০৮:৪৭ পি.এম
তুরস্কের পর এবার মিশরও এলজিবিটিকিউ+ পর্যটকদের বহনকারী একটি প্রমোদতরীকে নিজেদের জলসীমায় প্রবেশের অনুমতি দেয়নি। ফলে জাহাজটির জন্য নির্ধারিত আলেকজান্দ্রিয়া সফর বাতিল করতে হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভার্জিন ভয়েজেসের স্কারলেট লেডি নামের জাহাজটিতে উপস্থিত ছিল প্রায় দুই হাজার যাত্রী। তাদের মধ্যে ব্রডওয়ের খ্যাতনামা শিল্পী প্যাটি লুপোনও রয়েছেন। গত বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে যাত্রীরা কেবিনে দেওয়া এক নোটিশে জানতে পারেন, মিশরের অনুমতি না পাওয়ায় বিকল্প বন্দরের খোঁজ করা হচ্ছে।
আটলান্টিস ইভেন্টসের প্রধান নির্বাহী রিচ ক্যাম্পবেল যাত্রীদের উদ্দেশে দেওয়া বার্তায় বলেছেন, মিশরের জলসীমায় প্রবেশের অনুমতি না পাওয়ায় আলেকজান্দ্রিয়ায় নোঙরের পরিকল্পনা বাতিল করা হয়েছে। গত বছর একই রুটে কোনো সমস্যা ছাড়াই ভ্রমণ করা গেলেও এবার এই সিদ্ধান্তে তারা বিস্মিত হয়েছেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
তিনি আরও জানান, আলেকজান্দ্রিয়ায় যাত্রাবিরতির ব্যবস্থা করতে অ্যাটলান্টিস ইভেন্টস ও ভার্জিন ভয়েজেস সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু মিশরের এই সিদ্ধান্ত সকলের জন্য অপ্রত্যাশিত ছিল।
আলেকজান্দ্রিয়া সফরটি মূল পরিকল্পনায় ছিল না। তুরস্ক জাহাজটিকে প্রবেশের অনুমতি না দেওয়ায় শেষ মুহূর্তে মিশরকে বিকল্প গন্তব্য হিসেবে নির্ধারণ করা হয়েছিল। তবে মিশর সরকার কেন অনুমতি দেয়নি, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি।
এর আগে ১০ দিনের এথেন্স-ভেনিস ভ্রমণের অংশ হিসেবে জাহাজটি তুরস্কে যাওয়ার কথা ছিল। কিন্তু দেশটির স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় যে, জাহাজটি এমন একটি গোষ্ঠীর জন্য ভাড়া করা হয়েছে, যাদের আচরণ তুর্কি সমাজের নৈতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে জনমনে উদ্বেগ তৈরি হওয়ায় জাহাজটির সফর বাতিল করা হয়েছে।
জাহাজে থাকা যাত্রী র্যান্ডি স্লোভাচেক নিজের ব্লগে লেখেন, ৩৬ বছরের ইতিহাসে এটি প্রথম যে অ্যাটলান্টিস ইভেন্টসের কোনো জাহাজকে কোনো দেশে নোঙর করতে দেওয়া হলো না। আর এক সপ্তাহের মধ্যে এমন দুটি দেশে ঘটনা ঘটেছে। তিনি লেখেন, ‘তারা যদি আমাদের পর্যটন না চায়, তাহলে আমরা অন্য কোথাও যাব এবং আমাদের অর্থও সেখানেই ব্যয় করব।’
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
এলজিবিটিকিউ+ ভ্রমণ প্রতিষ্ঠান হারমিস হলিডেজের মালিক কাইল ওলসেনের মতে, তুরস্কের সিদ্ধান্তের পর মিশরও একই পথ অনুসরণ করেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ভবিষ্যতে অন্যান্য দেশগুলোও একই ধরনের পদক্ষেপ নিতে পারে।
ওলসেন বলেন, সরকারগুলোর অবস্থান সব সময় ওই দেশের সাধারণ মানুষের মনোভাবের প্রতিফলন নয়। অতীতে বহুবার তুরস্ক ও মিশরে ভ্রমণ করে তারা স্থানীয় মানুষের কাছ থেকে আন্তরিকতা ও উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন।
তিনি জানান, আলেকজান্দ্রিয়া সফরটি যাত্রীদের জন্য এই ভ্রমণের অন্যতম আকর্ষণ ছিল। অনেকেই ব্যক্তিগতভাবে পিরামিড ও জাদুঘর ঘুরে দেখার জন্য আগাম অর্থ ব্যয় করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা ভেস্তে গেছে।
দুই দফা রুট পরিবর্তনের পর এখন জাহাজটি আজ শুক্রবার (১১ জুলাই) গ্রিসের ক্রিট দ্বীপের খানিয়া বন্দরে নোঙর করবে এবং রোববার মন্টেনেগ্রোতে রওনা দেবে।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
আটলান্টিস ইভেন্টসের প্রধান নির্বাহী রিচ ক্যাম্পবেল সিএনএনকে বলেন, তুরস্কের সিদ্ধান্ত ছিল বিস্ময়কর। তার মতে, ‘মূল কারণ ছিল এটি সমকামীদের একটি ভ্রমণ দল।’
তিনি জানান, গত ২৫ বছরে অন্তত ১৩ বার অ্যাটলান্টিস ইভেন্টস তুরস্কে ক্রুজ পরিচালনা করেছে এবং আগে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি। এমনকি তুরস্কে যুক্তরাষ্ট্রের দূতাবাসের হস্তক্ষেপেও সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব হয়নি।
এদিকে ৭৭ বছর বয়সি টনি অ্যাওয়ার্ডজয়ী শিল্পী প্যাটি লুপোন ইনস্টাগ্রামে নিজের হতাশা প্রকাশ করে লিখেছেন, ‘শুধু জাহাজে কারা আছেন, সেই কারণেই তুরস্ক আমাদের প্রবেশ করতে দেয়নি। আমি ক্ষুব্ধ। তবে আমরা অন্য বন্দরে যাব এবং যাত্রীদের জন্য নির্ধারিত অনুষ্ঠান করব।’
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন