ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাজস্ব ব্যবস্থাপনার ডিজিটাল কার্যক্রমে ব্যবসায়ীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান


রাজস্ব ব্যবস্থাপনার ডিজিটাল কার্যক্রমে ব্যবসায়ীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ ব্যবসায়ীদের অটোমেটেড রাজস্ব ব্যবস্থাপনা ও ডিজিটাল কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমে কমপ্লায়েন্স নিশ্চিত করার পাশাপাশি কর প্রদানে বিদ্যমান প্রতিবন্ধকতা এড়াতে এটি অত্যন্ত জরুরি।

আজ বৃহস্পতিবার ডিসিসিআই মিলনায়তনে ‘২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট, ট্যাক্স, শুল্ক আইন এবং ব্যক্তিগত ই-রিটার্ন ব্যবস্থাপনায় পরিবর্তন ও পরিমার্জন’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম)-এর অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি

সূচনা বক্তব্যে তাসকীন আহমেদ উল্লেখ করেন, চলতি অর্থবছরের বাজেটে সরকার ভ্যাট, আয়কর, কাস্টমস ডিউটি এবং ই-রিটার্ন ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন এনেছে। ব্যবসায়িক কার্যক্রমে কমপ্লায়েন্স নিশ্চিত করার জন্য সংশোধিত নীতিমালা সম্পর্কে সম্যক ধারণা অর্জন করা প্রয়োজন।

তিনি বলেন, সরকারের প্রবর্তিত অটোমেটেড রাজস্ব ব্যবস্থাপনা ও ডিজিটাল কার্যক্রম সম্পর্কে উদ্যোক্তাদের জ্ঞান অর্জন জরুরি, যাতে তারা কর প্রদানে বিদ্যমান প্রতিবন্ধকতা এড়াতে পারে এবং জিডিপিতে করের অবদান বাড়াতে পারে।

নির্ঝর আহমেদ বলেন, রাজস্ব প্রদানের মাধ্যমে দেশের উদ্যোক্তারা সরকারের বিভিন্ন কার্যক্রমে অর্থের জোগান দিয়ে থাকেন। সুতরাং, ব্যবসায়ের সব ক্ষেত্রে কমপ্লায়েন্স নিশ্চিত করতে রাজস্ব ব্যবস্থাপনার পরিবর্তিত নিয়মনীতি সম্পর্কে উদ্যোক্তাদের সচেতন থাকতে হবে।

তিনি আরও জানান, চলতি বছরের বাজেটে ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়ন, ব্যাংক হিসাব খোলা, বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ ও নবায়নসহ বেশ কিছু ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন (বিআইএন) বাধ্যতামূলক করা হয়েছে। যেসব উদ্যোক্তার এখনও ভ্যাট নিবন্ধন নেই, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

নির্ঝর আহমেদ জানান, ভ্যাট আইনের ৬৪ ধারায় প্রতি এক কর মেয়াদের পরিবর্তে তিন কর মেয়াদে ভ্যাট রিটার্ন দাখিলের সুযোগ দেওয়া হয়েছে। এর ফলে ব্যবসা পরিচালনা আরও সহজ হবে।

তিনি বলেন, আপিলাত ট্রাইব্যুনালে আপিলের ক্ষেত্রে দাবিকৃত করের ১০ শতাংশ জমা দেওয়ার বিধান সংশোধন করে আপিলাত ট্রাইব্যুনালের ক্ষেত্রে ১ শতাংশ এবং হাইকোর্টের ক্ষেত্রে ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর ফলে ব্যবসায়িক ব্যয় অনেকাংশে কমবে।

কর্মশালায় আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) বিষয়ে দুটি সেশন অনুষ্ঠিত হয়। এসব সেশনে ঢাকা চেম্বারের কাস্টমস ও ভ্যাট স্ট্যান্ডিং কমিটির উপদেষ্টা স্নেহাশীষ বড়ুয়া এবং যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল আলম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তারা অংশগ্রহণকারীদের সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত ধারণা দেন।

কর্মশালায় ডিসিসিআইয়ের সদস্যভুক্ত শতাধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় ডিসিসিআই পরিচালক এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিশ্ববাজারে সোনার দাম বেড়ে গেল, বিনিয়োগকারীদের নজর ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্মাণকাজে অসঙ্গতি, উৎসব সুপারশপকে সিডিএ’র ৮ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


নির্মাণকাজে অসঙ্গতি, উৎসব সুপারশপকে সিডিএ’র ৮ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম, ২৭ আগস্ট, ২০২৬ : চট্টগ্রামের হালিশহর এক্সেস রোডে অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণকাজের অসঙ্গতি এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকার কারণে উৎসব সুপার শপকে ৮ লাখ টাকা জরিমানা আরোপ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

আজ বৃহস্পতিবার সকালে উৎসব সুপার মার্কেটের আউটলেটে অভিযান পরিচালনা করে সিডিএ’র স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন। এই অভিযানে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনও নেতৃত্ব দেন।

সিডিএ কর্মকর্তাদের মতে, পরিদর্শনের সময় বাণিজ্যিক ভবনটির অনুমোদিত নকশা অনুযায়ী প্রয়োজনীয় পার্কিং সুবিধা পাওয়া যায়নি। ভবন কর্তৃপক্ষ জানায় যে, তারা রাস্তার জায়গা ব্যবহার করে গাড়ি রাখছে, কিন্তু কর্তৃপক্ষ সেটিকে অনুমোদিত পার্কিং ব্যবস্থা হিসেবে গ্রহণযোগ্য মনে করেনি।

অভিযানের সময় ভবন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুমোদিত নকশা প্রদর্শন করতে পারেনি। পরবর্তীতে ভবনটির বিভিন্ন অংশ পরিদর্শন করে নকশার সঙ্গে অসঙ্গতি শনাক্ত করা হয়।

এসব অনিয়মের কারণে সিডিএর ভ্রাম্যমাণ আদালত ৮ লাখ টাকা জরিমানা করে এবং জরিমানা পরিশোধ না করলে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেয়।

এছাড়া, নকশার ব্যত্যয় থাকা অংশগুলো সংশোধন এবং প্রয়োজনীয় পার্কিং সুবিধা নিশ্চিত করতে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। ভবন কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে অঙ্গীকারনামাও নেওয়া হয়েছে।

সিডিএ’র অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন জানান, ভবন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা অনুমোদিত নকশা অনুসারে ব্যত্যয় অংশ সংশোধন এবং পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করবেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের সময় একই এলাকায় নির্মাণাধীন আরেকটি ভবনের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করে সিডিএ। সড়কের জন্য নির্ধারিত জায়গা না ছাড়ার অভিযোগে ভবনটির সীমানাপ্রাচীরের একটি অংশ ভেঙে দেওয়া হয়। পাশাপাশি মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এদিকে, এলাকার একটি রেস্টুরেন্টেও অনুমোদন ও ব্যবহারবিধি যাচাই করতে অভিযান চালায় সিডিএ। কর্মকর্তারা সেখানে যান রেস্টুরেন্টটিতে পরিচালনার অনুমতি রয়েছে কি না এবং অনুমোদিত নকশার সঙ্গে কার্যক্রমের মিল আছে কি না, তা দেখতে।

তবে দীর্ঘ সময় অপেক্ষা করার পরও রেস্টুরেন্টের মালিক বা দায়িত্বশীল কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। ফলে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা সম্ভব না হওয়ায় রেস্টুরেন্টটি সিলগালা করে দেয় সিডিএ। বর্তমানে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : চলতি আগস্ট মাসের প্রথম ২৬ দিনে দেশে ২৪৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৩ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের ১ থেকে ২৬ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারে।

তথ্য অনুযায়ী, ২৫ ও ২৬ আগস্ট-এই দুই দিনে প্রবাসীরা দেশে ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৩১ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৪৪৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

ফলে চলতি অর্থবছরের ২৬ আগস্ট পর্যন্ত আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহে ১৮ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাক শ্রমিকদের সামাজিক সুরক্ষায় বিজিএমইএতে কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


পোশাক শ্রমিকদের সামাজিক সুরক্ষায় বিজিএমইএতে কর্মশালা

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ : পোশাক শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং কর্মহীনতার সময় সহায়তা প্রদানের লক্ষ্যে বিজিএমইএ কমপ্লেক্সে ‘আনএমপ্লয়েড ওয়ার্কার্স প্রটেকশন প্রোগ্রাম’ (ইউডব্লিউপিপি) এবং ‘লেবার ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম’ (এলআইএমএস) বিষয়ক একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মশালাটি বিজিএমইএ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘টিএ-এসপিবিএস’ প্রকল্পের যৌথ উদ্যোগে আজ উত্তরায় আয়োজন করা হয়।

কর্মশালায় বিজিএমইএ’র পরিচালক নাফিস-উদ-দৌলা, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জাবেদ হোসেন ভূঁইয়া, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও সেন্ট্রাল ফান্ডের পরিচালক তাহমিনা বেগম, ডিআইএফই’র সহকারী মহাপরিদর্শক আল আমিন, জিআইজেড এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, পাশাপাশি অর্ধশতাধিক কারখানার মানবসম্পদ কর্মকর্তারাও অংশগ্রহণ করেন।

বিজিএমইএ’র পরিচালক নাফিস-উদ-দৌলা মন্তব্য করেন, পোশাক শিল্পের টেকসই প্রবৃদ্ধির জন্য শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংকটের সময় শ্রমিকদের সহায়তায় সরকারের, বিজিএমইএ’র এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

কর্মশালায় জানানো হয়, ইউডব্লিউপিপি’র আওতায় কারখানা বন্ধ, দুর্ঘটনা বা মাতৃত্বকালীন ছুটির কারণে সাময়িকভাবে কর্মহীন শ্রমিকদের জন্য জি২পি পদ্ধতিতে প্রতি মাসে ৫ হাজার টাকা করে সর্বাধিক তিন মাস নগদ সহায়তা প্রদান করা হয়।

এ সময় শ্রমিকদের পে-রোল এবং এনআইডি তথ্য সঠিকভাবে সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে প্রকৃত সুবিধাভোগীরা সহায়তা থেকে বঞ্চিত না হন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের তৃতীয় অধিবেশন শেষ হবে ১০ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


সংসদের তৃতীয় অধিবেশন শেষ হবে ১০ সেপ্টেম্বর

সংসদ ভবন, ২৭ আগস্ট, ২০২৬ : সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর বাদে প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর শেষ হবে।

আজ বৃহস্পতিবার, জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে।

বৈঠকে স্পিকারকে অধিবেশনের সময় ও কার্যদিবসের বিষয়ে প্রয়োজন হলে যেকোনো পরিবর্তন আনার ক্ষমতা দেওয়া হয়।

অধিবেশনকে সামনে রেখে প্রধানমন্ত্রী জন্য ১৪২টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ২ হাজার ৬৭৬টি, মোট ২ হাজার ৮১৮টি প্রশ্ন জমা পড়েছে। কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের জন্য ৮১টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী ২৪৯টি সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশও পাওয়া গেছে।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সম্পন্ন করার জন্য সময় বরাদ্দ এবং অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আগামী এক বছরে সম্ভাব্য অধিবেশনগুলোর দিন ও সম্ভাব্য সময়কাল নিয়েও আলোচনা হয়।

বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলের উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।

স্পিকারের বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া বৈঠকে সাচিবিক সহায়তা প্রদান করেন। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%