ জন মারা গেছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ জন।

এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী ২৫ হাজার ২৬৯ জন।

এই সময়ে মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১২ হাজার ৪০২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাফ্যাক্টের দাবি, বিএনপির শাসনামলে শুটিংয়ের দৃশ্যকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে অপপ্রচার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৫ পি.এম


বাংলাফ্যাক্টের দাবি, বিএনপির শাসনামলে শুটিংয়ের দৃশ্যকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে অপপ্রচার

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’ বিএনপির শাসনামলে শুটিংয়ের দৃশ্যকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে অপপ্রচার শনাক্ত করেছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিমের তথ্য অনুযায়ী, বিএনপির শাসনামলে সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রসহ কার্যক্রম চালাচ্ছে-এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এই দাবি মিথ্যা। এটি আসলে একটি নাটিকার শুটিংয়ের ভিডিও। অনুসন্ধানের সময় এসকে শাহীন নামে একজন কনটেন্ট ক্রিয়েটরের ফেসবুক অ্যাকাউন্টে গত ১২ সেপ্টেম্বর প্রকাশিত একই ভিডিও (আর্কাইভ) পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে উল্লেখ রয়েছে যে এটি একটি নাটিকার শুটিংয়ের দৃশ্য, যা পরিচালনা করেছেন শাহীন ভিলেন।

এসকে শাহীন নামের ফেসবুক ও টিকটক অ্যাকাউন্টের পর্যবেক্ষণে দেখা যায়, তিনি নিয়মিতভাবে কন্টেন্ট এবং এই ধরনের ভিডিও প্রকাশ করেন।

বিষয়টি আরও নিশ্চিত করার জন্য বাংলাফ্যাক্ট গুগলের জিওলোকেশনের মাধ্যমে নিশ্চিত করেছে যে, ভিডিওটি সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল পশ্চিম বাজারের তুহিন বস্ত্রালয়ের সামনে ধারণ করা হয়েছে।

তুহিন বস্ত্রালয়ের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন শুক্কুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের এলাকার ছেলে শাহীন এখানে শুটিং করেছেন। এখানে চাঁদাবাজি সংক্রান্ত কোনো বিষয় নেই।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ-বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে বিএনপি ও সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের লোকজনের ফেইসবুক আইডি ও বিভিন্ন পেইজ থেকে বাংলাদেশ, বিএনপি ও সরকারের বিরুদ্ধে গুজব, অপতথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাফ্যাক্টসহ বিভিন্ন ফ্যাক্টচেক প্রতিষ্ঠান তাদের এই অপকর্ম শনাক্ত করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৬ পি.এম


হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরানের

ইরান দৃঢ়ভাবে দাবি করেছে যে, হরমুজ প্রণালির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তেহরানের বক্তব্য অনুযায়ী, তারা এই জলপথের নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং প্রণালি ব্যবহারকারী দেশ ও কোম্পানিগুলোকে তাদের সঙ্গে সমন্বয় করতে বাধ্য করার জন্য সেখানে মাইন বা মারণাস্ত্র স্থাপন করার বিষয়টি অস্বীকার করে না।

ইরানের এই জোরালো দাবি হলো, কেবল হরমুজ প্রণালির দুই সংলগ্ন দেশ—ইরান ও ওমানেরই এই জলপথ নিয়ন্ত্রণের একচ্ছত্র অধিকার রয়েছে। তবে মার্কিন পক্ষ থেকে এই বিতর্কিত অবস্থানকে কঠোরভাবে প্রত্যাখ্যাত করা হয়েছে এবং মূলত এই বিষয়টিই চলমান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এর আগে ওই অঞ্চলে একটি ঘটনা ঘটেছিল, যা ইরান ডিজেল চোরাচালানকারী একটি জাহাজ হিসেবে বর্ণনা করেছে। এই জাহাজটি প্রণালিতে অন্য একটি ট্যাংকারে জ্বালানি স্থানান্তরের চেষ্টা করার সময় আকস্মিকভাবে আগুন ধরে গিয়ে বিস্ফোরিত হয়।

তেহরানের মতে, হরমুজ প্রণালিতে তাদের আরোপিত বিধিমালা মেনে চলতে ট্যাংকারগুলোর মালিকপক্ষ এবং সংশ্লিষ্ট দেশগুলোর ব্যর্থতার কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়কে মৃত্যু নয়, নিরাপদ জীবনের অধিকার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


সড়কে মৃত্যু নয়, নিরাপদ জীবনের অধিকার দাবি

সড়কে প্রতিটি মৃত্যু একটি পরিবারের স্বপ্নের মৃত্যু, অসংখ্য মানুষের জীবনে দীর্ঘস্থায়ী শূন্যতা সৃষ্টি করে এবং রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থার সামনে একটি কঠিন প্রশ্ন তুলে ধরে। যে ব্যক্তি সকালে জীবিকার সন্ধানে ঘর থেকে বের হয়েছিলেন, যে শিক্ষার্থী স্কুলে যাওয়ার পথে রওনা দিয়েছিল কিংবা যে বাবা পরিবারের কাছে ফেরার প্রতিশ্রুতি দিয়ে যাত্রা শুরু করেছিলেন, তাদের মধ্যে অনেকেই আর ঘরে ফেরেন না। অথচ সড়কে ঘটে যাওয়া অধিকাংশ মৃত্যুই প্রতিরোধযোগ্য। পরিকল্পিত সড়কব্যবস্থা, দায়িত্বশীল চালনা, কার্যকর আইন প্রয়োগ এবং মানুষের জীবনের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়বদ্ধতা প্রয়োজন।

প্রতি বছর নভেম্বরের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় ‘রোড ক্র্যাশে নিহত ব্যক্তিদের জন্য বিশ্ব স্মরণ দিবস (World Day of Remembrance for Road Traffic Victims)’। ২০২৬ সালে দিনটি ১৫ নভেম্বর। দিবসটির মূল তাৎপর্য কেবল সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণ করা নয়; বরং আহত ও ক্ষতিগ্রস্ত মানুষ, শোকাহত পরিবার এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা উদ্ধারকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবদানকে স্বীকৃতি দেওয়া। একই সঙ্গে বিশ্ববাসীকে মনে করিয়ে দেওয়া হয় যে, সড়কে মৃত্যু কোনো অনিবার্য নিয়তি নয়, এটি প্রতিরোধযোগ্য সামাজিক ও জনস্বাস্থ্য সংকট।

স্মরণ থেকে বাস্তবতার মুখোমুখি

জাতিসংঘ ২০০৫ সালে নভেম্বরের তৃতীয় রোববারকে দিবসটি পালনের স্বীকৃতি দেয়। এর সূচনা হয়েছিল ১৯৯৩ সালে যুক্তরাজ্যের সড়ক দুর্ঘটনাবিরোধী সংগঠন RoadPeace-এর উদ্যোগে। পরবর্তী সময়ে এটি আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি পায়। দিবসটির সঙ্গে ২০২৬ সালের প্রতিপাদ্য ‘Remember. Support. Act.’-স্মরণ, সহমর্মিতা ও কার্যকর পদক্ষেপ’ বিশেষভাবে প্রাসঙ্গিক। অর্থাৎ নিহতদের স্মরণ করতে হবে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে এবং ভবিষ্যতে এমন মৃত্যু ঠেকাতে বাস্তব উদ্যোগ নিতে হবে।

বৈশ্বিক সড়ক নিরাপত্তা: অগ্রগতি আছে, সংকটও গভীর

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ২০২৬ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ১১ লাখ ৬০ হাজার মানুষ প্রাণ হারান। পাঁচ থেকে ২৯ বছর বয়সিদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। নিহতদের ৯২ শতাংশের বেশি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর বাসিন্দা, যদিও এসব দেশে বিশ্বের মোট যানবাহনের প্রায় ৬০ শতাংশ রয়েছে। পথচারী, সাইকেল আরোহী ও মোটরসাইকেল চালকসহ ঝুঁকিপূর্ণ সড়ক ব্যবহারকারীরাই মোট মৃত্যুর অর্ধেকের বেশি।

এই পরিসংখ্যান একটি গুরুত্বপূর্ণ বৈষম্যও তুলে ধরে। উন্নত দেশগুলো পরিকল্পিত অবকাঠামো, গতিসীমা নিয়ন্ত্রণ, নিরাপদ যানবাহন এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে সড়কে মৃত্যুহার কমাতে সক্ষম হচ্ছে। অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোতে দ্রুত নগরায়ণ, অপরিকল্পিত পরিবহণ ব্যবস্থা, দুর্বল তদারকি ও নিরাপত্তা সংস্কৃতির অভাব প্রাণহানির ঝুঁকি বাড়াচ্ছে।

জাতিসংঘের ২০২১-২০৩০ সালের সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আহতের সংখ্যা অন্তত ৫০ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যটি অর্জনে এখনই কার্যকর উদ্যোগ প্রয়োজন।

বাংলাদেশের সড়ক: মৃত্যুর মিছিল থামছে না

বাংলাদেশের বাস্তবতা আরও উদ্বেগজনক। সড়ক দুর্ঘটনা এখানে কেবল পরিবহন খাতের সমস্যা নয়; এটি জনস্বাস্থ্য, অর্থনীতি, সামাজিক নিরাপত্তা এবং মানবিক অধিকারের সংকট।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৩ সালের বৈশ্বিক সড়ক নিরাপত্তা প্রতিবেদনে বাংলাদেশের ২০২১ সালের জন্য সরকারি হিসাবে ৫ হাজার ৮৪ জন নিহতের তথ্য রয়েছে। কিন্তু একই বছরের জন্য সংস্থাটির পরিসংখ্যানগত অনুমান ৩১ হাজার ৫৭৮ জন। এই বিশাল ব্যবধানই বলে দেয়, দেশে দুর্ঘটনার তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও যাচাইয়ের ব্যবস্থায় কতটা দুর্বলতা রয়েছে।

সাম্প্রতিক পরিস্থিতিও আশাব্যঞ্জক নয়। বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির হিসাবে, ২০২৫ সালে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন নিহত হয়েছেন। অন্যদিকে রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৩৮ হাজার ৩৫৭টি দুর্ঘটনায় ৪০ হাজার ৬০৫ জনের মৃত্যু হয়েছে। সংস্থা দুটির তথ্য সংগ্রহ ও গণনার পদ্ধতি আলাদা হওয়ায় পরিসংখ্যান সরাসরি এক করে দেখা ঠিক হবে না। তবে উভয় হিসাবই পরিস্থিতির ভয়াবহতা নির্দেশ করে।

বাংলাদেশের সড়কে প্রাণহানির পেছনে রয়েছে বেপরোয়া গতি, অদক্ষ ও প্রশিক্ষণহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন, লাইসেন্স প্রদানে অনিয়ম, মহাসড়কে ধীরগতির যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, অতিরিক্ত যাত্রী ও পণ্য পরিবহণ এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা। পাশাপাশি ফুটপাত দখল, অপর্যাপ্ত ফুটওভারব্রিজ, নিরাপদ পারাপারের অভাব এবং সড়ক নির্মাণে পথচারীদের প্রয়োজন উপেক্ষা করার প্রবণতাও মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, দুর্ঘটনার পর দায় নির্ধারণ ও বিচার নিশ্চিত করার চেয়ে অনেক সময় দায় এড়ানোর প্রবণতা বেশি দেখা যায়। ফলে একই ধরনের দুর্ঘটনা বারবার ঘটলেও কার্যকর প্রতিরোধ গড়ে ওঠে না।

বিশ্বের সফল অভিজ্ঞতা: বাংলাদেশ কী শিখতে পারে?

সড়ক নিরাপত্তায় বিশ্বের কয়েকটি দেশের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অনুসরণযোগ্য হতে পারে। তবে শুধু আইন অনুকরণ নয়, দেশগুলোর সাফল্যের পেছনের দর্শন ও বাস্তবায়ন কৌশল গ্রহণ করতে হবে।

সুইডেনের ‘ভিশন জিরো’: সুইডেন ১৯৯৭ সালে Vision Zero নীতি গ্রহণ করে। এর মূল দর্শন হলো-সড়কে কোনো মানুষের মৃত্যু বা গুরুতর আহত হওয়াকে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নেওয়া যাবে না। মানুষের ভুল হতে পারে, কিন্তু সেই ভুল যেন প্রাণঘাতী না হয়, সেভাবেই সড়ক ও যানবাহনব্যবস্থা তৈরি করতে হবে। বাংলাদেশেও এই দর্শনকে জাতীয় সড়ক নিরাপত্তা নীতির কেন্দ্রবিন্দুতে আনতে হবে।

নেদারল্যান্ডসের নিরাপদ সড়ক পরিকল্পনা: দেশটি সড়কের ব্যবহার ও গতির ভিত্তিতে রাস্তার ধরন নির্ধারণ, সাইকেল ও পথচারীদের জন্য পৃথক অবকাঠামো এবং নিরাপদ পারাপার নিশ্চিত করার ক্ষেত্রে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশের শহরগুলোতেও ফুটপাত দখলমুক্ত করা, সাইকেল লেন তৈরি এবং পথচারীদের জন্য নিরাপদ পারাপারের ব্যবস্থা জরুরি।

নরওয়ের দায়িত্বশীল পরিবহণব্যবস্থা: সুইডেনের মতো নরওয়েও Vision Zero অনুসরণ করে। সেখানে সড়ক পরিকল্পনা, গতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা তদারকি এবং দুর্ঘটনার ঝুঁকি কমানোর বিষয়গুলোকে রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশেও চালকের ব্যক্তিগত দায়িত্বের পাশাপাশি সড়ক নির্মাণকারী, পরিবহণ মালিক, নিয়ন্ত্রক সংস্থা ও প্রশাসনের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশের সড়ক নিরাপত্তায় এখন যা করা জরুরি

বিশ্বের অভিজ্ঞতা ও বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় সড়ক নিরাপত্তায় কয়েকটি পদক্ষেপকে অগ্রাধিকার দিতে হবে।

১. গতিসীমা নিয়ন্ত্রণ ও কার্যকর নজরদারি: দুর্ঘটনাপ্রবণ এলাকায় বৈজ্ঞানিকভাবে গতিসীমা নির্ধারণ করতে হবে। স্বয়ংক্রিয় ক্যামেরা, স্পিড ডিটেকশন প্রযুক্তি এবং নিয়মিত নজরদারির মাধ্যমে বেপরোয়া গতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

২. চালকের দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত: যথাযথ প্রশিক্ষণ ও পরীক্ষা ছাড়া লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে। পেশাদার চালকদের নিয়মিত স্বাস্থ্য ও দক্ষতা যাচাই, কর্মঘণ্টা নিয়ন্ত্রণ এবং ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৩. নিরাপদ সড়ক অবকাঠামো নির্মাণ: মহাসড়কে ডিভাইডার, পর্যাপ্ত আলোকসজ্জা, সড়কচিহ্ন, নিরাপদ বাঁক, ফুটপাত, জেব্রা ক্রসিং, আন্ডারপাস ও ওভারপাস প্রয়োজন অনুযায়ী নির্মাণ করতে হবে। স্কুল, হাসপাতাল ও জনবহুল এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা রাখতে হবে।

৪. নিরাপদ যানবাহন নিশ্চিত: ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, নিয়মিত ফিটনেস পরীক্ষা, মোটরসাইকেলে মানসম্মত হেলমেট এবং গাড়িতে সিটবেল্ট ব্যবহারের বাধ্যবাধকতা কার্যকর করতে হবে।

৫. দুর্ঘটনার তথ্য ও গবেষণায় গুরুত্ব: পুলিশ, হাসপাতাল, বিআরটিএ এবং সংশ্লিষ্ট সংস্থার তথ্য সমন্বয় করে একটি নির্ভরযোগ্য জাতীয় সড়ক দুর্ঘটনা ডেটাবেইস গড়ে তুলতে হবে। কোন এলাকায়, কী কারণে এবং কারা বেশি দুর্ঘটনার শিকার হচ্ছেন, তা বিশ্লেষণ করে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।

৬. দুর্ঘটনাপরবর্তী চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা: দুর্ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স পৌঁছানো, জরুরি চিকিৎসা, ট্রমা সেন্টার এবং রক্ত সরবরাহের ব্যবস্থা উন্নত করতে হবে। নিহতদের পরিবার ও স্থায়ীভাবে আহত ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও মানসিক সহায়তা নিশ্চিত করতে হবে।

৭. সামাজিক আন্দোলন ও নাগরিক সচেতনতা: পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, পরিবহণ মালিক-শ্রমিক সংগঠন এবং নাগরিক সমাজকে নিয়ে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। ট্রাফিক আইন মানাকে সামাজিক দায়িত্ব ও নাগরিক সংস্কৃতির অংশে পরিণত করতে হবে।

শোক নয়, নিরাপদ সড়কের নিশ্চয়তা চাই

সড়ক নিরাপত্তা নিশ্চিত করা কেবল সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান এবং নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তবে এ দায়িত্বের প্রধান নেতৃত্ব ও জবাবদিহি রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে। কারণ একজন পথচারী, যাত্রী কিংবা শিক্ষার্থী সড়কে চলাচলের সময় নিজের নিরাপত্তার জন্য শুধু ব্যক্তিগত সতর্কতার ওপর নির্ভর করতে পারেন না; তাকে নিরাপদ পরিবহণব্যবস্থা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের।

১৫ নভেম্বরের বিশ্ব স্মরণ দিবসে আমাদের প্রশ্ন হওয়া উচিত-গত বছর যারা সড়কে প্রাণ হারিয়েছেন, তাদের মৃত্যু থেকে আমরা কী শিক্ষা নিয়েছি? কতটি ঝুঁকিপূর্ণ সড়ক নিরাপদ হয়েছে? কতজন অদক্ষ চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? কতটি দুর্ঘটনাপ্রবণ স্থান সংস্কার করা হয়েছে? কতটি পরিবার ন্যায়বিচার ও প্রয়োজনীয় সহায়তা পেয়েছে?

প্রতি বছর দিবসটি আসে, নিহতদের স্মরণে আলোচনা হয়, মোমবাতি জ্বলে, শোকবার্তা প্রকাশিত হয়। কিন্তু পরদিনই যদি সড়কে একই অনিয়ম, একই বেপরোয়া গতি, একই অব্যবস্থাপনা চলতে থাকে, তাহলে সেই স্মরণ কতটা অর্থবহ?

আমাদের মনে রাখতে হবে, সড়কে প্রাণহানি কমানো কোনো বিলাসিতা নয়, এটি মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার রক্ষার প্রশ্ন। উন্নত সড়ক মানে শুধু প্রশস্ত রাস্তা, উড়ালসড়ক কিংবা দ্রুতগতির যানবাহন নয়; উন্নত সড়ক মানে এমন একটি ব্যবস্থা, যেখানে শিশু নিরাপদে স্কুলে যেতে পারে, প্রবীণ মানুষ নিশ্চিন্তে রাস্তা পার হতে পারেন এবং কর্মজীবী মানুষ দিনের শেষে জীবিত অবস্থায় পরিবারের কাছে ফিরতে পারেন।

বিশ্ব স্মরণ দিবসের প্রকৃত সার্থকতা তখনই, যখন আর কোনো পরিবারকে সড়কে প্রিয়জন হারানোর শোক বহন করতে হবে না। আসুন শোককে শক্তিতে, স্মৃতিকে দায়িত্বে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তর করি। সড়ক হোক মানুষের জীবনের নিরাপদ পথ, মৃত্যুর ফাঁদ নয়।

লেখক: কলামিস্ট, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সাবেক মহাসচিব-নিরাপদ সড়ক চাই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ হকারদের প্রশ্রয় দেয়া হবে না: ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


অবৈধ হকারদের প্রশ্রয় দেয়া হবে না: ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, অবৈধ হকারদের কোনোভাবেই প্রশ্রয় দেয়া হবে না। তিনি ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনার কথাও উল্লেখ করেছেন।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর সাইন্সল্যাব মোড়ে ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে একটি অভিযান পরিচালনা করার সময় ডিএসসিসি প্রশাসক এসব মন্তব্য করেন।

এদিন সাইন্সল্যাব মোড়ে ডিএসসিসি প্রশাসকের উপস্থিতিতে অভিযানটি অনুষ্ঠিত হয়। নগরবাসী সিটি করপোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে ব্যবসায়ীরা মনে করেন, উচ্ছেদ অভিযানের আগে কিছুটা সময় দেয়া প্রয়োজন।

অবৈধ হকারদের প্রশ্রয় না দেয়ার বিষয়ে দক্ষিণ সিটির প্রশাসক বলেন, ফুটপাত দখলমুক্ত করতে নিয়মিত অভিযান চালানো হবে। তিনি আরও বলেন, ডেঙ্গুর লার্ভা যাতে কোথাও পাওয়া না যায়, সেজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

আব্দুস সালাম উল্লেখ করেন, ব্যবসায়ীরা বাণিজ্যিক কাজে যতটুকু জায়গা ব্যবহারের অনুমতি পাবেন, ততটুকুই ব্যবহার করতে হবে। ফুটপাত দখল করে ব্যবসা করা যাবে না।

তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মশক নিধন কার্যক্রম সফল করার জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান। একইসাথে, ডেঙ্গুর লার্ভা যাতে কোথাও পাওয়া না যায়, তা নিশ্চিত করার জন্য সবার সহযোগিতা চান।

তিনি আরও বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনার এখতিয়ার সিটি করপোরেশনের। অন্য কোনো সংস্থা এই অভিযান পরিচালনা করতে পারবে না।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় পরিচালিত এই অভিযানে সাইন্সল্যাব মোড় থেকে ধানমন্ডি লেক পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম সম্পন্ন হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%