০৭:১১ পি.এম
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে আলোচনার সভায় বক্তব্য দিতে না দেয়ার জন্য ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।
ঘটনার প্রতিবাদে ছাত্রদল ও যুবদলের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। এই ঘটনায় শহর জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
ছাত্রদল ও ছাত্র শিবিরের কর্মীরা জানান, গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকালে শহরের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে আলোচনা সভা চলছিল। অনুষ্ঠানে ছাত্র শিবিরের নেতাকে বক্তব্য দিতে না দেয়াকে কেন্দ্র করে দুপুর সাড়ে বারোটার দিকে ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে তাদের মধ্যে হাতাহাতি, রাম দা, চাপাতি নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এই সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হন। সংঘর্ষের সময় শহরে আতংক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এ ঘটনার প্রতিবাদে লাঠিসোটা নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। ঘটনা সম্পর্কে উভয়পক্ষই একে অপরকে দায়ী করছেন।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: হাসিনুজ্জামান বলেন, ‘গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তোলারাম কলেজে আলোচনা সভায় বক্তব্য দিতে না দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের দুই পক্ষের মধ্যে মারামারি, ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।’
জেলা ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কলেজ এবং আশাপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলের সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণ করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন