প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হাইকোর্ট দেশের সকল অবৈধভাবে পরিচালিত ইটভাটা বন্ধ করার জন্য পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং সব বিভাগীয় কমিশনারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে গৃহীত পদক্ষেপের প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। আদালত বৈধ ইটভাটার মালিকদের হয়রানি না করার নির্দেশও দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ প্রদান করেন। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) এর করা আবেদনের শুনানি শেষে আদালত এ নির্দেশনা দেন।
মামলার বিবরণে জানা যায়, লাইসেন্স ছাড়া স্থাপিত ইটভাটা উচ্ছেদের নির্দেশনা চেয়ে ২০২২ সালের ১৩ নভেম্বর হাইকোর্ট রুল জারি করেন। আদালত অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে ২০২৪ সালের ৪ মার্চ, ২৮ নভেম্বর এবং ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারির আদেশে ইটভাটা অপসারণের প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।
একপর্যায়ে ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আদালতের আদেশ সংশোধনের আবেদন করা হয়। পরে ঝিকঝাক পদ্ধতিতে পরিচালিত ইটভাটাগুলোকে আদেশের আওতামুক্ত রাখার আবেদন জানানো হলে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আবেদনটি সংশোধন করে দেন। তবে আদালত অবৈধ ইটভাটা উচ্ছেদের পূর্বের নির্দেশনা বহাল রাখে।
বিভিন্ন ইটভাটার মালিক আদেশের বিরুদ্ধে একাধিক আপিল করে স্থগিতাদেশের আবেদন করেন। কিন্তু চেম্বার আদালত থেকে তাঁরা কোনো স্থগিতাদেশ পাননি। পরবর্তীতে আপিল বিভাগেও এসব আপিল খারিজ হয়ে যায়।
সম্প্রতি বিভিন্ন অবৈধ ইটভাটার মালিক আবারও কার্যক্রম শুরু করার চেষ্টা করছেন—এমন তথ্য পেয়ে এইচআরপিবির পক্ষ থেকে আদালতে নতুন আবেদন করা হয়। আবেদনে অবৈধ ইটভাটা অপসারণে পূর্বের নির্দেশনাগুলোর বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়।
শুনানিতে এইচআরপিবির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, ২০২২ সালের পর থেকে আদালত একাধিকবার নির্দেশনা বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। তবে আদালতে যেসব প্রতিবেদন দেওয়া হয়েছে, সেগুলোতে আংশিক পদক্ষেপের উল্লেখ রয়েছে। একপর্যায়ে সব বিভাগীয় কমিশনারকে আদালতে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, বর্তমানে ইটভাটার মৌসুম শুরু হওয়ায় অবৈধ ইটভাটাগুলো যাতে নতুন করে কার্যক্রম শুরু করতে না পারে, সে জন্য আদালতের নির্দেশনা প্রয়োজন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষে আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ বলেন, এ মামলায় অধিদপ্তরের পক্ষ থেকে একাধিকবার হলফনামা দাখিল করা হয়েছে। তবে জেলা পর্যায়ে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে জেলা প্রশাসকদের কাছ থেকে সব সময় প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা পাওয়া যায় না। আদালতের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা নিশ্চিত করার আবেদন জানান তিনি।
অন্যদিকে ইটভাটা মালিক সমিতির পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেন, ঝিকঝাক পদ্ধতিতে স্থাপিত ইটভাটাগুলো আইন মেনেই পরিচালিত হচ্ছে। তবে অনেক ক্ষেত্রে এসব ইটভাটার মালিকদের লাইসেন্স দেওয়া হচ্ছে না। এ বিষয়ে লাইসেন্স দেওয়ার নির্দেশনা চেয়ে মালিক সমিতির পক্ষ থেকে পৃথক একটি রিট আবেদনও করা হয়েছে। ওই মামলার শুনানি না হওয়া পর্যন্ত বর্তমান আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো নির্দেশনা না দেওয়ার অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, ঝিকঝাক পদ্ধতিতে পরিচালিত ইটভাটাগুলো পরিবেশের ক্ষতি করছে না। এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত করে দেখার কথা রয়েছে।
শুনানিতে এইচআরপিবির পক্ষে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. সারোয়ার আহাদ চৌধুরী, অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল এবং অ্যাডভোকেট নাসরিন সুলতানা। ইটভাটা মালিক সমিতির পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন মুনতাসির উদ্দিন আহমেদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন