বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:১১ পি.এম
মন্ত্রিপরিষদ বিভাগ নতুন নির্দেশনা জারি করেছে মোবাইল কোর্টের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য। এখন থেকে প্রতিটি অভিযান ভিডিওতে ধারণ করা বাধ্যতামূলক হবে।
এছাড়া, জব্দ করা পণ্যের হিসাব ও নিরাপদ সংরক্ষণ, আপিল মামলা পরিচালনায় নির্ধারিত আইনজীবী নিয়োগ এবং জেলা পর্যায়ে মিডিয়া সেল গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তার জন্য কর্মচারীদের মধ্য থেকে পেশকার নিয়োগ এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে।
২ নভেম্বর, মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে এই নির্দেশনা প্রকাশিত হয়। এর আগে ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোবাইল কোর্টের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ছয়টি নির্দেশনা অন্তর্ভুক্ত করে পরিপত্রটি জারি করা হয়। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি অভিযানের ধারণকৃত ফুটেজ মামলার নম্বর ও তারিখ উল্লেখ করে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি (জে.এম) শাখা এবং সংশ্লিষ্ট সংস্থায় সংরক্ষণ করতে হবে। পাশাপাশি, এর অনুলিপি মিডিয়া সেলে পাঠাতে হবে। কোনো আদেশের বিরুদ্ধে আপিল হলে প্রয়োজন অনুসারে আদালতে এসব দৃশ্য প্রমাণ হিসেবে দাখিল করা যাবে।
জব্দ করা পণ্য রাখার জন্য জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিরাপদ স্থান নির্ধারণ করতে হবে। পণ্য বুঝে নেওয়া, তদারকি এবং আদালতের প্রয়োজনে সরবরাহের দায়িত্ব নির্দিষ্ট ব্যক্তিদের ওপর ন্যস্ত করতে হবে। প্রতিটি পণ্যের বিবরণ নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। সংশ্লিষ্ট সহকারী কমিশনারের স্বাক্ষরের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে মাসে অন্তত একবার সরেজমিনে সেগুলো পরীক্ষা করে সত্যায়ন করতে হবে। দ্রুত নষ্ট হয় এমন পণ্য প্রচলিত নিয়মে নিষ্পত্তি করতে হবে।
আপিলের শুনানিতে সরকারের পক্ষে লড়তে জেলা ম্যাজিস্ট্রেটরা পিপি, অতিরিক্ত পিপি ও এপিপিদের মধ্য থেকে আইনজীবী নির্ধারণ করবেন। তাদের নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট আদালতকে জানাতে হবে। মামলার অগ্রগতি এবং প্রয়োজনীয় নথি সরবরাহের সমন্বয় করবেন দায়িত্বপ্রাপ্ত আইনজীবী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পুরো প্রক্রিয়া দেখভাল করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
এছাড়া, প্রয়োজনীয় কর্মচারীকে লিখিত আদেশে পেশকারের অতিরিক্ত দায়িত্ব দিতে হবে। বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে সমন্বয় করে এক মাসের মধ্যে তাদের প্রশিক্ষণ দেবে এবং প্রশিক্ষণপ্রাপ্তদের তালিকা পাঠাবে।
জনসাধারণকে তথ্য জানাতে প্রতিটি জেলায় চার সদস্যের মিডিয়া সেল থাকবে। অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর নেতৃত্ব দেবেন। জেলা তথ্য অফিস এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে সদস্য থাকবেন।
অভিযানের ছবি, ভিডিও ও তথ্য সংগ্রহ করে সম্পাদনার পর সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশের দায়িত্ব পালন করবে এই সেল। প্রয়োজনে কারিগরি সেবা নেওয়া যাবে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগম স্বাক্ষরিত নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বৃদ্ধি পাচ্ছে। ফুলকপি, বাঁধাকপি, শিম ও মুলার সরবরাহ বাড়ছে। এর ফলে কিছু সবজির দাম কমতে শুরু করেছে। বিশেষ করে ফুলকপি, মুলা, কাঁচা মরিচ ও নতুন আলুর দাম কমায় ক্রেতাদের মধ্যে স্বস্তি এসেছে। তবে নতুন দেশি টমেটো ও আলুর দাম এখনও উচ্চমানের রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বানানী, যমুনা ফিউচার পার্ক সংলগ্ন সবজির বাজার এবং কুড়িলের কুড়াতলী কাচাঁ বাজার পরিদর্শন করে এমন দৃশ্য দেখা গেছে।
কুড়াতলী কাচাঁ বাজারে আসা নাঈমুর রহমান মাঝারি আকারের একটি ফুলকপি ও আধা কেজি শিম ৬৫ টাকায় ক্রয় করেছেন। এর মধ্যে ফুলকপির দাম ৩৫ টাকা এবং শিমের দাম ৩০ টাকা। তিনি বলেন, "নতুন টমেটোর কেজি ১৪০ টাকা এবং নতুন আলু ১২০ টাকা। তবে শীতের অনেক সবজির দাম আগের তুলনায় কিছুটা কমেছে।"
বাজারে ঘুরে দেখা যায়, শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। বর্তমানে বড় আকারের ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট ও মাঝারি আকারের এসব সবজির দাম ৩০ থেকে ৩৫ টাকার মধ্যে রয়েছে। প্রতি কেজি মুলা ৪০ থেকে ৫০ টাকা, শিম ৬০ থেকে ৭০ টাকা এবং বেগুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে একই সবজির দাম বাজারভেদে কিছুটা ভিন্নতা রয়েছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটে মাঝারি আকারের ফুলকপি ৩৫ টাকায় পাওয়া গেলেও কুড়াতলী বাজারে তা ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
বনানীর মার্কেটের সবজি বিক্রেতা আহাদ জানান, তার দোকানে ছোট আকারের ফুলকপির চাহিদা বেশি। বড় ফুলকপি কম আসায় সেগুলো দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে।
বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, শীতের সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটি পণ্যের দামও কমেছে। বড় আকারের ফুলকপির দাম ১০ থেকে ১৫ টাকা কমে বর্তমানে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
নতুন আলুর সরবরাহ শুরু হওয়ায় এর দামও কমেছে। দেড় সপ্তাহ আগে নতুন আলুর কেজি ১৫০ থেকে ১৬০ টাকা থাকলেও বর্তমানে ১২০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে পুরোনো আলুর কেজি ২০ থেকে ২৫ টাকার মধ্যে রয়েছে।
কাঁচা মরিচের দামেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আগে প্রতি কেজি ১২০ টাকা থাকলেও বর্তমানে তা ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মুলার দামও কেজিতে ৬০ থেকে ৭০ টাকা থেকে কমে ৪০ থেকে ৫০ টাকায় নেমেছে।
এদিকে বাজারে নতুন মৌসুমের দেশি টমেটো উঠতে শুরু করেছে। তবে দাম এখনও বেশি। প্রতি কেজি দেশি টমেটো ১২০ থেকে ১৩০ টাকা এবং আমদানি করা টমেটো ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যান্য সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি ঢ্যাঁড়স, চিচিঙ্গা ও ঝিঙে ৬০ টাকা এবং বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
শাকের বাজারেও খুব বেশি পরিবর্তন দেখা যায়নি। প্রতি আঁটি পালংশাক ও লালশাক ২০ থেকে ২৫ টাকা, লাউশাক ৪০ টাকা, মুলাশাক ও সরিষাশাক ১৫ টাকা, পুঁইশাক ২০ থেকে ৩০ টাকা, ডাঁটাশাক ২০ টাকা এবং কলমিশাক ১০ টাকায় বিক্রি হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে কুয়াকাটা পৌরসভা উদ্যোগ গ্রহণ করেছে। এই লক্ষ্যে প্লাস্টিক পুনর্ব্যবহার (রিসাইক্লিং) এবং সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) সম্পর্কিত একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
কুয়াকাটা পৌরসভার হলরুমে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা কুয়াকাটার সমুদ্রসৈকত, উপকূলীয় পরিবেশ এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসীন সাদেক। উপস্থিত ছিলেন সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু, কুয়াকাটা পৌর বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সভাপতি কে এম বাচ্চু, প্লাস্টিক ব্যবসায়ী সিরাজুল সিকদার এবং নাজমা বেগম।
এছাড়াও উত্তরণ, গুড নেইবারস, আবাস, গ্রাম বাংলা-সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা সভায় উল্লেখ করেন, প্লাস্টিক বর্জ্য বর্তমানে উপকূলীয় পরিবেশ এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং সামুদ্রিক প্রাণী ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। বিশেষ করে পর্যটননির্ভর কুয়াকাটার পরিবেশ রক্ষা এবং পর্যটনশিল্পের টেকসই বিকাশের জন্য প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।
তারা আরও বলেন, প্লাস্টিক দূষণ রোধে স্থানীয় বাসিন্দা, পর্যটক, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, পরিবেশকর্মী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। বর্জ্য উৎপত্তিস্থল থেকেই পৃথকীকরণ, নির্দিষ্ট স্থানে প্লাস্টিক বর্জ্য ফেলা, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহ এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে এই দূষণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
আয়োজকরা জানান, প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার কার্যক্রম জোরদার এবং জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হাইকোর্ট দেশের সকল অবৈধভাবে পরিচালিত ইটভাটা বন্ধ করার জন্য পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং সব বিভাগীয় কমিশনারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে গৃহীত পদক্ষেপের প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। আদালত বৈধ ইটভাটার মালিকদের হয়রানি না করার নির্দেশও দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ প্রদান করেন। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর করা আবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশনা দেন।
মামলার বিবরণে জানা যায়, লাইসেন্স ছাড়া স্থাপিত ইটভাটা উচ্ছেদের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট রুল জারি করেন। আদালত অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে ২০২৪ সালের ৪ মার্চ, ২৮ নভেম্বর এবং ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারির আদেশে ইটভাটা অপসারণের প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
একপর্যায়ে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আদালতের আদেশ সংশোধনের আবেদন করা হয়। পরে ঝিকঝাক পদ্ধতিতে পরিচালিত ইটভাটাগুলোকে আদেশের আওতামুক্ত রাখার আবেদন জানানো হলে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আবেদনটি সংশোধন করে দেন। তবে আদালত অবৈধ ইটভাটা উচ্ছেদের পূর্বের নির্দেশনা বহাল রাখে।
বিভিন্ন ইটভাটার মালিক আদেশের বিরুদ্ধে একাধিক আপিল করে স্থগিতাদেশের আবেদন করেন। কিন্তু চেম্বার আদালত থেকে তাঁরা কোনো স্থগিতাদেশ পাননি। পরবর্তীতে আপিল বিভাগেও এসব আপিল খারিজ হয়ে যায়।
সম্প্রতি বিভিন্ন অবৈধ ইটভাটার মালিক আবারও কার্যক্রম শুরু করার চেষ্টা করছেন—এমন তথ্য পেয়ে এইচআরপিবির পক্ষ থেকে আদালতে নতুন আবেদন করা হয়। আবেদনে অবৈধ ইটভাটা অপসারণে পূর্বের নির্দেশনাগুলোর বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়।
শুনানিতে এইচআরপিবির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ২০২২ সালের পর থেকে আদালত একাধিকবার নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। তবে আদালতে যেসব প্রতিবেদন দেওয়া হয়েছে, সেগুলোতে আংশিক পদক্ষেপের উল্লেখ রয়েছে। একপর্যায়ে সব বিভাগীয় কমিশনারকে আদালতে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, বর্তমানে ইটভাটার মৌসুম শুরু হওয়ায় অবৈধ ইটভাটাগুলো যাতে নতুন করে কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য আদালতের নির্দেশনা প্রয়োজন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষে আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ বলেন, এ মামলায় অধিদপ্তরের পক্ষ থেকে একাধিকবার হলফনামা দাখিল করা হয়েছে। তবে জেলা পর্যায়ে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জেলা প্রশাসকদের কাছ থেকে সব সময় প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা পাওয়া যায় না। আদালতের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা নিশ্চিত করার আবেদন জানান তিনি।
অন্যদিকে ইটভাটা মালিক সমিতির পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, ঝিকঝাক পদ্ধতিতে স্থাপিত ইটভাটাগুলো আইন মেনেই পরিচালিত হচ্ছে। তবে অনেক ক্ষেত্রে এসব ইটভাটার মালিকদের লাইসেন্স দেওয়া হচ্ছে না। এ বিষয়ে লাইসেন্স দেওয়ার নির্দেশনা চেয়ে মালিক সমিতির পক্ষ থেকে পৃথক একটি রিট আবেদনও করা হয়েছে। ওই মামলার শুনানি না হওয়া পর্যন্ত বর্তমান আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো নির্দেশনা না দেওয়ার অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, ঝিকঝাক পদ্ধতিতে পরিচালিত ইটভাটাগুলো পরিবেশের ক্ষতি করছে না। এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করে দেখার কথা রয়েছে।
শুনানিতে এইচআরপিবির পক্ষে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল এবং অ্যাডভোকেট নাসরিন সুলতানা। ইটভাটা মালিক সমিতির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন মুনতাসির উদ্দিন আহমেদ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য এনসিপির নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী আরও বলেন, সারা দেশে পতিত শক্তি পরিকল্পিতভাবে নাশকতার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, "দেশের মানুষের কাছে এই ফ্যাসিস্টরা গ্রহণযোগ্য নয়।"
তিনি উল্লেখ করেন, তারা এসব কুকর্ম করে বেশিদিন টিকে থাকতে পারবে না। তবে এই অপশক্তি কখনও চুপ চাপ বসে থাকে না, বিভিন্ন অপকৌশলে তারা লিপ্ত থাকে। রিজভী অভিযোগ করেন যে, টকশোগুলোতেও ফ্যাসিস্টের দোসররা নানাভাবে মিথ্যা বয়ান তৈরি করছে।
এর আগে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দৌলতপুরের বাগোয়ান এলাকায় তার গ্রামের বাড়িতে স্থানীয়রা হঠাৎ আগুন দেখতে পান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একতলা টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ পুড়ে গেছে।
এনসিপি নেতাদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বাড়িতে। এরপর পেট্রোল বোমায় জ্বালিয়ে দেওয়া হয়। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ