শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:৪৪ পি.এম
বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারের উদ্দেশ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যাত্রা শুরু করেছে ‘কনফুসিয়াস ইনস্টিটিউট’। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ইনস্টিটিউটটির।
এই কনফুসিয়াস ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চীনের ইয়ুননান মিনজু বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। এটি বাংলাদেশে চতুর্থ কনফুসিয়াস ইনস্টিটিউট এবং দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রথম।
সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে চাইনিজ ইন্টারন্যাশনাল এডুকেশন ফাউন্ডেশনের অনুমোদন পাওয়ার পর একই বছরের নভেম্বরে বেইজিংয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড চাইনিজ ল্যাঙ্গুয়েজ কনফারেন্স’-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইয়ুননান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর পরবর্তী ধাপে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউটটির কার্যক্রম শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের সিপিসি ইয়ুননান প্রাদেশিক কমিটির স্থায়ী কমিটির সদস্য চাও চুনমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
অনুষ্ঠানে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান মন্তব্য করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি স্মরণীয় মাইলফলক। এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে একাডেমিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং বন্ধুত্বের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
তিনি কনফুসিয়াস ইনস্টিটিউটকে ভাষা শিক্ষার কেন্দ্র হিসেবে নয়, বরং দুই দেশের মানুষ, সংস্কৃতি ও চিন্তাধারাকে যুক্ত করার একটি শক্তিশালী সেতু হিসেবে উল্লেখ করেন। উপাচার্য বলেন, ইনস্টিটিউটটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের পাশাপাশি স্থানীয় জনগণের জন্য চীনা ভাষা, সংস্কৃতি, ইতিহাস এবং দেশটির আধুনিক উন্নয়ন সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে।
অধ্যাপক আল্-ফোরকান আরও বলেন, মানসম্পন্ন ভাষা শিক্ষা ও গবেষণা বিনিময়ের সুযোগ তরুণ প্রজন্মের একাডেমিক গতিশীলতা ও আন্তর্জাতিক গবেষণার ক্ষেত্রকে আরও বিস্তৃত করবে। তিনি আশা প্রকাশ করেন যে, এটি পর্যটন ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করবে। এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
ইয়ুননান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির সম্পাদক রুয়ান ছাওছি বলেন, ভবিষ্যতে বাংলাদেশে আরও দক্ষ শিক্ষক পাঠানোর পাশাপাশি বাংলাদেশি তরুণদের চীনে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে সহযোগিতা করবে তাঁর বিশ্ববিদ্যালয়। কনফুসিয়াস ইনস্টিটিউট দুই দেশের তরুণদের চীনা ভাষা শেখার পাশাপাশি পারস্পরিক বন্ধুত্ব ও বোঝাপড়া বাড়ানোর গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধান অতিথি চাও চুনমিন বলেন, ইয়ুননান প্রদেশ কনফুসিয়াস ইনস্টিটিউটের কার্যক্রমে ধারাবাহিকভাবে সহযোগিতা করবে। একই সঙ্গে দুই বিশ্ববিদ্যালয়কে নিজেদের বৈশিষ্ট্য ও দক্ষতা কাজে লাগিয়ে ইনস্টিটিউটটিকে আরও সমৃদ্ধভাবে গড়ে তুলতে সহায়তা করা হবে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চট্টগ্রাম অঞ্চলের শিল্পায়ন এবং বাংলাদেশ-চীন বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরিতে কনফুসিয়াস ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, অর্থনীতি ও জনগণের পারস্পরিক যোগাযোগ আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হবে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন আশা প্রকাশ করে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট নতুন উদ্যোগ ও অভিজ্ঞতার মাধ্যমে দেশের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্যও দৃষ্টান্ত তৈরি করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, ইয়ুননান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির সম্পাদক রুয়ান ছাওছি, কনফুসিয়াস ইনস্টিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ।
এ ছাড়া বাংলাদেশ ও চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান, কনফুসিয়াস ইনস্টিটিউট, চীনা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। পরে অতিথিরা সম্মিলিতভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের নামফলক উন্মোচন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানটি দুই দেশের সংস্কৃতির নানা পরিবেশনা দ্বারা সজ্জিত ছিল। ইয়ুননান মিনজু বিশ্ববিদ্যালয়ের পরিবেশনায় ঐতিহ্যবাহী সিংহনৃত্য এবং চীনা মার্শাল আর্ট ‘দ্য উশু স্পিরিট অব চায়না’ দর্শকদের আকর্ষণ করে। অন্যদিকে বিকেএসপির পরিবেশনায় ছিল ‘দ্য রিদমস অব বাংলাদেশ’। ইয়ুননান মিনজু বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যয়নরত চীনা শিক্ষার্থীরাও বাংলা গান পরিবেশন করেন।
বাংলাদেশ ও চীনের শিল্পী-শিক্ষার্থীদের এসব পরিবেশনার মাধ্যমে দুই দেশের সংস্কৃতির বৈচিত্র্য ও পারস্পরিক বন্ধুত্বের চিত্র ফুটে ওঠে।
সংশ্লিষ্টরা আশা করছেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রথম কনফুসিয়াস ইনস্টিটিউট হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ প্রতিষ্ঠান চীনা ভাষা শিক্ষার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠবে। একই সঙ্গে দুই দেশের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের মধ্যে যোগাযোগ এবং পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও বাড়াবে প্রতিষ্ঠানটি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিলো 'Empowering Pharmacists to Power Healthcare Futures'।
রবিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে এই দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে একটি আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
বিশ্ব ফার্মাসিস্ট দিবসের উদযাপন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এবং উপস্থিত অতিথিরা দিবসটির উদ্দেশ্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আহমেদ তন্বী দিবসটির গুরুত্ব তুলে ধরে বলেন, 'প্রতি বছর ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালন করা হয় এবারের প্রতিপাদ্যে পরিবেশের বার্তা দেয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ফার্মাসিস্টদের ক্ষমতায়নের জন্য জরুরি মাত্র ইন্ডাস্ট্রি বেসড না থাকা, হসপিটাল এবং কমিউনিটি ফার্মাসিস্টদের শক্তিশালী করা তাহলেই যেই এন্টিবায়োটিক রেসিস্টেন্স বা ড্রাগ ইরেশনাল ইউজ বন্ধ করা সম্ভব। স্বাস্থ্যখাতে উন্নতির জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন জরুরি।'
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন বলেন, 'বাংলাদেশে নিরাপদ ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ ব্যবহার এবং অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কমিউনিটি ও হাসপাতাল—উভয় ক্ষেত্রেই রোগীকে সঠিক পরামর্শ ও ওষুধ ব্যবস্থাপনা নিশ্চিত করা আমাদের লক্ষ্য।'
ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফারজানা পারুল ভবিষ্যৎ ফার্মাসিস্টদের উদ্দেশ্যে বলেন, 'তোমরাই আগামী দিনের দক্ষ, মানবিক ও দায়িত্বশীল ফার্মাসিস্ট। তাই শুধু ভালো পেশাজীবী নয়, একজন ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তোলো। আসুন, জ্ঞান, নৈতিকতা ও সেবার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী করি।'
এসময় অনুষ্ঠানে স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফুয়াদ হোসেন, ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম এবং ফার্মেসি বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রামের মিরসরাই বিসিক শিল্প নগরীতে অবস্থিত 'নাছির কারখানা' নামে একটি ক্যামিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা বিকট শব্দের সাথে সংঘটিত হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়্যারলেস এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
এ বিষয়ে জানা গেছে যে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। কারখানায় কেমিক্যাল থাকার কারণে সন্ধ্যা ৭টা নাগাদ আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন সার্ভিসের কর্মকর্তা হ্লা মারমা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
এদিকে, কারখানায় আগুন লাগার পর থেকে নাছির কারখানার কর্মকর্তারা গা ঢাকা দেন। ঘটনাস্থলে গিয়ে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাজ্য এবং তিন মুসলিম প্রতিবেশী ও আঞ্চলিক অংশীদার তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাত, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের প্রশংসা করেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) আল জাজিরার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক্সে প্রকাশিত একটি পোস্টে যুক্তরাজ্যের পাশাপাশি এই তিন মুসলিম দেশের পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট জানান, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরু হওয়ার পর ইরানের অর্থনৈতিক ও সামরিক নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার জন্য বিশ্বজুড়ে মার্কিন কূটনৈতিক প্রতিনিধি দল পাঠানো হয়েছিল। এই আন্তর্জাতিক প্রচেষ্টা এখন ইতিবাচক ফলাফল দিতে শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের অংশ হিসেবে তুরস্ক ও ওমান তাদের আকাশসীমায় ইরানি বিমান সংস্থা ‘মাহান এয়ার’-এর ফ্লাইট চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত ইরানের সব এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, এই দেশগুলোর শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলো ইরানের সঙ্গে সকল লেনদেন বন্ধ করে দিয়েছে।
স্কট বেসেন্ট বলেন, আন্তর্জাতিক এই সহযোগিতার জন্য চার দেশের সরকারের প্রতি ওয়াশিংটনের কৃতজ্ঞতা রয়েছে। তবে, তেহরান যাতে তাদের উগ্রপন্থী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন চালিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে যুক্তরাজ্য এবং মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এই ঘটনা সংঘটিত হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা স্টুডিওতে প্রবেশ করে সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রাংশ ও রুমের অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়। একইসঙ্গে স্টুডিওর বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে তছনছ করা হয়।
ঘটনার বিষয়ে সালমান মুক্তাদির জানান, "চাঁদার ঘটনাকে কেন্দ্র করে এ হামলা হয়েছে।" হামলা ও ভাঙচুরের পাশাপাশি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলেও তিনি উল্লেখ করেন।
ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার আহসান হাবিব জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মামুন ও আসলাম।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেন, "ইসিবি চত্বরে একটি অফিসে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।" ঘটনাস্থল থেকে ছোরাসহ দুজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ