প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদস্যরা বোয়ালিয়া থানা এলাকার মধ্যে সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, ঝটিকা মিছিল, লিফলেট বিতরণ ও সরকারবিরোধী প্রচারণার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নওগাঁ সদর থানার সুলতানপুর গ্রামের মৃত দেবেন্দ্রনাথ সরকারের পুত্র এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক প্রদীপ কুমার সরকার (৬০), মান্দা থানার তুরুকবাড়িয়া (মন্ডলপাড়া) গ্রামের মৃত শমসের আলীর পুত্র ও নওগাঁ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. সাদেকুল ইসলাম (৪০), এবং আত্রাই থানার সাহেবগঞ্জ গ্রামের মৃত মেহের আলী চৌধুরীর পুত্র ও আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা চৌধুরী, যিনি বাদল নামে পরিচিত (৬৫)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গতরাতে গোপন সূত্রের মাধ্যমে খবর পাওয়া যায় যে, নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী বোয়ালিয়া থানা এলাকায় অবস্থান করছে এবং সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ঝটিকা মিছিল, লিফলেট বিতরণ ও সরকারবিরোধী প্রচারণা চালাচ্ছে। এই খবরের ভিত্তিতে আরএমপির একটি দল দ্রুত ওই স্থানে অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে যে, গ্রেপ্তারকৃত তিনজনই নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা। তাঁরা রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অবস্থান করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের একত্রিত করে গোপন বৈঠক করতেন। পুলিশ দাবি করেছে যে, তাঁরা সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন।
পুলিশের বক্তব্য অনুযায়ী, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও তাঁরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের আয়োজন, আওয়ামী লীগের পক্ষে পোস্টার লাগানো এবং এসব কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে।
এছাড়া, বিভিন্ন যোগাযোগ অ্যাপ ব্যবহার করে সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য প্রদান, সরকারবিরোধী কর্মকাণ্ডে লোকজনকে উদ্বুদ্ধ করা এবং বিভিন্নভাবে এসব কর্মকাণ্ডে সহযোগিতা করার অভিযোগও রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত প্রদীপ কুমার সরকারের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় দণ্ডবিধি আইনে একটি মামলা রয়েছে। গোলাম মোস্তফা চৌধুরীর বিরুদ্ধে নওগাঁর আত্রাই থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা, দণ্ডবিধি আইনে তিনটি মামলা এবং ঢাকা মহানগরের পল্টন থানায় একটি সিআর মামলা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন