প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের পেট্রাপোল সীমান্তে পলাতক নিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ চার নেতা সেখানে গিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরানোর উদ্দেশ্যে বৈঠক করেছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে। এই খবরের পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বেনাপোল সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গ্রামবাসীরাও বিজিবির সাথে রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছে।
রোববার (২২ নভেম্বর) পেট্রাপোল সীমান্ত এলাকায় আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, আলাউদ্দিন নাফিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ কয়েকজন পলাতক নেতা বৈঠক করেছেন বলে গুজব ছড়িয়েছে।
গুজব ছড়িয়ে পড়ার পর রোববার রাত থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়ন সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং টহল ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিশেষ করে রাতে কেউ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া, বিনা কারণে রাতের বেলায় সীমান্ত এলাকায় ঘোরাফেরা না করার জন্য বিজিবির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। সীমান্তজুড়ে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে বেনাপোল চেকপোস্ট, রঘুনাথপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, গোগা, দৌলতপুর সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। গ্রামবাসীরা বিজিবির সাথে রাত জেগে সীমান্ত পাহারা দিতে দেখা যাচ্ছে।
এদিকে, রবিবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ, লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন। সমাবেশে অংশ নেন বন্দরের হাজার হাজার শ্রমিক।
হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক শহিদ আলী বলেন- "স্বৈরাচার শেখ হাসিনা বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসার ঘোষণা দিয়েছেন। বেনাপোল দিয়ে আসার চেষ্টা করলে তাঁকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, "আওয়ামী লীগের শীর্ষ চার নেতা পেট্রাপোল সীমান্ত ঘুরে গিয়েছেন এধরনের কোন খবর আমার জানা নেই। তবে শুনেছি পেট্রাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।"
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার দুপুরে একটি সাদা গাড়িতে করে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে পৌঁছান আওয়ামী লীগের নেতারা। তাদের মধ্যে ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। প্রায় দুই ঘণ্টা পর তারা কলকাতার উদ্দেশে রওনা হন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান বলেন, "সীমান্তের ওপারে আওয়ামী লীগের শীর্ষ চার নেতা বৈঠক করেছেন এমন কোন খবর আমার জানা নেই।" তিনি বলেন- "দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানা অপপ্রচার চালাচ্ছে।" দলটির নেতাকর্মীরা যাতে কোনোভাবেই সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, "সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন