০১:১৩ পি.এম
খুলনায় প্রেমের সম্পর্ক মেনে নিতে না পারার জের ধরে ১৬ বছর বয়সি আরফানা হোসেন নির্জনাকে হত্যার অভিযোগ এসেছে তার বাবা ও মায়ের বিরুদ্ধে।
শনিবার (১১ জুলাই) সকালে কেএমপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘটনার বিস্তারিত জানানো হয়েছে।
পুলিশের তথ্যানুযায়ী, গত বুধবার (৮ জুলাই) রাত ৯টার দিকে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে একটি প্লাস্টিকের বস্তার ভেতর একটি অজ্ঞাত কিশোরীর মরদেহ পাওয়া যায়। পুলিশ পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ঘটনার গুরুত্ব বিবেচনায় পিবিআই ও সিআইডি সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতায় নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগীর ছবি প্রকাশ, বেতার বার্তা প্রচার এবং বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে। পরিচয় নিশ্চিত না হওয়ার কারণে শুক্রবার (১০ জুলাই) খুলনা সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
তদন্তের ২৪ ঘণ্টার মধ্যেই নিহতের পরিচয় শনাক্ত হয়। জানা যায়, নিহত কিশোরী সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকার বাসিন্দা আরফানা হোসেন নির্জনা। পরে তার বাসায় গিয়ে পুলিশ মা আরিফা ইয়াসমিন সিমাকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে তিনি বিভ্রান্তিকর তথ্য দিলেও নিবিড় জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজস্ব সম্পৃক্ততার কথা স্বীকার করেন। এরপর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পুলিশের বক্তব্য অনুযায়ী, মেয়ের বিভিন্ন ছেলের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে তর্কের এক পর্যায়ে বাবা মো. আলিম হোসেন আকাশ মেয়ের মাথায় লাঠি দিয়ে তিন-চারটি আঘাত করেন। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মেয়েটির মৃত্যু হয়। পরে মরদেহটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে ফেলে রেখে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়।
এ বিষয়ে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা-মা অভিযুক্ত হওয়ায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। অভিযুক্ত অপর আসামি, মেয়েটির বাবা, গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন