১২:৩৫ এম
ঘটনাটিকে পরিকল্পিত ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড হিসেবে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিশ্চিত হতে পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, রবিবার (২৬ জুলাই) সকালে ক্যাম্পে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা পানি পান করতে গিয়ে দুর্গন্ধ ও পানিতে সাদা ফেনা দেখতে পান। সন্দেহ হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে পানি পান করা থেকে বিরত থাকেন। পরে পানির সরবরাহ লাইনের ট্যাংক খুলে সেখানেও ফেনা দেখতে পাওয়া যায়।
খবর পেয়ে জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পানির নমুনা সংগ্রহ করেন। পুলিশের একটি সূত্র জানিয়েছে, পানির সরবরাহ লাইনের কাছাকাছি এলাকা থেকে বিষের একটি খালি কৌটাও উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সিরাজুল ইসলাম বলেন, তীব্র দুর্গন্ধ থেকে ধারণা করা হচ্ছে, ফসলের ক্ষেতে ব্যবহৃত কোনো কীটনাশক পানিতে মেশানো হতে পারে। পুরো সরবরাহ লাইনে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত ও অন্তর্ঘাতমূলক বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, সময়মতো বিষয়টি শনাক্ত হওয়ায় ক্যাম্পের কোনো পুলিশ সদস্য ওই পানি পান করেননি।
প্রসঙ্গত, জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক সন্ত্রাসী বাহিনীর তৎপরতার অভিযোগ রয়েছে। পাহাড় কেটে সরকারি জমি দখল ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে।
এর আগে, বিভিন্ন সময়ে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। সন্ত্রাসীদের হামলায় র্যাবের এক কর্মকর্তার মৃত্যুর পর সেখানে যৌথবাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন