০২:০৫ পি.এম
ঋণখেলাপির দায়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে জয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাতিল করে দিয়েছেন। এ কারণে আসলাম চৌধুরী সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।
তবে চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হবে কি না, নয়তো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে—এ বিষয়ে সিদ্ধান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই রায় প্রদান করেছেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এবারে, হাইকোর্টের দেওয়া একটি রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। ওই রায়ে আসলাম চৌধুরীকে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল বলে জানা যায়। জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে আপিল করেন। আনোয়ার সিদ্দিকী অভিযোগ করেছেন, আসলাম চৌধুরী ঋণখেলাপি হওয়ায় তার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত ছিল না।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হন। তবে আপিল বিভাগের আগের নির্দেশ অনুযায়ী তার নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি।
আনোয়ার সিদ্দিকীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির দ্য ডেইলি স্টারকে বলেন, আজকের আপিল বিভাগের রায়ের ফলে ঋণখেলাপির দায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হয়েছে। তিনি আরও বলেন, এখন চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হবে নাকি আনোয়ার সিদ্দিকীকে নির্বাচিত ঘোষণা করা হবে, তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করার পর জানা যাবে।
এর আগে ১৫ জুন আপিল বিভাগ এই মামলার রায় ঘোষণার জন্য আজকের তারিখ নির্ধারণ করেছিলেন।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
৩ ফেব্রুয়ারি আনোয়ার সিদ্দিকীর করা আপিলের শুনানি শেষে আপিল বিভাগ নির্বাচন কমিশনকে আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দেয়। তবে আদালত নির্দেশ দিয়েছে, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম-৪ আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা যাবে না।
এর পর আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। কিন্তু আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম-৪ আসনের ফলাফল এখন পর্যন্ত স্থগিত রয়েছে।
আপিল শুনানির সময় আদালতের বন্ধু (অ্যামিকাস কিউরি) হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও প্রবীর নিয়োগী আদালতে বক্তব্য উপস্থাপন করেন। জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিকীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও মো. মিফতাহ উদ্দিন চৌধুরী। এছাড়াও ব্যাংক এশিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম ও যমুনা ব্যাংকের পক্ষে আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির শুনানিতে অংশ নেন।
আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন