১২:১৭ পি.এম
ঢাকা, ২২ জুলাই, ২০২৬ : ফ্রান্সের দক্ষিণাঞ্চলে মঙ্গলবার একটি ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে। এতে শত শত মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১ হাজার দমকলকর্মী এবং পানি ছিটানোর জন্য উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় কর্মকর্তাদের জানিয়েছেন, ভার অঞ্চলের বনাঞ্চলঘেরা পাহাড়ে ছড়িয়ে পড়া এই আগুন কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ১ হাজার ৭০০ হেক্টর (৪ হাজার ২০০ একর) এলাকা ভস্মীভূত করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
দেশটির মার্সেই ও নিস শহরের মধ্যবর্তী অঞ্চলের প্রশাসনিক প্রধান সিমন বার্ব্রে বলেছেন, ‘গ্রস বেসিলন পর্বতের ঢাল বেয়ে আগুন অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আবহাওয়া পরিস্থিতি ও বাতাসের গতি কমে যাওয়ার বিষয়ে বিবেচনা করলে এমন দ্রুত বিস্তার প্রত্যাশিত ছিল না।’
তিনি আরও জানান, কোতিনিয়াক, মনফোর-সুর-আরজঁ ও কোরেন্স গ্রামের আশপাশ থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের সূত্রপাত হওয়া পন্তেভ ও কাছের সিলাঁ-লা-কাসকাদ গ্রামের অনেক মানুষকেও নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।
মঙ্গলবার রাত থেকে বুধবারের মধ্যে প্রিফেকচারের তথ্য অনুযায়ী, বিদ্যুৎহীন হয়ে পড়েছে ২ হাজার ৩০০টির বেশি বাড়ি।
ফরাসি আবহাওয়া সংস্থা মেতেও-ফ্রান্স জানিয়েছে, দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ার কারণে ওই এলাকায় ভয়াবহ বন আগুনের ঝুঁকি সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
বার্ব্রে বলেছেন, এগিয়ে আসা আগুনের শিখার সামনে অগ্নি-প্রতিরোধী প্রতিবন্ধক স্থাপনের জন্য বিমানকর্মীরা দ্রুতগতিতে কাজ করছেন।
এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, কোতিনিয়াকের কাছে আগুনে ঘেরা পাহাড়ের পেছনে আকাশে উঠে যাওয়া ঘন ধূসর ধোঁয়ার বিশাল মেঘ তিনি দেখেছেন।
ভার অঞ্চলের অগ্নিনির্বাপক প্রধান এরিক গ্রোহিন বলেছেন, ‘এই মুহূর্তে পুরো এলাকার জন্য আগুন নিয়ন্ত্রণ করাই অগ্রাধিকার।’
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৯০০ থেকে ৯৫০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন