বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১০:১৬ এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধের সিদ্ধান্ত নিতে হলে তিনি পিছপা হবেন না। যদিও এই যুদ্ধের ফলে রাজনৈতিকভাবে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে, তবুও তিনি তার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সঙ্গে একটি সাক্ষাৎকারে ট্রাম্প মন্তব্য করেন, ইরানের সঙ্গে আলোচনার সময় যে সমঝোতা স্মারক (এমওইউ) তৈরি হয়েছিল, তা অগ্রগতির পথে একটি বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে তিনি উল্লেখ করেন, ওই আলোচনার মাধ্যমে ওয়াশিংটন ইরানের কর্মকর্তাদের প্রতি বিশ্বাসের অভাব অনুভব করেছে।
ট্রাম্প বলেন, “ওই সময়ের মধ্যে আমরা তাদের খুব ভালোভাবে চিনেছি। আমরা বুঝতে পেরেছি, তাদের বিশ্বাস করা যায় না।”
ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার সিদ্ধান্তের পক্ষে তিনি সাফাই গেয়েছেন। তার মতে, দীর্ঘমেয়াদে তার এই সিদ্ধান্ত ইতিবাচকভাবে মূল্যায়িত হবে।
যুদ্ধের সিদ্ধান্ত আবার নেওয়ার সুযোগ পেলে তিনি একই পথে হাঁটবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “যদি আবারও একই পরিস্থিতি তৈরি হয়, তাহলে কি আমরা একই সিদ্ধান্ত নেব? এর উত্তর হলো, অবশ্যই হ্যাঁ।”
ট্রাম্প স্বীকার করেছেন, ইরানের সঙ্গে সংঘাতের প্রভাব নির্বাচনের ওপর পড়েছে। তবে তিনি দাবি করেন, রাজনৈতিক লাভ-ক্ষতির হিসাব করে তিনি কোনো সিদ্ধান্ত নেন না।
তার বক্তব্য, রাজনৈতিক পরিণতি যা-ই হোক না কেন, দেশের স্বার্থ বিবেচনা করেই তিনি সিদ্ধান্ত নেবেন।
তথ্যসূত্র: আল জাজিরা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলালকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় কোনাবাড়ী স্ট্যান্ড থেকে সন্ত্রাসবিরোধী আইন মামলায় তাকে গ্রেফতার করে।
দুলাল কোনাবাড়ীর আমবাগের বোর্ডঘর এলাকার বাসিন্দা। ২০১৮ সালে দুলাল গাজীপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছিলেন। পরে ২০২৩ সালের সিটি করপোরেশন নির্বাচনের পূর্ব মুহূর্তে আওয়ামী লীগে যোগদান করেন তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা-পাবনা রেল যোগাযোগের উদ্বোধন হতে যাচ্ছে, যা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে।
রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এ রেলপথের উদ্বোধন করবেন।
পাবনায় ঐতিহাসিক এই মুহূর্তকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে পাবনা রেলওয়ে স্টেশনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
স্টেশন চত্বর সাজানো হচ্ছে এবং মঞ্চ নির্মাণ করা হচ্ছে। পুরো আয়োজনের মধ্যে সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
নতুন এই রেল যোগাযোগ চালুর ফলে পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। ঢাকা ও পাবনার মধ্যে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার খুলবে, এমন আশা স্থানীয়দের।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সড়কে সকাল থেকে যানবাহনের চলাচল স্বাভাবিকভাবে চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল থেকে ব্রাহ্মণপাড়া-বুড়িচং সড়কে সকল প্রকার যানবাহন, যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা, ট্রাক এবং পিকআপ চলাচল করতে দেখা গেছে। অফিসগামী লোকজন স্বাভাবিকভাবে যাত্রীবাহী পরিবহনে করে কর্মস্থলে যাচ্ছেন।
সড়কের পাশে অবস্থিত দোকানপাটগুলোও সকাল থেকে খোলা রয়েছে। ব্যবসা-বাণিজ্যসহ সকল ধরনের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম দেখা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। তিনি উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ফলে ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রক্রিয়া কঠিন হয়ে পড়েছে। তবে, রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরি করার বিষয়ে ইরানের কার্যক্রমের পক্ষে কোনো প্রমাণ তিনি উপস্থাপন করেননি।
ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান ‘গ্যাস নিয়ে ভাবছে, জীবাণু অস্ত্র নিয়েও ভাবছে’। তিনি রাসায়নিক ও জীবাণু অস্ত্রের সম্ভাব্য ব্যবহারের বিষয়টিও উল্লেখ করেন। ট্রাম্প আরও দাবি করেন যে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেনি। তাঁর মতে, এই সংঘাতের সূচনা হয়েছে ৫১ বছর আগে।
সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের কর্তৃপক্ষের বিরুদ্ধে গত আট মাসে ৭৫ হাজার বিক্ষোভকারীকে হত্যার অভিযোগও করেন। তবে, তিনি যে সংখ্যাটি উল্লেখ করেছেন, তার পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং এটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ট্রাম্পের দাবি, ইরানের জনগণ বিক্ষোভ করতে চান। কিন্তু নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার আশঙ্কার কারণে তাঁরা রাস্তায় নামতে ভয় পাচ্ছেন।
ওয়াশিংটন ডিসির বাসিন্দাদের সম্ভাব্য হামলা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি তেমনটা মনে করেন না। তবে, যুক্তরাষ্ট্রে কোনো হামলা হলে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি তিনি দেন।
ট্রাম্প বলেন, ‘যদি এমনটা ঘটে, তাহলে আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব।’ এটি তাঁর প্রতিশ্রুতি কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আপনাকে কথা দিচ্ছি।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ