মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:১০ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি (ইউবিইএসটি)’ নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোমবার (১৪ সেপ্টেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোববার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আধাসরকারি চিঠি (ডিও) পাঠিয়ে কক্সবাজারে এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন। চিঠিতে তিনি বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বিওআরআই) এর বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে দ্রুততম সময়ে কার্যক্রম শুরুর সুপারিশ করেন।
চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদ কার্যকরভাবে কাজে লাগাতে বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষ মানবসম্পদ প্রয়োজন। নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হওয়ায়, বিওআরআইয়ের অবকাঠামো, ল্যাবরেটরি ও বৈজ্ঞানিক জনবল কাজে লাগিয়ে প্রাথমিক কার্যক্রম চালু করা যেতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার বিষয়ে আনুষ্ঠানিক পদক্ষেপ নিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘পদ্মা এক্সপ্রেস’ নামের একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনাটি জেলার দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদপুর থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে অগ্রসর হচ্ছিল। এ সময় বাসটির সামনে থাকা একটি গাড়ি হঠাৎ থেমে গেলে, বাসচালক তা বাঁচাতে আকস্মিকভাবে ব্রেক করেন। এর ফলে পেছন থেকে আসা একটি মালবাহী ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এই ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। পরে বাসে থাকা ১৫ জন যাত্রী নিরাপদে বের হতে সক্ষম হন।
ইলিয়টগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দা হৃদয় জানান, "সামনের গাড়িকে বাঁচাতে বাসটি হঠাৎ ব্রেক করে। তখন পেছন থেকে আসা একটি গাড়ি বাসটিকে ধাক্কা দেয়। পরে বাসটি খাদে পড়ে যায়। তবে বাসের যাত্রীদের কেউ আহত হননি।"
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই ফারুক ইসলাম বলেন, "আমাদের থানার সামনেই দুর্ঘটনাটি ঘটেছে। এতে মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে। বাসে থাকা কেউ আহত হননি। দুর্ঘটনার পর চালক ভয়ে পালিয়ে গিয়ে থাকতে পারেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ করছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণে ২৫ মামলার আসামি মো. সুমন প্রধান (৩০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ সোমবার (১৪ সেপ্টেম্বর) গ্রেপ্তার করা আসামিকে আদালতে পাঠিয়েছে। এর আগে মতলব দক্ষিণ থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ‘মাদক সম্রাট’ সুমন প্রধানকে মতলব দক্ষিণ উপজেলার চাপাতিয়া এলাকায় তার বসতবাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে। সুমন প্রধান দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন এবং তার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে। তিনি পালিয়ে পালিয়ে থাকতেন। অভিযুক্ত সুমনের বিরুদ্ধে পূর্বে ২৫টি মামলা রয়েছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, ৩টি সাজা জিআর পরোয়ানা ও ১টি জিআর পরোয়ানামূলে সুমন প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ২৫টি মামলা রয়েছে। আসামিকে গ্রেপ্তারপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মাতৃত্বের নতুন অধ্যায়ের সূচনা উপলক্ষে এক ঐতিহ্যবাহী বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। জীবনের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে সবসময় আগ্রহী এই তারকা। এবারও তার ব্যতিক্রম হয়নি। স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে বিশেষ অনুষ্ঠানের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সামান্থা।
এই বিশেষ আচার-অনুষ্ঠান সম্পর্কে সামান্থা জানান, ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধা অনুভব করেন। যদিও সব রীতিনীতির সুনির্দিষ্ট তাৎপর্য সব সময় বুঝতে পারেন না, তবুও এসবের সঙ্গে জড়িয়ে থাকা আবেগ, বিশ্বাস ও ঐতিহ্যের শক্তির ওপর তার আস্থা রয়েছে।
অনুষ্ঠানে হলুদ রঙের পোশাকে দেখা গেছে সামান্থাকে। তার হালকা মেকআপ ও মানানসই গয়না ছিল। ছবিগুলোতে সামান্থা ও রাজ নিদিমোরুর পাশাপাশি অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুদেরও দেখা গেছে। বিশেষ এই আয়োজনে উপস্থিত হয়ে তাকে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সামান্থা।
সন্তানের অপেক্ষায় থাকায় অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও কাজ থেকে পুরোপুরি দূরে থাকছেন না এই অভিনেত্রী। শিগগিরই তাকে জনপ্রিয় রিয়েলিটি শো ‘সেলিব্রিটি মাস্টারশেফ তামিল’-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে। অনুষ্ঠানটি ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভে স্ট্রিমিং হওয়ার কথা রয়েছে।
বর্তমানে সামান্থা রুথ প্রভুর জীবনে অভিনয় কিংবা নতুন কোনো প্রজেক্টের চেয়ে মাতৃত্বের অধ্যায়ই যেন বেশি গুরুত্ব পাচ্ছে। ঐতিহ্যবাহী এই বিশেষ আয়োজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। পাশাপাশি প্রিয় তারকার নতুন জীবনের এই অধ্যায়কে ঘিরে শুভেচ্ছাও জানাচ্ছেন তারা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে অভিযান পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিরাজদিখান বাজারে এই অভিযান অনুষ্ঠিত হয়।
অভিযানের সময় তালুকদার ফুডস বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, কেক এবং পাউরুটি সহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। এছাড়া, এসব পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি। এই কারণে প্রতিষ্ঠানটির ম্যানেজার আল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের নির্দেশও দেওয়া হয়।
রাম কৃষ্ণ ভান্ডারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক রাম কৃষ্ণ দাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, মাহিয়া ফাতিহা ফল স্টোরে ফলের মূল্যতালিকা প্রদর্শন না করায় মালিক সিজান মাহমুদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক এবং সিরাজদিখান থানা পুলিশের একটি দল সহযোগিতা প্রদান করে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ