০৮:৪৪ পি.এম
পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে পুলিশের সহায়তা চাইতে গিয়ে উল্টো ফাঁদে পড়েছেন একটি পরিবার। নাটোরের গুরুদাসপুর থানা পুলিশের বিরুদ্ধে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও অন্যায়ভাবে চুরির মামলা দিয়ে আদালতে চালানের মারাত্মক অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে যে, গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় (মধ্যমপাড়া) এলাকার বাসিন্দা আদরী বেগমের স্বামী সাজেদুল সরকার তাদের পারিবারিক বসতবাড়ি বিক্রি করতে প্রস্তাব দিলে দম্পতির মধ্যে পারিবারিক বিরোধ শুরু হয়। আদরী বেগম গুরুদাসপুর থানার শরণাপন্ন হন, যেন তার স্বামী বাড়িটি বিক্রি না করে। এর জন্য তিনি আইনি সহায়তা ও মধ্যস্থতার আশায় থানায় যান।
পরবর্তীতে গুরুদাসপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোতালেব ওই বাড়ি থেকে সাজেদুল সরকারকে থানায় নিয়ে যান। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ভুক্তভোগী স্ত্রী আদরী বেগম পরে জানতে পারেন যে, তার স্বামী সাজেদুল সরকারের বিরুদ্ধে একটি চুরির মামলা দেয়ার মাধ্যমে তাকে আদালতে চালান করা হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
ভুক্তভোগী আদরী বেগম জানান যে, তাদের মধ্যে বিরোধটি ছিল সম্পূর্ণ পারিবারিক ও সম্পত্তি-সংক্রান্ত। তিনি জানান, কোন পরিস্থিতিতে এবং কীসের ভিত্তিতে তার স্বামীর বিরুদ্ধে এ ধরনের চুরির মামলা দেওয়া হলো, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
এ বিষয়ে সুবিচারের আশায় এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা থেকে স্বামীর অব্যাহতি চেয়ে নাটোর জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি লিখিত আবেদন দায়ের করেছেন আদরী বেগম। তার আবেদনের মাধ্যমে তিনি পুরো ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
তবে এএসআই মোতালেব মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন যে, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তিনি বিষয়টি নিয়ে সামনাসামনি কথা বলতে আগ্রহ প্রকাশ করেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন যে, ওই ব্যক্তি মাদকাসক্ত। তবে চুরির মামলা দেওয়ার বিষয়ে আমি সামনাসামনি কথা বলতে চাই।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন