ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

২০ টাকার নকলের অভিযোগে ১৯০০ টাকা আদায়ের জেরে সাংবাদিককে হুমকি


২০ টাকার নকলের অভিযোগে ১৯০০ টাকা আদায়ের জেরে সাংবাদিককে হুমকি

লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সরকারি ২০ টাকার নকলের জন্য ১ হাজার ৯০০ টাকা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশের পর দৈনিক যুগান্তরের সাংবাদিক মো. জহিরুল ইসলামকে আবারও ফোনে হুমকি প্রদান করেছেন শেখ আনোয়ার হোসেন আকাশ নামে এক ব্যক্তি। ভূমি অফিসের দালালদের কার্যকলাপ নিয়ে ধারাবাহিক অনুসন্ধান ও সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকের ব্যক্তিগত নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল করেন আনোয়ার। তিনি এ সময় বলেন, মামলা ও জিডি করেও তার কিছু করা যাবে না বলে দম্ভোক্তি করেন। পাশাপাশি সাংবাদিককে ‘ভয়ংকর পরিণতি’ ভোগের হুমকি দেন আনোয়ার।

রোববার (১৫ নভেম্বর) বিকাল ৩টা ৩৩ মিনিটে ফোন করে আনোয়ার সম্প্রতি প্রকাশিত ‘ভূমি অফিসে ২০ টাকার নকলে ১৯০০ টাকা’ শিরোনামের সংবাদ এবং লালবাগ এসি ল্যান্ড কার্যালয়ে দালালদের বিষয়ে অনুসন্ধানের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘তুমি কোন বড় সাংবাদিক, সিটি সাংবাদিক! এর আগেও আমি তোমাকে হুমকি দিয়েছি, তুমি সেজন্য জিডি করেছো—এগুলোতে আমার কিছু হয়েছে?’

তিনি আরও বলেন, কেন সাংবাদিক লালবাগ এসি ল্যান্ড অফিস নিয়ে পাঁয়তারা করছেন এবং কেন কাঁটাবনে লালবাগ এসি ল্যান্ড অফিসের বিষয়ে সংবাদ প্রকাশ করছেন? জবাবে সাংবাদিক জহিরুল ইসলাম বলেন, এর আগে আপনি হুমকি দিয়েছিলেন, এ কারণে থানায় জিডি করেছিলাম, মামলা করিনি। এটা কি আমার ভুল হয়েছে?

আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন

এ কথা শুনে আনোয়ার বলেন, ‘তুই মামলা, জিডি কোনোকিছু করেই আমাকে কিছু করতে পারবি না। তুমি পুলিশে জিডি করছো, আমাকে কিছু করতে পারছে?’ এরপর তিনি বলেন, ‘তোকে এসবকিছুর জন্য ভয়ংকর পরিণতি ভোগ করতে হবে।’ সাংবাদিকের বিরুদ্ধে মামলা করবেন এবং তার নামে সংবাদ প্রকাশ করাবেন বলেও হুমকি দেন তিনি।

গত ২৪ অক্টোবর দৈনিক যুগান্তরে ‘ভূমি অফিসে ২০ টাকার নকলে ১৯০০ টাকা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে লালবাগ রাজস্ব সার্কেলের ভূমি অফিসে সরকারি ২০ টাকার নকল সরবরাহের বিপরীতে একজন সেবাগ্রহীতার কাছ থেকে ১ হাজার ৯০০ টাকা আদায়ের অভিযোগ তুলে ধরা হয়। পাশাপাশি ভূমি অফিসে দালালদের তৎপরতা ও সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টিও উঠে আসে। প্রতিবেদন প্রকাশের পরও দালালচক্রের বিষয়ে তথ্য সংগ্রহ ও অনুসন্ধান অব্যাহত রেখেছেন প্রতিবেদক।

সাংবাদিক মো. জহিরুল ইসলাম বলেন, ভূমি অফিসের অনিয়ম ও দালালদের দৌরাত্ম্য নিয়ে জনস্বার্থে সংবাদ প্রকাশ করছেন। তিনি জানান, কোনো ব্যক্তিগত বিরোধ থেকে এসব প্রতিবেদন করা হয়নি। কিন্তু সংবাদ প্রকাশের পর একই ব্যক্তির কাছ থেকে বারবার হুমকি আসছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, এর আগে লালবাগ তহশিল অফিসে প্রকাশ্যে ঘুষ গ্রহণের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক মো. জহিরুল ইসলাম। ওই সংবাদ প্রকাশের পর শেখ আনোয়ার হোসেন আকাশ তাকে ফোনে গালাগাল ও হুমকি দিয়েছিলেন। এ ঘটনায় লালবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। ওই হুমকির ঘটনা নিয়ে ২০২৬ সালের ৯ মার্চ দৈনিক যুগান্তরেও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন ডা. বিটু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৫ এম


প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন ডা. বিটু

প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন তাঁর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে গিয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময়, মন্ত্রীর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে তার শারীরিক অবস্থার এবং চিকিৎসার অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

এর আগে রবিবার স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রের রক্তনালিতে সফলভাবে দু’টি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। পরে তাকে নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

বিএনপির মিডিয়া সেল সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে উপস্থিত হয়ে ডা. বিটু স্বাস্থ্যমন্ত্রীর প্রয়োজনীয় চিকিৎসাসেবা সর্বোচ্চ গুরুত্ব, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং তার পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগের দিন সকালে বুকে ব্যথা অনুভব করার পর স্বাস্থ্যমন্ত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে তার এনজিওগ্রাম সম্পন্ন হলে হৃদযন্ত্রের রক্তনালিতে দু’টি ব্লক শনাক্ত করেন চিকিৎসকরা।

পরবর্তী সময়ে প্রয়োজনীয় চিকিৎসার অংশ হিসেবে তার রক্তনালিতে দু’টি স্টেন্ট স্থাপন করা হয়।

এ সময় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খসরু, বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান রিপনসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেছেন উপস্থিত চিকিৎসক ও শুভাকাঙ্ক্ষীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৬ এম


গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো.আরিফ-উর-জামান এবং চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মিজ লূৎফুন নাহারকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে চুয়াডাঙ্গার ডিসি বদলির ঘটনা ঘটেছে। সরকারের পক্ষ থেকে দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড,জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন ডিসি হিসেবে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গার নতুন জেলা প্রশাসক হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলমগীর কবির নিয়োগ পেয়েছেন। এছাড়া, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, চুয়াডাঙ্গার ডিসির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা প্রশাসন সরকারি ভাবে আলোচনা সভা, র‍্যালি ও নানা কর্মসূচির আয়োজন করে। তবে চুয়াডাঙ্গার প্রশাসকের জেলায় অনুষ্ঠানের ব্যানারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে বিতর্ক, প্রতিবাদ ও বিক্ষোভের ঘটনা ঘটে। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে এ ধরনের ঘটনা ঘটায় প্রশাসনের দায়িত্বহীনতার বিষয়টি স্পষ্ট হয়েছে। সেই সাথে মাঠ প্রশাসনে এখনো ফ্যাসিবাদীরা ঘাপটি মেরে বসে আছে সেটি স্পষ্ট হয়েছে। ডিসিদের বিতর্কিত কর্মকান্ডের কারণে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপির নেতারা। গতকাল জনপ্রশাসন থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো.আরিফ-উর-জামানকেও অভিযোগের ভিত্তিতে প্রত্যাহার করা হয়েছে।

এছাড়া, মেজর জেনারেল (অব:) মো.ওয়াহিদ-উজ-জামানকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করা হয়েছে। অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। অপর আদেশে বিটিআরসির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর তাকে বিটিআরসির চেয়ারম্যান পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যারাই সন্ত্রাস করবে, তাদের কঠিন হস্তে দমন করা হবে: বিএনপি আইন সম্পাদক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৬ এম


যারাই সন্ত্রাস করবে, তাদের কঠিন হস্তে দমন করা হবে: বিএনপি আইন সম্পাদক

সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সুপ্রিমকোর্ট বার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি সমর্থিত আইনজীবীদের জাতীয় সংগঠন ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’।

গতকাল রোববার দুপুরে সুপ্রিমকোর্ট বার প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার এম. বদরুদ্দোজা বাদল বলেন, "আপনারা দেশে কোনও ধরনের অপকর্ম করার চেষ্টা করবেন না। আমরা সুপ্রিমকোর্টের আইনজীবীসহ সারা দেশের আইনজীবীরা আপনাদের সব অপকর্ম বন্ধ করার জন্য সজাগ রয়েছি।"

তিনি আরও উল্লেখ করেন, "আমরা বিগত ১৭ বছর রাজপথে ছিলাম। আগামীতেও রাজপথে থাকবো। আমরা সব অপকর্ম কঠিন হাতে দমন করতে প্রস্তুত।"

ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, "আপনারা (আইনজীবীরা) সবাই সতর্ক থাকবেন। সারা দেশে আইনজীবী ফোরাম সতর্ক থাকবে। যারাই সন্ত্রাস ও নৈরাজ্য তথা আইনের বাইরে কাজ করবে, তাদের কঠিন হস্তে দমন করা হবে।"

বিক্ষোভ মিছিলে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব গাজী তৌহিদুল ইসলামসহ শতাধিক আইনজীবী নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পতিত আ.লীগ ভারত থেকে দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে :রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৭ এম


পতিত আ.লীগ ভারত থেকে দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে :রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, পতিত আওয়ামী লীগ প্রতিবেশী দেশ থেকে উসকানি ও সহায়তা নিয়ে দেশের ভেতর নাশকতা ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, নিষিদ্ধ কার্যক্রমের আওতায় আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীরা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন।

গতকাল রোববার রাজধানীর জিয়া উদ্যানে সদ্য গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, আওয়ামী লীগের পতন ঘটলেও তাদের ফ্যাসিবাদী শক্তি এখনও সক্রিয় রয়েছে। তারা দেশের ভেতরে এবং বাইরে থেকে গোপনে নাশকতা চালানোর চেষ্টা করছে। বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া, বোমাবাজি এবং সড়ক, মহাসড়ক ও রেলপথে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রতিবেশী দেশ থেকে উসকানি দিয়ে শেখ হাসিনার অনুসারীরা গার্মেন্টস খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এমনকি তাদের মালিকানাধীন গার্মেন্টস কারখানাগুলোতে শ্রমিকদের প্রবেশে বাধা দিয়ে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের অপচেষ্টা কখনো সফল হবে না উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা প্রতিদিনই গ্রেফতার হচ্ছে।

ফ্যাসিস্ট শেখ হাসিনার দ-ের প্রসঙ্গে তিনি বলেন, পতিত শেখ হাসিনার দ- হয়েছে। তিনি দেশে ফিরে এলে তার দ- বহাল থাকবে এবং কার্যকর করা হবে।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আশা করেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী ও গতিশীল হবে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরসহ কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এদিকে অপর এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রযুক্তির দ্রুত উৎকর্ষ সাধন হলেও পর্যাপ্ত সাইবার নিরাপত্তা ও আইনি কাঠামোর অভাবে দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব আজ চরম হুমকির মুখে পড়েছে। দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে যাচ্ছে। এটি কেবল ব্যক্তিগত তথ্যের ফাঁস নয়, বরং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও স্বাধীনতার ওপর এক ভয়াবহ আঘাত।

গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে ‘প্রযুক্তি বিপ্লবে জাতীয় সুরক্ষা: সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)’ এই সেমিনারের আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের উপযুক্ত সাইবার আইন ও প্রযুক্তির সঠিক ব্যবস্থাপনা থাকলে নাগরিকদের ব্যক্তিগত তথ্য এভাবে অন্য দেশে চলে যেতে পারত না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে এবং বিদেশেও অসংখ্য দক্ষ বাংলাদেশি প্রযুক্তিবিদ কাজ করছেন। রাষ্ট্রের দায়িত্ব হলো এই মেধাবীদের কাজে লাগিয়ে দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা। তা না হলে অন্য দেশ আমাদের সব তথ্য পেয়ে নিজেদের মতো করে কলাকৌশল ও পলিসি প্রয়োগের সুযোগ পাবে।

প্রযুক্তির অপব্যবহার ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, বর্তমানে মানুষের ব্যক্তিগত ফোনালাপ পর্যন্ত ফাঁস হয়ে যাচ্ছে, যা সরাসরি মানবাধিকারের লঙ্ঘন।

প্রযুক্তির উৎকর্ষের সাথে নৈতিকতার মেলবন্ধন ঘটানোর আহ্বান জানিয়ে তিনি বিখ্যাত সাহিত্যিক মেরি শেলির ‘ফ্রাঙ্কেনস্টাইন’ উপন্যাসের উদাহরণ টেনে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি যখন মানুষের নৈতিকতা ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন তা সমাজ ও রাষ্ট্রের জন্য বিপর্যয় ডেকে আনে। তাই সাইবার বুলিং ও সাইবার যুদ্ধ মোকাবিলায় কঠোর রেগুলেশন ও আইন প্রণয়ন জরুরি।

সেমিনার শেষে রুহুল কবির রিজভী আয়োজকদের উদ্দেশে বলেন, সেমিনারে উঠে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলো সারসংক্ষেপ আকারে নীতিনির্ধারকদের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো উচিত, যাতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া যায়।

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান মুন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের উপদেষ্টা মারুফ মল্লিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মামুন অর রশিদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দেশের বিশিষ্ট প্রযুক্তিবিদ, প্রকৌশলী ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%