০২:৫০ পি.এম
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এক ব্যক্তির হাতে দুই শিশু ও আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীসহ মোট আটজনকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে ওই ব্যক্তি নিজের হাতে থাকা বন্দুক দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) পেনসিলভেনিয়ার এরি শহরে এই হামলার ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এরি শহরের পুলিশপ্রধান রিক লোরাহ বলেছেন, "২৮ বছরেরও বেশি কর্মজীবনে আমি এমন কিছু কখনও দেখিনি।" তিনি বলেন, "এমন ভয়ংকর ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি এরি শহর এর আগে কখনো দেখেছে কি না, তা নিয়ে আমি সন্দিহান।"
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি জানান, শুক্রবার রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বাড়ির বাইরে দুই নারীকে মৃত অবস্থায় পাওয়া যায়।
লোরাহ জানিয়েছেন, বাড়ির ভেতরে বন্দুকধারীর পাশাপাশি অন্যান্য ভুক্তভোগীদের মৃতদেহও পাওয়া যায়। নিহতদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই আত্মীয় ছিলেন।
তিনি বলেন, "ঘটনার কারণ এখনো জানা যায়নি, তবে এর পেছনে ‘মানসিক স্বাস্থ্যের বিষয় জড়িত থাকতে পারে’।"
শনিবার এক সংবাদ সম্মেলনে এরির পুলিশপ্রধান জানান, তদন্তকারীরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছেন। ফুটেজে দেখা যায়, বাড়ির বাইরে নিহত ৫১ ও ৩৭ বছর বয়সী দুই নারী সেখানে পৌঁছান এবং প্রতিবেশীদের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করেন। নিহতদের একজন ওই পরিবারের আত্মীয় এবং অন্যজন পারিবারিক বন্ধু ছিলেন।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
লোরাহ জানান, ফুটেজে অস্পষ্ট গুলির শব্দ শোনা যায় এবং এরপর বন্দুকধারীকে বেরিয়ে এসে ওই দুই নারীকে গুলি করতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে বাড়িতে প্রবেশ করে।
বাড়ির নিচতলায় পাঁচ ও এক বছর বয়সী দুই শিশু ভুক্তভোগীর মৃতদেহ পাওয়া যায়। দ্বিতীয় তলায় ও সিঁড়ির কাছে ২৪ ও ৪৪ বছর বয়সী দুই নারী এবং ১৯ ও ২১ বছর বয়সী দুই পুরুষের মৃতদেহ পাওয়া যায়; সেখানে বন্দুকধারীর মৃতদেহও ছিল। নিহতদের মধ্যে একজন আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
রিক লোরাহর ভাষায়, "কিছু দৃশ্য ঘটনাস্থল ছাড়ার অনেক পরেও মানুষের মনে গেঁথে থাকে। এটি তেমনই একটি দৃশ্য।"
এদিকে ভয়াবহ এ ঘটনায় বার্তা দিয়েছেন পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো। তিনি বলেন, "গত রাতে এরিতে ঘটা মর্মান্তিক বন্দুক হামলার ঘটনায়, যেখানে আমাদের পেনসিলভানিয়ার নয়জন বাসিন্দা প্রাণ হারিয়েছেন, আমি আমার প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছি। এই পরিবারের জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে।
আরও পড়ুন: বিলবোর্ডের ছবিকে রাস্তা ভেবে সজোরে ট্রাক চালালেন চালক, অতঃপর প্রাণ হারালেন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন