০৬:২৮ পি.এম
আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং খাল-জলাশয় দখল ও পরিবেশবিরোধী প্রকল্পের কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকায় বন্যাকবলিত স্থান পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়েছে। হাওরাঞ্চলে প্রাকৃতিক পানিপ্রবাহের বিষয়টি বিবেচনা না করেই বিভিন্ন স্থাপনা ও সড়ক নির্মাণের কারণে জলাবদ্ধতা বৃদ্ধি পেয়েছে, জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাচ্ছে এবং অনেক প্রজাতির মাছ বিলুপ্তির মুখে পড়ছে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
তিনি আরও জানান, বর্তমান সরকার পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করছে। চলমান বন্যা পরিস্থিতিতে সরকার ও বিএনপি সদা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে রয়েছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত ভার্চুয়াল বৈঠক করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা নিজস্ব উদ্যোগে ত্রাণ সহায়তা নিয়ে দুর্গতের পাশে দাঁড়াচ্ছেন।
পরিদর্শন এবং ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মো: হেলাল উদ্দিন, সদস্য সরওয়ার হোসেন মাসুদ, জাগির হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনির, সদস্য জুয়েল, শফিউল এবং হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন