বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং
০৪:৫৬ পি.এম
রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুসরণ করার চেষ্টা করার অভিযোগে পুলিশ তানভীর জোমাদ্দার নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া তানভীর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তানভীর, যিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে ছিলেন। পরিদর্শনের এক পর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন।
এই ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তানভীরকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা শুরু করেন। পরে মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ভিডিওতে দেখা যায়, মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম পরিদর্শনের সময় তানভীর পুলিশ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তাদের এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশ কাটিয়ে প্রধানমন্ত্রীকে অনুসরণ করছেন। এক পর্যায়ে তিনি অন্যদের পেছনে ফেলে প্রধানমন্ত্রীর কাছাকাছি পৌঁছে যান।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, "গত শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুরে ফুটপাত পরিদর্শনে গেলে ওই ছাত্রলীগ নেতা তাকে অনুসরণ করেন। ঘটনার ভিডিও যাচাই-বাছাই করে তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নেত্রকোনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আশ্বাস প্রদান করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তিনি উল্লেখ করেছেন, এই হত্যার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার সঠিক তদন্ত সম্পন্ন করবে এবং আইন সবার জন্য সমানভাবে কার্যকর হবে।
বুধবার (২১ অক্টোবর) রাতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অনলাইনে অপপ্রচার বন্ধের উদ্যোগ সম্পর্কে তিনি জানান, সাইবার সিকিউরিটি নিয়ে কাজ চলছে। তিনি বলেন, “আমরা স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করছি এবং বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমের মালিকদের সাথে কথোপকথন করছি। এটি শুধু বাংলাদেশে নয়, বরং বিশ্বজুড়ে একটি সমস্যা। আমার বিশ্বাস, আমরা খুব শীঘ্রই এটি একটি ম্যাচিউর পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হব।”
শারদীয় উৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করে তিনি আরো বলেন, “আমরা আগেও বলেছি এবং এখনো বলছি যে জাতীয়তাবাদী সরকার সব মতামত এবং অবস্থানের প্রতি সম্মান জানায়। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে হিন্দু-মুসলমান আন্তরিকভাবে একত্রে বসবাস করতে পারে এবং নিজেদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে।”
এ সময় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ৫৩৪ জনকে গ্রেপ্তার করেছে। এ অভিযানের সময় ৩৭টি মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য প্রকাশ করেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে ১৫২ জন, তেজগাঁও বিভাগে ৯৫ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৬ জন, লালবাগ বিভাগে ৫৩ জন, উত্তরা বিভাগে ৩৩ জন, গুলশান বিভাগে ৩০ জন, রমনা বিভাগে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগে ২ জন রয়েছেন।
অভিযান চলাকালীন গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১ কেজি গাঁজা, ১ হাজার ৫০৬ পিস ইয়াবা, ৪টি মোবাইল ফোন এবং ৪টি চাকু উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন করে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা শুরু করার জন্য সম্মতি দিয়েছেন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১০ নভেম্বর অথবা তার পরবর্তী সময়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে।
বুধবার (২১ অক্টোবর) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে পুতিনের বৈঠকের পর এই তথ্য প্রকাশ করা হয়। বৈঠকটি প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগের অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনায় যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেন ও রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা করা হবে। তবে দুই দেশের মধ্যে শান্তিচুক্তির শর্ত নিয়ে এখনও উল্লেখযোগ্য মতপার্থক্য বিদ্যমান রয়েছে।
মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ডকে মুক্তি দেওয়ার মাধ্যমে সদিচ্ছার নিদর্শন হিসেবে রাশিয়া বৈঠকের আগে এই পদক্ষেপ নেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে পুতিনের কাছে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। বৈঠকের শুরুতে এই মুক্তিকে সদিচ্ছার নিদর্শন হিসেবে তুলে ধরা হয়।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা হয়েছিল। কিন্তু ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে এই প্রক্রিয়া থেমে যায়।
অন্যদিকে, নরওয়ের রাজধানী অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ফিনল্যান্ড ও নরওয়ের নেতাদের সঙ্গে উইটকফের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে শান্তি উদ্যোগে কিছু অগ্রগতি হয়েছে বলে উইটকফ পুতিনকে জানান। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, ইউক্রেন নতুন কিছু প্রস্তাব ও ধারণা উপস্থাপন করেছে।
তবে ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভ জানান, আলোচনার কিছু দিক রাশিয়াকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি।
পুতিনের সঙ্গে বৈঠকে ইরান ইস্যুতেও যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, "ইরানের সঙ্গে রাশিয়ার কয়েক দশকের সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক কাজে লাগিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ দূর করতে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব।"
এছাড়া, যুক্তরাষ্ট্রের কৃষকদের সহায়তায় বিপুল পরিমাণ সার সরবরাহের প্রস্তাবও দেন পুতিন।
আগামী মাসে চীনে পুতিন, ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক নিয়েও আলোচনা হয়েছে। ক্রেমলিন জানিয়েছে, এ ধরনের বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বেইজিং।
শান্তিচুক্তিতে এখনও বড় বাধা
যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে রাশিয়া ও ইউক্রেনের অবস্থান এখনও অনেক দূরে। পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখা, ইউক্রেনের ন্যাটোতে যোগদানের পথ বন্ধ করা এবং সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তি নিশ্চিত করা—এসবই পুতিনের প্রধান দাবির মধ্যে রয়েছে।
বৈঠকে সম্ভাব্য শান্তিচুক্তির বিভিন্ন ধারণাসংবলিত কিছু নথি পুতিনের হাতে তুলে দেন উইটকফ। ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও কিছু প্রস্তাব জানাতে চেয়েছিলেন। পরে তিনি দূর থেকে ফোনে আলোচনায় যুক্ত হন।
জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ বন্ধের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে পুতিন ও ট্রাম্পের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনা করতে চান তিনি। তবে ক্রেমলিনের বক্তব্য, পুতিন ও জেলেনস্কির সরাসরি বৈঠক ফলপ্রসূ করতে হলে আগে থেকেই বিস্তারিত প্রস্তুতি নিতে হবে।
যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে টানাপোড়েন
রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাণিজ্যসংক্রান্ত চুক্তির পর ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বেড়েছে। চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমানোর লক্ষ্যে রাশিয়া থেকে ডিজেল রপ্তানির একটি চুক্তির কথা জানান ট্রাম্প।
এরপর গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং ইউক্রেনের সামরিক যোগাযোগব্যবস্থা ব্যবহারে বিঘ্ন ঘটার অভিযোগ তোলে কিয়েভ। তবে জেলেনস্কি জানিয়েছেন, অসলোতে মঙ্গলবারের বৈঠকে এসব সমস্যা সমাধানে সমঝোতা হয়েছে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার (২১ অক্টোবর) মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ধনকুবের ইলন মাস্ক গত সপ্তাহে ইউক্রেনের ব্যবহৃত স্টারলিংক উপগ্রহ যোগাযোগব্যবস্থার সামরিক সংস্করণের কার্যক্রম ধীর করার নির্দেশ দিয়েছিলেন। ইউক্রেন রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতিবিধি শনাক্ত করতে এ ব্যবস্থা ব্যবহার করে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এ খবরের সত্যতা যাচাই করতে পারেনি।
মাস্কের বক্তব্য, এ ধরনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বা প্রেসিডেন্ট নিয়ে থাকেন। ট্রাম্পও এ সিদ্ধান্তের দায় অস্বীকার করেছেন। বুধবার (২১ অক্টোবর) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইউক্রেনের স্টারলিংক ব্যবহারের সক্ষমতা কমিয়ে দেয়নি ওয়াশিংটন।
সূত্র: রয়টার্স
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হবিগঞ্জের মাধবপুরে ওয়াজ মাহফিলে অংশ নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা ও অসঙ্গতি নিয়ে প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিগত নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বক্তা পীর গিয়াস উদ্দিন তাহেরী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি হবিগঞ্জ-৪ নির্বাচনী এলাকার মাধবপুর, ছাতিয়াইন ও গোপীনাথপুরের বিভিন্ন সড়কের বেহাল দশার কথা তুলে ধরেন। বিশেষ করে রতনপুর থেকে ছাতিয়াইন সড়কটি অত্যন্ত বেহাল বলে উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসে তাহেরী বলেন, মাধবপুর-চুনারুঘাটের আঞ্চলিক অনেক সড়ক অচলাবস্থায় থাকায় মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা, মাদক ও ইয়াবার ছড়াছড়ি, দুর্নীতি, চাঁদাবাজি এবং লোডশেডিং বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
এ ছাড়া জনগণের প্রয়োজনীয় চাহিদা পূরণ না করে তাদের বিলাসবহুল স্বপ্ন দেখানো হচ্ছে বলেও মন্তব্য করেন তাহেরী। উন্নয়নকাজের মান নিয়েও প্রশ্ন তুলে ‘রডের বদলে বাঁশ দেওয়া’র মতো অভিযোগের বিষয়টি সামনে আনেন তিনি। স্ট্যাটাসের শেষে তিনি লেখেন, ‘মানুষগুলোই সমাজের ফুটফুটে...।’
তাহেরীর এসব মন্তব্যের বিষয়ে স্থানীয় দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি ও সাবেক যুবদল নেতা আনোয়ার হোসেন বেলাল বলেন, গণতন্ত্রে সবার বাক্স্বাধীনতা রয়েছে। তবে হবিগঞ্জ-৪ আসনে মাদক, দুর্নীতি ও অনিয়ম সর্বোচ্চ নিয়ন্ত্রিত। এমপি সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। রাস্তাঘাট নিয়েও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে। মূলত এগুলো কিছু বিগত আওয়ামী লীগ সরকারের অবহেলার ফসল।
অন্যদিকে গিয়াস উদ্দিন তাহেরীর ঘনিষ্ঠজন ও আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা মুফতি মোজাম্মিল হক মাসুমী বলেন, মাদক, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করা ঈমানি দায়িত্ব। তাহেরী হুজুর এই প্রতিবাদের মাধ্যমে জাহেলের ভিতরে জিহাদ ঘোষণা করেছেন। হুজুর যেমন গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, তেমনি ইসলামী চেতনা ও ওলি-আউলিয়ার আদর্শের প্রতিও শ্রদ্ধাশীল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ