ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পৌরসভা যুব জামায়াত সড়কের গর্তে ইট ফেলে চলাচলের উপযোগী করেছে


পৌরসভা যুব জামায়াত সড়কের গর্তে ইট ফেলে চলাচলের উপযোগী করেছে

নোয়াখালীর সেনবাগ পৌরশহরের দীর্ঘদিনের খানাখন্দ ও গর্তে ভরা সড়ককে সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তুলেছে সেনবাগ পৌরসভা যুব জামায়াত। মঙ্গলবার বিকেলে সেনবাগ প্রেসক্লাবের সামনে থেকে উপজেলা গেট হয়ে সরকারি হাসপাতাল ও জিস চৌধুরী বিল্ডিং সংলগ্ন মায়া হাসপাতাল পর্যন্ত সড়কের বিভিন্ন গর্তে ইটের আধলা ফেলে সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয়। এই উদ্যোগটি ব্যক্তিগতভাবে পরিচালনা করেন সেনবাগ পৌরসভা যুব জামায়াতের সভাপতি মো. আলাউদ্দিন আলো।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এর ফলে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের জন্য দুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

সড়কটির পুনর্নিমাণকাজ শুরু হলেও সম্প্রতি কিছুদিন ধরে কাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে সাময়িকভাবে গর্তগুলো ভরাট করার উদ্যোগ নেওয়া হয়। কার্যক্রমের উদ্বোধন করেন সেনবাগ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিম। এ সময় পৌর জামায়াতের আমির ইয়াসিন মিয়াজী, জামায়াতে ইসলামী যুব শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান পাটোয়ারী, ৪ নম্বর কাদরা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু শাকের, পৌর যুব শাখার সভাপতি আলাউদ্দিন আলো, যুব শাখার সেক্রেটারি ইলিয়াসসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

মাওলানা ইয়াছিন করিম মন্তব্য করেন, সড়কের প্রায় ৫০ গজ এলাকায় দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ ব্যাহত হওয়ায় মানবিক দিক বিবেচনা করে সাময়িকভাবে গর্তগুলো ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের চলাচলের সুবিধার্থে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে। পাশাপাশি সড়কটির স্থায়ী সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। স্থানীয় বাসিন্দারা সড়কের গর্তে ইট ফেলে চলাচলের উপযোগী করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে তারা সাময়িক সংস্কারের পাশাপাশি দ্রুত সড়কটির স্থায়ী সংস্কার ও উন্নয়নকাজ শেষ করার দাবি জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক নির্মূল শুধু আইন প্রয়োগে সম্ভব নয়: পুলিশ সুপার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


মাদক নির্মূল শুধু আইন প্রয়োগে সম্ভব নয়: পুলিশ সুপার

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব শাহতলীতে অনুষ্ঠিত হয়েছে একটি মাদকবিরোধী সুধী সমাবেশ। এই সমাবেশটি গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকালে পূর্ব শাহতলী কেন্দ্রীয় ঈদগাঁও ময়দানে পূর্ব শাহতলী মাদকবিরোধী প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর।

সমাবেশের সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদী। অনুষ্ঠানের পরিচালনা করেন স্থানীয় বিএনপির নেতা মো. জাহাঙ্গীর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহম্মেদ, এসআই আওলাদ হোসেন এবং ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ।

অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল কবীর প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তিনি তরুণ প্রজন্মকে এই করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, “শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল সম্ভব নয়; অভিভাবকদের নিজ সন্তানদের ওপর নজরদারি বাড়াতে হবে এবং তাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন, আপনাদের তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে।”

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান এবং চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফয়েজ আহম্মেদ।

সমাবেশে আরও বক্তব্য রাখেন লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতার হোসেন, পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন, এবং মাদক নির্মূল কমিটির সভাপতি জহির চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার শত শত সচেতন মানুষ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬টি পিয়ারে দেখা ফাটল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


মেট্রোরেলের ২৭টি বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬টি পিয়ারে দেখা ফাটল

মেট্রোরেল রুটের ২৭টি ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডকে ‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে রুটের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ফাটল বা ক্র্যাক শনাক্ত হয়েছে। এসব ত্রুটি মোকাবিলায় ২৭টি বিয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিস্থাপন এবং ফাটলযুক্ত পিয়ারগুলো পরীক্ষা ও মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এ প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

মন্ত্রী জানান, সেফটি অডিট কমিটির প্রতিবেদনে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটের ৭৩০টি বিয়ারিং প্যাড পরীক্ষা করা হয়েছে। সবগুলোকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়নি। ১৪৭টি প্যাডের ত্রুটি ‘মাইনর’ হিসেবে শনাক্ত হয়েছে। আরও ২৯৭টি প্যাডের ত্রুটি মূলত স্থাপন ওয়ার্কম্যানশিপ সংক্রান্ত। আর ২৭টি বিয়ারিং প্যাডকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সেফটি অডিট কমিটির প্রতিবেদনে ৪৬টি পিয়ারেও বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটলের কথা উঠে এসেছে। এসব ফাটলের ঝুঁকি নিরূপণ এবং মেরামতের কৌশল ঠিক করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েটকে স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগের প্রক্রিয়া চলছে।

ফাটল পরিমাপ ও নিয়মিত পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ বসানো হচ্ছে। পাশাপাশি বিয়ারিং প্যাডের স্থানচ্যুতির মতো সমস্যা হতে পারে এমন ১০টি ক্ষেত্রে স্টিল ব্র্যাকেট স্থাপন করা হয়েছে। ২৭টি বিয়ারিং প্যাডে বসানো হয়েছে সেটেলমেন্ট মার্কার।

মেট্রোরেলের নিরাপত্তা অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নে ইতোমধ্যে এসব কার্যক্রম শুরু হয়েছে বলে সংসদে জানান মন্ত্রী। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত ২৭টি বিয়ারিং প্যাড ৩০ নভেম্বরের মধ্যে প্রতিস্থাপন করার কথা রয়েছে।

সংসদে কর্ণফুলী টানেল নিয়েও তথ্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে তিনি বলেন, টানেলকে কেন্দ্র করে আগে যেসব বিনিয়োগের সম্ভাবনা চিহ্নিত করা হয়েছিল, নানা কারণে সেগুলো যথাসময়ে বাস্তবায়ন করা যায়নি।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর কর্ণফুলী টানেলকে ঘিরে শিল্পায়ন ও বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। টানেলটিকে শুধু যোগাযোগ অবকাঠামো হিসেবে নয়, দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, পর্যটন বিকাশ এবং আঞ্চলিক ভারসাম্যপূর্ণ উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

তিনি বলেন, কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে ১০ হাজার ২৫৫ কোটি ২৯ লাখ টাকা। প্রকল্পটির নির্মাণ ও বাস্তবায়ন নিয়ে ইতোমধ্যে বিভিন্ন প্রশ্ন উঠেছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন, দুদক তদন্ত করছে।

সংসদে সড়ক পরিবহনমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন, বিআরটিসির মোট বাস রয়েছে ১ হাজার ২৯৮টি। এর মধ্যে সচল ১ হাজার ১৭২টি এবং অচল ১২৬টি।

বিআরটিসির ট্রাক রয়েছে ৫২৫টি। এর মধ্যে ৪৯৪টি সচল এবং ৩১টি অচল।

ঢাকা, বগুড়া ও চট্টগ্রাম শহরে ১৩টি রুটে বর্তমানে ১৪টি মহিলা বাস বা ‘পিংক বাস’ সার্ভিস পরিচালিত হচ্ছে। সারা দেশে এই সেবা সম্প্রসারণের লক্ষ্যে আরও ১০০টি ইলেকট্রিক ভেহিক্যাল বা ইভি আমদানির কার্যক্রম চলছে বলে জানান মন্ত্রী।

সংসদে সড়ক পরিবহন আইন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আইন অনুযায়ী ব্যাটারিচালিত অটোরিকশাকে অযান্ত্রিক যান হিসেবে গণ্য করা হয়। জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে এসব অটোরিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।

সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৫ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করা হয়েছে। একই সময়ে ৮১ কিলোমিটার নতুন ফ্লেক্সিবল পেভমেন্ট এবং ৫৯ কিলোমিটার রিজিড পেভমেন্ট নির্মাণ করা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ওই অর্থবছরে ২৫৯ দশমিক ৫৩ কিলোমিটার সড়ক প্রশস্ত করা হয়েছে। ১৫৮ কিলোমিটার সড়ক শক্তিশালীকরণ এবং ২৫৮ কিলোমিটার মহাসড়ক পুনঃপৃষ্ঠায়নের কাজ শেষ হয়েছে।

এ সময়ে ৪ হাজার ৫৮৮ মিটার দৈর্ঘ্যের ৫৮টি সেতু এবং ১ হাজার ১৫২ মিটার দৈর্ঘ্যের ২১৪টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ৭০০ মিটার দৈর্ঘ্যের একটি ফ্লাইওভার, ৪২ মিটার দৈর্ঘ্যের একটি ওভারপাস এবং মোট ২১ দশমিক ৩৫ মিটার দৈর্ঘ্যের দুটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে।

বর্তমানে ১৫ হাজার ৮৫১ কোটি ৮ লাখ টাকা এডিপি বরাদ্দে সড়ক পরিবহন ও সেতু খাতের ৯৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে বলে সংসদে জানান মন্ত্রী।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, দেশে বর্তমানে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ২৭ হাজার ১৮২টি মামলা বিচারাধীন রয়েছে।

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের প্রশ্নের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, দেশে বছরে বস্ত্রের চাহিদা প্রায় ৮০০ কোটি মিটার। এর মধ্যে নীট কাপড়ের চাহিদা ৪০০ কোটি মিটার এবং ওভেন কাপড়ের চাহিদাও ৪০০ কোটি মিটার।

দেশে নীট কাপড়ের ঘাটতি প্রায় ১০ শতাংশ। আর ওভেন কাপড়ের ঘাটতি প্রায় ৬০ শতাংশ বলে জানান তিনি।

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলীমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে পাটকল রয়েছে ২৬৬টি। এর মধ্যে ১৯৩টি পাটকল চালু রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের আনসার সদস্যর হত্যাকাণ্ডে ২জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


টাঙ্গাইলের আনসার সদস্যর হত্যাকাণ্ডে ২জন গ্রেপ্তার

টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন হানিফ শেখ (৩৭), যিনি সাময়িকভাবে বরখাস্ত হওয়া এক আনসার সদস্য।

এই ঘটনা ঘটেছে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে, উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায়। পুলিশ সন্দেহভাজন হিসেবে দুইজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন, হাবলা উত্তর পাড়ার মৃত মুক্তার আলীর ছেলে, ডায়মন্ড (৩৮) এবং অপরজন একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মদদ মিয়া (৪৩)। নিহত হানিফ শেখ ছিলেন হাবলা উত্তরপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খানের সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা হানিফের ওপর হামলা করে। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে এবং পরে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (এএসআই) মো. আতিকুর রহমান জানান, হানিফ নামের সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর এ বিষয়ে বলেন, ঘটনার পর সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বুধবার টাঙ্গাইল কোটে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার রাতেই নিহতের স্ত্রী মনিরা সুলতানা ২০ জনকে আসামি করে বাসাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইকোর্টের নির্দেশ, মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি নেই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


হাইকোর্টের নির্দেশ, মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি নেই

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি ছাড়া সড়ক ও মহাসড়কে স্লিপার বাসের চলাচল নিষিদ্ধ করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনের প্রতি আদালত সাড়া দেয়নি। বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (৯ সেপ্টেম্বর) এই আদেশ প্রদান করেন।

আদালত উল্লেখ করেছেন, বিআরটিএ যেসব বাসকে চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেসব বাসই সড়কে চলাচল করতে পারবে। এর ফলে বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চালানোর কোনো সুযোগ নেই।

স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন আদালতে আবেদন করেছিল। শুনানির সময় বিআরটিএর পক্ষ থেকে এ ধরনের বাস চলাচলের অনুমোদন এবং বিদ্যমান আইনি কাঠামোর বিষয়টি তুলে ধরা হয়। আদালতে বিআরটিএর পক্ষ থেকে একটি প্রতিবেদনও উপস্থাপন করা হয়।

বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। তিনি জানান, স্লিপার বাস মালিক অ্যাসোসিয়েশন মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে আবেদন করেছিল। এ সময় তিনি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিধানগুলো আদালতের সামনে উপস্থাপন করেন।

রাফিউল ইসলাম আরও জানান, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪০-এ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য বা টেকনিক্যাল স্পেসিফিকেশন নির্ধারণ করা হয়েছে। যদি কোনো যানবাহন নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্য লঙ্ঘন করে, তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এই ধরনের অপরাধের জন্য আইন ৮৪ ধারায় সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

এছাড়া, সড়ক পরিবহন আইনের ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে চলাচল করতে পারবে না, এই বিষয়টিও আদালতকে জানান বিআরটিএর আইনজীবী।

শুনানি শেষে আদালতের অবস্থান তুলে ধরে রাফিউল ইসলাম বলেন, বিআরটিএ যেসব বাসের চলাচলের অনুমতি দিয়েছে, সেগুলোই কেবল সড়কে চলতে পারবে। স্লিপার বাসের চলাচলের অনুমতি নেই এবং এ বিষয়ে হাইকোর্টও কোনো অনুমতি দেয়নি।

অর্থাৎ, আদালতে আবেদন করলেই মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি পাওয়া যাবে না। বিআরটিএর প্রয়োজনীয় অনুমোদন, রুট পারমিট এবং সংশ্লিষ্ট কারিগরি শর্ত পূরণ করেই এসব বাস পরিচালনা করতে হবে।

আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম আল ফেসানি। তিনি জানান, মহাসড়কে স্লিপার বাস চলাচলের অনুমতি সংক্রান্ত বিআরটিএর একটি প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়েছিল। ওই প্রতিবেদনের ভিত্তিতে আদালত বিআরটিএ অনুমোদিত বাস চলাচলের বিষয়টি স্পষ্ট করেন।

এর আগে মহাসড়কে স্লিপার বাস চলাচলের বৈধতা নিয়ে আদালতে আবেদন করা হয়েছিল। আবেদনে সড়ক নিরাপত্তার বিষয়টি তুলে ধরে অননুমোদিত স্লিপার বাস চলাচল বন্ধে নির্দেশনা চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত অনুমোদনহীন বাস চলাচলের সুযোগ না দেওয়ার অবস্থান স্পষ্ট করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%