০৫:২৩ পি.এম
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় ঐতিহ্যবাহী ঝলমল সিনেমা হলসহ অন্তত ২০টি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সোয়া ২টার দিকে সিনেমা হলটিতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের ফলে সিনেমা হলসংলগ্ন এলপিজি সিলিন্ডারের গুদাম, ডেকোরেশন সামগ্রীর দোকান, পুরোনো কাপড়ের দোকানসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে পুড়ে গেছে।
আরও পড়ুন: ময়মনসিংহে ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, সিনেমা হলের পাশে অবস্থিত এলপিজি সিলিন্ডারের গুদাম থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয়দের মতে, রাতের বেলায় হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে তা মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি থাকায় ব্যবসায়ীরা অনেক মালামাল বের করে আনতে পারেননি।
জানা গেছে, পুরোনো একটি জমিদার বাড়িতে পরিচালিত ঝলমল সিনেমা হলটি দীর্ঘদিন ধরে গৌরীপুরের মানুষের বিনোদনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। অগ্নিকাণ্ডের ফলে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।
আরও পড়ুন: ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ গেল সুইডেনপ্রবাসী কাজী দেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন