প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম, ২৭ আগস্ট, ২০২৬ : চট্টগ্রামের হালিশহর এক্সেস রোডে অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণকাজের অসঙ্গতি এবং পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকার কারণে উৎসব সুপার শপকে ৮ লাখ টাকা জরিমানা আরোপ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
আজ বৃহস্পতিবার সকালে উৎসব সুপার মার্কেটের আউটলেটে অভিযান পরিচালনা করে সিডিএ’র স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন। এই অভিযানে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনও নেতৃত্ব দেন।
সিডিএ কর্মকর্তাদের মতে, পরিদর্শনের সময় বাণিজ্যিক ভবনটির অনুমোদিত নকশা অনুযায়ী প্রয়োজনীয় পার্কিং সুবিধা পাওয়া যায়নি। ভবন কর্তৃপক্ষ জানায় যে, তারা রাস্তার জায়গা ব্যবহার করে গাড়ি রাখছে, কিন্তু কর্তৃপক্ষ সেটিকে অনুমোদিত পার্কিং ব্যবস্থা হিসেবে গ্রহণযোগ্য মনে করেনি।
অভিযানের সময় ভবন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুমোদিত নকশা প্রদর্শন করতে পারেনি। পরবর্তীতে ভবনটির বিভিন্ন অংশ পরিদর্শন করে নকশার সঙ্গে অসঙ্গতি শনাক্ত করা হয়।
এসব অনিয়মের কারণে সিডিএর ভ্রাম্যমাণ আদালত ৮ লাখ টাকা জরিমানা করে এবং জরিমানা পরিশোধ না করলে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেয়।
এছাড়া, নকশার ব্যত্যয় থাকা অংশগুলো সংশোধন এবং প্রয়োজনীয় পার্কিং সুবিধা নিশ্চিত করতে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। ভবন কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে অঙ্গীকারনামাও নেওয়া হয়েছে।
সিডিএ’র অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন জানান, ভবন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা অনুমোদিত নকশা অনুসারে ব্যত্যয় অংশ সংশোধন এবং পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করবেন। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের সময় একই এলাকায় নির্মাণাধীন আরেকটি ভবনের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করে সিডিএ। সড়কের জন্য নির্ধারিত জায়গা না ছাড়ার অভিযোগে ভবনটির সীমানাপ্রাচীরের একটি অংশ ভেঙে দেওয়া হয়। পাশাপাশি মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
এদিকে, এলাকার একটি রেস্টুরেন্টেও অনুমোদন ও ব্যবহারবিধি যাচাই করতে অভিযান চালায় সিডিএ। কর্মকর্তারা সেখানে যান রেস্টুরেন্টটিতে পরিচালনার অনুমতি রয়েছে কি না এবং অনুমোদিত নকশার সঙ্গে কার্যক্রমের মিল আছে কি না, তা দেখতে।
তবে দীর্ঘ সময় অপেক্ষা করার পরও রেস্টুরেন্টের মালিক বা দায়িত্বশীল কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। ফলে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা সম্ভব না হওয়ায় রেস্টুরেন্টটি সিলগালা করে দেয় সিডিএ। বর্তমানে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন