সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:১৭ পি.এম
শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী রাজা পাহাড় এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কর্ণঝোড়া বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির একটি টহল দল সোমবার ভোররাতে সীমান্তের রাজা পাহাড় এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া পরিত্যক্ত অবস্থায় ৯৭২ পিস ভারতীয় ডেনভার ব্র্যান্ডের বডি স্প্রে উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার দুপুরে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত ভারতীয় বডি স্প্রেগুলোর আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৮৩ হাজার টাকা।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জব্দকৃত মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শিশুর হাসি, স্বপ্ন এবং শৈশব যখন যুদ্ধ, সহিংসতা ও ধ্বংসযজ্ঞের নির্মমতায় থমকে যায়, তখন শিল্প হয়ে ওঠে প্রতিবাদ, বেদনা ও স্মৃতি সংরক্ষণের শক্তিশালী মাধ্যম। বিশ্ব শিশুদিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্মারক চিত্রপ্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যা ইরানের মিনাব, ফিলিস্তিনের গাজা এবং জুলাইয়ের শহীদ শিশুদের স্মরণে আয়োজন করা হয়।
‘প্রতিরোধের শিশুরা’ শীর্ষক এই আয়োজনটি সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন সিলসিলা দ্বারা পরিচালিত। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় চিত্রপ্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, প্রদর্শনীতে শিল্পকর্মের মাধ্যমে যুদ্ধ, সহিংসতা ও রাজনৈতিক সংঘাতের শিকার শিশুদের জীবন, স্বপ্ন, বেদনা এবং প্রতিরোধের চিত্র তুলে ধরা হয়।
এছাড়া, চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা প্রকাশের সুযোগ তৈরি করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, এই প্রদর্শনী শিশুদের অধিকার, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়ে নতুন করে সচেতনতা তৈরি করবে। একই সঙ্গে শিল্পের ভাষায় যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে মানবিক প্রতিবাদ ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে ‘প্রতিরোধের শিশুরা’ শীর্ষক আয়োজন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জামালপুরের জেলা দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক সংকটের কারণে বিচার প্রার্থীরা বছরের পর বছর আদালত পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন।
এ পরিস্থিতিতে মামলার বাদী ও বিবাদীরা তাদের বিচার না পেয়ে অর্থনৈতিক, শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আইনজীবীরা এই সমস্যার বিষয়টি স্বীকার করে দ্রুত সময়ের মধ্যে বিচার দেয়ার জন্য আইন মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানিয়েছেন।
গত দুই বছর ধরে জামালপুর জেলা দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক সংকটের কারণে স্বাভাবিক বিচারিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিচারপ্রার্থীরা বছরের পর বছর আদালতে এসে মামলা জটের কারণে হয়রানির শিকার হচ্ছেন। এতে বাড়তি খরচসহ আদালতে এসে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে।
বিচার প্রার্থীরা মেলান্দহ উপজেলার মহসি আলী বলেন, "দূরদূরান্ত থেকে এসে খুব পেরেসানি হচ্ছে।" বিচারক সংকটের কারণে বাদি ও বিবাদীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কষ্ট করে। তাদের দাবি দ্রুত সময়ে বিচারক নিয়োগ দেয়া হোক।
মাদারগঞ্জের ফেরদৌস হোসেন জানান, "মারামারি মিথ্যা মামলা নিয়ে আদালতে জামিনের জন্য এসেছি। আজকেও শুনানি হয়নি। তারিখ পড়েছে। আমরা সময় নষ্ট করে আসি। কিন্তু কাজ এগিয়ে নিতে পারছি না।" তিনি আরও বলেন, "উকিল মহুরীরা শুধু তারিখ ফালায়। সারাদিন ঘুরে ফিরে চলে যেতে হচ্ছে। উকিল মহুরিরা তো টাকা নিতে ছাড়ে না। আমরা মামলায় পড়ে নিঃস্ব হয়ে যাচ্ছি।"
আর আইনজীবী ইউসুফ আলী বলেন, "চিফ জুডিশিয়াল আদালতে মাত্র ৪ জন বিচারক আছেন। যেখানে বিচারক থাকার কথা ১২ জন। এ কারণে গত এক বছর যাবত ভয়াবহ মামলা জটের সৃষ্টি হয়েছে। শুধুমাত্র জামিন শুনানি আর মামলা ফাইলিং ছাড়া অন্য কিছু হচ্ছে না।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ২০২৭ সালের হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করেছে। প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে এই নিবন্ধন সম্পন্ন করতে হবে, যা সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৭-এর ৫ অনুচ্ছেদের ৬ নম্বর নির্দেশনা অনুসারে, প্রাথমিক নিবন্ধিত হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন না হলে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বাতিল হয়ে যাবে।
এ পরিস্থিতিতে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন করা সকল হজযাত্রীকে অনুরোধ করেছে যে তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সুনামগঞ্জ পৌর শহরে কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকারের মালিকের কাছে তা ফিরিয়ে দিয়ে সততার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন আমির উদ্দিন (৩৫), যিনি একজন চানাচুর বিক্রেতা। তার সততায় মুগ্ধ হয়ে স্বর্ণালংকারের মালিক তাকে পাঁচ হাজার টাকা উপহার দিয়েছেন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে শহরের আলফাত স্কয়ার এলাকায় ভ্যানগাড়িতে চানাচুর বিক্রি করার সময় আমির উদ্দিন ভ্যানের চাকার কাছে একটি ব্যাগ পড়ে থাকতে দেখতে পান। ব্যাগটি কুড়িয়ে নিয়ে তিনি ভেতরে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে প্রায় তিন ভরি স্বর্ণালংকার পান।
পরে স্বর্ণালংকারের মালিকের সন্ধান পেয়ে রাত ১১টার দিকে পুলিশের উপস্থিতিতে তিনি ব্যাগটি প্রকৃত মালিক সজল তালুকদারের হাতে তুলে দেন। সজল তালুকদার জানান, রোববার বিকেলে তার স্ত্রী শহরের একটি স্বর্ণালংকারের দোকানে এক জোড়া স্বর্ণের চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে যান। এ সময় তার সঙ্গে ছিলেন সজল ও তাদের দুই শিশুসন্তান। কাজ শেষে তারা রিকশায় করে আলফাত স্কয়ার হয়ে বাসায় ফেরেন। বাসার সামনে নেমে তারা বুঝতে পারেন, স্ত্রীর হাতের ব্যাগটি হারিয়ে গেছে।
এরপর সজল দুই বন্ধুকে নিয়ে থানায় বিষয়টি জানান এবং ব্যাগটির সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তারা হতাশ হয়ে বাসায় ফিরে যান। এদিকে সজলের বন্ধুদের বহনকারী রিকশার চালক আবু সাইদ তাদের কথোপকথন শুনে জানান, একজন চানাচুর বিক্রেতা একটি ব্যাগ পেয়ে সেটির মালিককে খুঁজছেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী সজলের বন্ধুরা আমির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন।
আমির উদ্দিন জানান, ব্যাগটি পাওয়ার সময় রিকশাচালক আবু সাইদ পাশেই ছিলেন। স্বর্ণালংকার দেখে তিনি ভয় পেয়ে যান। পরে নিরাপত্তার কথা ভেবে ছেলেকে দিয়ে সেগুলো বাড়িতে পাঠিয়ে রাখেন। কারণ, তার চানাচুরের দোকানেও আগে তিনবার চুরি হয়েছে।
শহরের পশ্চিমবাজার এলাকার একটি ভাঙাচোরা ভাড়া ঘরে পরিবার নিয়ে বসবাস করেন আমির উদ্দিন। তার নিজস্ব কোনো ঘরবাড়ি নেই। অভাব-অনটনের মধ্যেও অন্যের সম্পদের প্রতি লোভ না করার কথা জানিয়ে তিনি বলেন, ‘ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।’
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ আমির উদ্দিনের সততার প্রশংসা করেছেন। তিনি বলেন, থানায় অভিযোগ পাওয়ার পর পুলিশ সজল তালুকদারের সঙ্গে লোক পাঠিয়ে ব্যাগটির খোঁজ করে। পরে আমির উদ্দিন স্বর্ণালংকারসহ ব্যাগটি নিয়ে থানায় আসেন। তার সততার কারণেই ব্যাগটি ফেরত পাওয়া সম্ভব হয়েছে।
এদিকে সজল তালুকদার আমির উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা তিনজন মিলে প্রায় চার ঘণ্টা ব্যাগটি খুঁজেছেন। আমির উদ্দিন প্রথমে টাকা নিতে চাননি। পরে কৃতজ্ঞতাস্বরূপ জোর করে তাকে পাঁচ হাজার টাকা উপহার দেন তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ