১২:৩৮ পি.এম
সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংক মোটা অঙ্কের কৃষিঋণ মওকুফ করেছে।
সাত লাখের বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য মোট ৬০৪ কোটি ৮১ লাখ টাকার কৃষিঋণ মওকুফ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এ বিজ্ঞপ্তির মধ্যে আরও বলা হয়েছে, অনূর্ধ্ব ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের আসল ও সুদ মওকুফ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের মোট ৭ লাখ ৯ হাজার ৬৭৯ জন কৃষক এ সুবিধাগুলি গ্রহণ করেছেন। মওকুফ হওয়া ঋণের মোট পরিমাণ ৬০৪ কোটি ৮১ লাখ ৮ হাজার ৬৬৭ টাকা।
সরকারের মওকুফ করা মোট কৃষিঋণের প্রায় ৩৯ শতাংশই বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে। ব্যাংকটি জানাচ্ছে, দীর্ঘদিন ধরে অনাদায়ী থাকা ছোট অঙ্কের কৃষিঋণের কারণে অনেক কৃষক আর্থিকভাবে চাপের মধ্যে ছিলেন। প্রাকৃতিক দুর্যোগ, উৎপাদন ব্যয় বৃদ্ধি, বাজারের অস্থিরতা এবং বিভিন্ন আর্থিক সংকটের কারণে তারা সময়মতো ঋণ পরিশোধ করতে পারেননি। এই কারণে নতুন করে ঋণ নেওয়ার সুযোগ থেকেও তারা বঞ্চিত হয়ে ছিলেন।
এসব সুবিধা বিবেচনায় নিয়ে সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের আসল ও সুদ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে তথ্য যাচাই, হিসাব সমন্বয়সহ প্রয়োজনীয় কার্যক্রমের পর যোগ্য কৃষকদের ঋণ মওকুফ করা হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংক জানায়, দেশের মোট কৃষিঋণের প্রায় ৬৩ শতাংশ এককভাবে বিতরণ করে ব্যাংকটি। ঋণ মওকুফের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা আবারও নিয়মিত ব্যাংকিং সেবার আওতায় এসে নতুন করে কৃষিঋণ গ্রহণ করার সুযোগ পাবেন। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ব্যাংকটি আরও জানায়, কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদানের পাশাপাশি সময়মতো আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্য এবং কৃষিবান্ধব ব্যাংকিং সেবা সম্প্রসারণের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সরকারের নীতিমালা অনুযায়ী কৃষকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের কৃষি উন্নয়নে বাংলাদেশ কৃষি ব্যাংক অবদান রাখবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন