০৭:৪৪ পি.এম
নেত্রকোণা, ২৪ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত একটি দিনব্যাপী বাবুই শিশুসাহিত্য উৎসবে ‘পাখপাখালির ছড়া’ শিরোনামের গ্রন্থের জন্য সেরা লেখক সম্মাননা অর্জন করেছেন নেত্রকোণার কবি ও শিশু সাহিত্যিক এনামূল হক পলাশ।
আজ শনিবার সকালে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ছড়াকার আবু সালেহ ফিতা কেটে এবং জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে রাজধানী ঢাকার শিশু একাডেমিতে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের পর ‘শিশুসাহিত্যের সংকট ও সম্ভাবনা’ বিষয়ক একটি প্রবন্ধ পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আরও পড়ুন: সাজেকবাসীর দাবিতে বাঘাইছড়িতে মশাল মিছিল, হামলার প্রতিবাদে ছাত্র-জনতার সমর্থন
শিশুসাহিত্য উৎসব উদযাপন কমিটির সদস্য-সচিব কাদের বাবুর সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী, গবেষক এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা।
কবি রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হাসান হাফিজ, শিশুসাহিত্যিক রোকেয়া খাতুন রুবী এবং শিশুসাহিত্যিক জুলফিকার শাহাদাৎ।
সারাদেশ থেকে আগত তিন শতাধিক শিশুসাহিত্যিকের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনে শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা, কবিতা পাঠের আসর, লেখকদের তাৎক্ষণিক গল্প ও ছড়া লেখা প্রতিযোগিতা, জাদু প্রদর্শনী এবং জাতীয় পত্রিকার শিশু সাহিত্য পাতার সম্পাদকদের সঙ্গে লেখকদের মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়।
দিনশেষে আয়োজিত সম্মাননা প্রদান পর্বে ‘বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬’ তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: বদরগঞ্জে আন্তঃনগর ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত, চলাচল বন্ধ
এতে ‘পাখপাখালির ছড়া’ গ্রন্থের জন্য অন্যান্যদের সঙ্গে সম্মাননা অর্জন করেন নেত্রকোণার সাহিত্যিক এনামূল হক পলাশ।
সম্মাননাপ্রাপ্ত লেখকদের অনুভূতি প্রকাশ এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন