রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:২৯ পি.এম
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদস্যরা বোয়ালিয়া থানা এলাকার মধ্যে সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, ঝটিকা মিছিল, লিফলেট বিতরণ ও সরকারবিরোধী প্রচারণার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নওগাঁ সদর থানার সুলতানপুর গ্রামের মৃত দেবেন্দ্রনাথ সরকারের পুত্র এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক প্রদীপ কুমার সরকার (৬০), মান্দা থানার তুরুকবাড়িয়া (মন্ডলপাড়া) গ্রামের মৃত শমসের আলীর পুত্র ও নওগাঁ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. সাদেকুল ইসলাম (৪০), এবং আত্রাই থানার সাহেবগঞ্জ গ্রামের মৃত মেহের আলী চৌধুরীর পুত্র ও আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা চৌধুরী, যিনি বাদল নামে পরিচিত (৬৫)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গতরাতে গোপন সূত্রের মাধ্যমে খবর পাওয়া যায় যে, নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী বোয়ালিয়া থানা এলাকায় অবস্থান করছে এবং সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ঝটিকা মিছিল, লিফলেট বিতরণ ও সরকারবিরোধী প্রচারণা চালাচ্ছে। এই খবরের ভিত্তিতে আরএমপির একটি দল দ্রুত ওই স্থানে অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে যে, গ্রেপ্তারকৃত তিনজনই নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা। তাঁরা রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অবস্থান করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের একত্রিত করে গোপন বৈঠক করতেন। পুলিশ দাবি করেছে যে, তাঁরা সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন।
পুলিশের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও তাঁরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের আয়োজন, আওয়ামী লীগের পক্ষে পোস্টার লাগানো এবং এসব কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
এছাড়া, বিভিন্ন যোগাযোগ অ্যাপ ব্যবহার করে সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য প্রদান, সরকারবিরোধী কর্মকাণ্ডে লোকজনকে উদ্বুদ্ধ করা এবং বিভিন্নভাবে এসব কর্মকাণ্ডে সহযোগিতা করার অভিযোগও রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত প্রদীপ কুমার সরকারের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় দণ্ডবিধি আইনে একটি মামলা রয়েছে। গোলাম মোস্তফা চৌধুরীর বিরুদ্ধে নওগাঁর আত্রাই থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা, দণ্ডবিধি আইনে তিনটি মামলা এবং ঢাকা মহানগরের পল্টন থানায় একটি সিআর মামলা রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মশাবাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে “ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি” শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। জেলা প্রশাসন কার্যালয় থেকে ভার্চুয়ালি এতে যুক্ত হন জেলার উচ্চপদস্থ কর্মকর্তাগণ। উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে চাঁদপুর শহরের ব্যস্ততম বিপণীবাগ এলাকায় এক বিশাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা। এছাড়াও জেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা রোভার, স্কাউট, বিএনসিসি এবং ‘ক্লীন চাঁদপুর’-সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর বিস্তার রোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সুস্থ, পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত চাঁদপুর গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে নিজ নিজ বাড়ি, আঙিনা ও চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নোয়াখালীর সেনবাগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৭৩ জন মেধাবী শিক্ষার্থীকে সৈয়দ হারুন ফাউন্ডেশন সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছে। এই অনুষ্ঠানে সর্বোচ্চ গড় নম্বর প্রাপ্ত দুই শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে সৈয়দ হারুন ফাউন্ডেশন এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হারুন এমজেএফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদস্য মো. নুরুল আলম ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা ও পদোন্নতিপ্রাপ্ত বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব মুহসিয়া তাবাসসুম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সহসভাপতি ও নারী উদ্যোক্তা তামান্না ফারুক থীমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, এসএফ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ও নারী উদ্যোক্তা সৈয়দা শারমিন আক্তার, সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবদুর রহিম সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, বাতাকান্দী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাং নুরুল হুদা এবং মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আব্দুল আজিম চৌধুরী, ফারজানা ফারুক প্রেমা, উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক মো. ফারুক বাবুল, সদস্য সচিব মো. শহীদ উল্লাহ, সাবেক সভাপতি মাস্টার আবদুল হান্নান লিটনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অতিথিরা সংবর্ধিত মেধাবী শিক্ষার্থীদের হাতে গোল্ড মেডেল, ক্রেস্ট, সনদপত্র এবং নগদ অর্থ তুলে দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা মনে করেন, সৈয়দ হারুন ফাউন্ডেশনের এই উদ্যোগ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহী জেলার বাঘা উপজেলায় একটি বসত বাড়িতে অভিযান পরিচালনা করে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এই ঘটনায় রোজিনা খাতুন (৩৬) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি, তাঁর স্বামী মো. রুবেল হোসেন (৪৪), পলাতক রয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া মোড় এলাকায় অভিযানটি পরিচালিত হয়। রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই স্বপনসহ ডিবির একটি দল এ অভিযান চালায়।
পুলিশ জানায়, আলাইপুর নাপিতপাড়া এলাকার রোজিনা খাতুনের বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি করা হয়। এ সময় খাটের নিচে কাঠের বাটসদৃশ দুটি সচল পিস্তল, তিনটি মরিচাধরা খালি ম্যাগাজিন এবং সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে রোজিনা খাতুন ও তাঁর স্বামী রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযানের সময় রোজিনা খাতুনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হলেও রুবেল হোসেন পালিয়ে যান।
গ্রেপ্তার হওয়া রোজিনা খাতুন আলাইপুর নাপিতপাড়া গ্রামের মো. আলতাব হোসেনের কন্যা এবং রুবেল হোসেনের স্ত্রী। রুবেল হোসেন একই এলাকার আব্দুস সামাদের পুত্র।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলি এবং গ্রেপ্তার রোজিনা খাতুনকে রাজশাহী জেলা ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মতলব উত্তর উপজেলার ১৯২১ সালে প্রতিষ্ঠিত ১০০ নং চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে সাংবাদিক শামসুজ্জামান ডলার ৩য় বারের মতো নির্বাচিত হয়েছেন। ফরাজীকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত ১০০ নং চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটিতে তিনি এর আগে ২০০৮ ও ২০২৩ সালে সভাপতি হিসেবে মনোনীত হয়েছিলেন। সর্বশেষ, ২০২৬ সালের জন্যও সর্বসম্মতিক্রমে সভাপতি পদে নির্বাচিত হন।
সাংবাদিক শামসুজ্জামান ডলার দৈনিক ইত্তেফাক পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, উপজেলা মানবাধিকার কমিশন মতলব উত্তর উপজেলার সভাপতি, উত্তর রামপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঐতিহ্যবাহী নেদায়ে ইসলাম পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থার দীর্ঘদিনের সহ সাধারণ সম্পাদক, উপজেলা কমিউনিটি পুলিশিং এর দীর্ঘদিনের সংগঠনিক সম্পাদক, শিল্পকলা একাডেমী পরিচারনা কমিটির দীর্ঘদিনের সদস্য এবং বিভিন্ন সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনার সাথে যুক্ত রয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ