প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের ওটিটি অঙ্গনে দর্শকপ্রিয় চরিত্রগুলোর তালিকায় ‘অ্যালেন স্বপন’ শীর্ষে অবস্থান করছে। ২০২২ সালে চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’-এর মাধ্যমে দর্শক প্রথমবারের মতো চরিত্রটির সঙ্গে পরিচিত হন। নাসির উদ্দিন খানের অভিনয়ে অল্প সময়ের মধ্যেই চরিত্রটি হয়ে ওঠে আলোচিত।
এই জনপ্রিয়তার ভিত্তিতে নির্মাতা শিহাব শাহীন তৈরি করেছেন স্বতন্ত্র সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। প্রথম সিজনের সাফল্যের পর গত বছর মুক্তি পায় এর দ্বিতীয় সিজন। এখন পর্দায় আসছে সিরিজটির তৃতীয় কিস্তি। তবে নতুন পর্বে একটি বড় পরিবর্তন রয়েছে- অ্যালেন স্বপনের সঙ্গী শায়লা চরিত্রে অভিনয় করবেন সাদিয়া জাহান প্রভা। আগের দুই সিজনে এই চরিত্রে অভিনয় করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা।
তথ্য অনুযায়ী, তৃতীয় সিজনের শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আগের মতো এবারও অ্যালেন স্বপন চরিত্রে ফিরছেন নাসির উদ্দিন খান। তবে শায়লা চরিত্রে মিথিলার পরিবর্তে প্রভার অন্তর্ভুক্তি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে নির্মাতা শিহাব শাহীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো নিউজ কনফার্ম করা আমার পক্ষে সম্ভব নয়। তাদের নিজস্ব পিআর সিস্টেম রয়েছে। সেখান থেকেই জানানো হবে।’
পরে চরকির একটি বিশ্বস্ত সূত্র ঢাকা পোস্টকে প্রভার যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রের তথ্য অনুযায়ী, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে শায়লা চরিত্রে অভিনয় করবেন তিনি।
মিথিলার সরে দাঁড়ানোর কারণ হিসেবে জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতাও শুরু করেছেন তিনি। নতুন এই পেশাগত ব্যস্ততার কারণে সিরিজটির শুটিংয়ে অংশ নিতে বাংলাদেশে আসা সম্ভব হচ্ছে না তাঁর। এই পরিস্থিতিতে শায়লা চরিত্রের জন্য প্রভাকে বেছে নিয়েছেন নির্মাতা।
চলতি মাসের শেষ দিকে শুটিংয়ে যোগ দেওয়ার কথা রয়েছে প্রভার। ডিসেম্বরের মাঝামাঝি পুরো কাজ শেষ হবে। নাসির উদ্দিন খান ও সাদিয়া জাহান প্রভা ছাড়াও সিরিজটিতে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবি প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে চরকিতে মুক্তি পাবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন