০৪:১৪ পি.এম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী বায়রন ডোনাল্ডস। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী ডেভিড জোলিকে পরাজিত করেন। এর ফলে ডোনাল্ডস যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ রিপাবলিকান গভর্নর হিসেবে পরিচিতি লাভ করতে যাচ্ছেন।
বুধবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) বায়রন ডোনাল্ডসকে বিজয়ী ঘোষণা করেছে। ৯৯ শতাংশ ভোট গণনা শেষে, তিনি ৫০ দশমিক ০২ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে, জোলি পেয়েছেন ৪৮ দশমিক ৭১ শতাংশ ভোট।
বিজয়ী ভাষণে বায়রন ডোনাল্ডস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, ‘ফ্লোরিডা জানিয়ে দিচ্ছে, আমরা এখনো রিপাবলিকানদের পক্ষেই আছি।’ নির্বাচনী প্রচারে ট্রাম্পের সমর্থন পাওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন।
আরও পড়ুন: ‘কামানের গোলা’ নাকি ‘মদের বোতল’, চীনের বিপাকে ছবি
ফ্লোরিডার বিদায়ী রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিসের স্থলাভিষিক্ত হওয়ার জন্য প্রস্তুত বায়রন ডোনাল্ডস। ডিস্যান্টিসের নেতৃত্বে অঙ্গরাজ্যটি সাম্প্রতিক বছরগুলোতে আরও রক্ষণশীল রাজনৈতিক অবস্থানের দিকে এগিয়েছে।
বায়রন ডোনাল্ডসের জয়কে রিপাবলিকানদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস পাওয়ার কারণে দেশজুড়ে রিপাবলিকানদের নির্বাচনী অবস্থান চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এ পরিস্থিতিতে, ট্রাম্পের নিজ রাজ্য ফ্লোরিডায় ডোনাল্ডসের জয় দলটির অবস্থানকে ধরে রাখার ইঙ্গিত দেয়।
অন্যদিকে, ডেভিড জোলি একসময় রিপাবলিকান দলের আইনপ্রণেতা ছিলেন। পরে তিনি দল পরিবর্তন করে ডেমোক্র্যাটিক পার্টিতে যোগ দেন এবং মধ্যপন্থি অবস্থান নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনী প্রচারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বাড়ির বিমার খরচ গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে। বিশেষ করে ঘূর্ণিঝড়প্রবণ ফ্লোরিডায় বাড়ির বিমার উচ্চ ব্যয় ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি করে।
আরও পড়ুন: নির্বাচনে ভরাডুবি, ফক্স নিউজের ঘাড়ে দায় চাপালেন ট্রাম্প
উল্লেখ্য, ২০১৮ সালে অল্প ব্যবধানে জয়ী হওয়ার পর, ২০২২ সালের নির্বাচনে রন ডিস্যান্টিস প্রায় ২০ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। গত তিন দশকের বেশি সময় ধরে ফ্লোরিডায় কোনো ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত হননি। এবারও রিপাবলিকানদের মধ্যে প্রায় ১৫ লাখ ভোটারের নিবন্ধনগত ব্যবধান এবং ডোনাল্ডসের প্রচার তহবিলে এগিয়ে থাকা তার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন