ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শ্রমিক সংগঠন নিয়ে উত্তেজনা, পঞ্চগড়ে ৪ ঘণ্টা সড়ক অবরোধ


শ্রমিক সংগঠন নিয়ে উত্তেজনা, পঞ্চগড়ে ৪ ঘণ্টা সড়ক অবরোধ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে একই নাম ও নিবন্ধন নম্বর ব্যবহার করে পৃথক সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে প্রায় চার ঘণ্টা পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

বুধবার (১ জুলাই) বিকেল ৩টা থেকে একই নামের শ্রমিক ইউনিয়নের পৃথক সাইনবোর্ড টানানোকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন একাংশের শ্রমিক। তারা ভজনপুর বাজারে পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। প্রশাসনের আশ্বাসের পর সন্ধ্যা ৭টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে ভজনপুরে বৈধভাবে কার্যক্রম পরিচালনা করছে পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্টভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়ন ২৬৪ এর ভজনপুর শাখা কার্যালয়, পঞ্চগড় জেলা ট্রাক (মিনি ট্রাক) ট্রাক্টর, ট্যাংকলড়ি ও কাভার্টভ্যান শ্রমিক ইউনিয়ন ২০০০ এর শাখা কার্যালয়, তেঁতুলিয়া উপজেলা পাথর বালি লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়ন ২৮৫০ ও তেঁতুলিয়া উপজেলা পাথর বালি লোড-আনলোড শ্রমিক কল্যাণ ইউনিয়ন ৩৪৪১। কিন্তু সম্প্রতি তেঁতুলিয়া উপজেলা পাথর বালি লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়ন-২৮৫০ এর নাম ও নিবন্ধনের দাবি করে গোলাব্দিগছ এলাকায় নতুন একটি সাইনবোর্ড টানানো হয়। এতে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি ও বিরোধ তৈরি হয়েছে। নতুন সাইনবোর্ড অপসারণের দাবি জানানো হলেও তা না হওয়ায় তারা সড়কে নেমে আসেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

অভিযোগ উঠেছে, আসিরুল ইসলাম নামে এক ব্যক্তি নতুন করে একটি শাখা ইউনিয়ন গঠনের উদ্যোগে নতুন এই সাইন বোর্ড তুলেছেন। আর এ থেকে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শ্রমিক ইউনিয়নের সভাপতি সৈকত আলী বলেন, ‘আমরা বৈধভাবে নিবন্ধন নিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। আমাদের কাছে সকল ধরণের ডকুমেন্ট রয়েছে। এর মাঝে আসিরুল ইসলাম নতুন সাইন বোর্ড তুলে দিয়ে শ্রমিকদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। তাই আমাদের শ্রমিকরা প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে। প্রশাসন ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে আমরা অবরোধ প্রত্যাহার করেছি। যদি আমাদের দাবি মানা না হয় তবে, আবারো কঠোর অবরোধ কর্মসূচি পালন করব আমরা।’

এদিকে একই নাম ও রেজিস্ট্রেশন নম্বরে নতুন সাইন বোর্ড তোলা নিয়ে অভিযুক্ত আসিরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোনে পাওয়া যায় নি।

ঘটনায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু সময় সংবাদকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলেছি। মূলত শ্রমিক ইউনিয়ন-২৮৫০ নিয়ে এই অবস্থার তৈরি হয়েছে। রাতেই তাদের আমার অফিসে সংগঠন বা ইউনিয়নের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। সে সকল কাগজ যাচাই বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত দেয়া হবে। এর পরেও যদি প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করে তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালমুড়ি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


ঝালমুড়ি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

রাজবাড়ীর পাংশায় ঝালমুড়ি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে লুৎফর বিশ্বাস (৫৫) নামে একজন ব্যক্তি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে লুৎফর বিশ্বাসকে পুলিশ গ্রেপ্তার করে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ মইনুল হোসেন এ তথ্যটি নিশ্চিত করে জানান, অভিযোগের প্রেক্ষিতে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী এবং তার ফুফু বাদী হয়ে শিশু ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন, যার ভিত্তিতে লুৎফর বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। লুৎফর পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু শিক্ষার্থী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত লুৎফর বিশ্বাস, পূর্বপরিচয়ের কারণে শিশুটিকে বিভিন্ন সময় ঝালমুড়ি খাওয়াতেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ৩০ জুন সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে কোনো এক সময়ে ঝালমুড়ি দেওয়ার কথা বলে শিশুটিকে নিজের বাসায় নিয়ে যান। তিনি সেখানে ঘরের ভেতরে খাটের ওপর শিশুটিকে শুইয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে শিশুটিকে এই বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখানো হয় বলেও বলা হয়েছে।

পরে দুপুরে শিশুটি বাড়ি ফিরে আসার পর, তার মা যখন তাকে গোসল করাচ্ছিলেন, তখন শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে স্পর্শকাতর স্থানে একাধিক কামড়ের দাগ লক্ষ্য করেন। পরে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অভিযুক্ত লুৎফর বিশ্বাসের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। এরপর শিশুটিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় পাংশা থানায় মামলা দায়ের করেছেন। মামলার নম্বর-১, তাং- ০১-০৭-২০২৬ ইং।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা ও গ্রেপ্তারকৃত লুৎফর বিশ্বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেঘ’ প্রকাশের পর কোক স্টুডিওকে ঘিরে সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৯:৫৯ পি.এম


মেঘ’ প্রকাশের পর কোক স্টুডিওকে ঘিরে সমালোচনা

কোক স্টুডিও বাংলা’র চতুর্থ সিজনের 'মেঘ' শিরোনামের গানটি প্রকাশের একদিনের মধ্যেই তীব্র সমালোচনার মুখে পড়েছে! বর্ষাকে কেন্দ্র করে নির্মিত গানটি নিয়ে দর্শক-শ্রোতাদের প্রত্যাশা ছিল অনেক বেশি।

তবে প্রকাশের পর ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গানটির সংগীতায়োজন এবং বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সোনার তরী’ কবিতার উপস্থাপন নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এক মাসের ব্যবধানে প্রকাশিত ‘মেঘ’ গানটিতে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শোয়েব, মাশা ইসলাম ও মৌসুমি। গানটির সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব, যিনি কোক স্টুডিও বাংলার প্রধান সংগীত প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গানটিতে শাস্ত্রীয় সংগীতের সঙ্গে আধুনিক সাউন্ডের সংমিশ্রণ ঘটানোর চেষ্টা করা হয়েছে। এতে স্মরণ দত্তের লেখা একটি গানের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা ‘সোনার তরী’ নতুন সুরে ও হিপহপধর্মী উপস্থাপনায় পরিবেশন করা হয়েছে। আর এই অংশটিই সবচেয়ে বেশি বিতর্কের জন্ম দিয়েছে।

ইউটিউবের মন্তব্যের ঘরে অনেক শ্রোতা তাদের হতাশার কথা জানিয়েছেন। একজন লিখেছেন, ‘ঠিক জমল না। “রুম ঝুম” পর্যন্ত সবগুলো গানই ভালো ছিল। এটা ফিকে হয়ে গেছে।’ 

আরেকজনের মন্তব্য, ‘সব কিছুই পারফেক্ট ছিল, শুধু “সোনার তরী” কবিতাটা না থাকলেই মনে হয় ভালো হতো।’ কেউ আবার লিখেছেন, ‘ঘোড়ার ডিম বানাইছেন ভাই, সেই হইছে।’ আরেকজনের মন্তব্য, ‘দ্য বেস্ট অখাদ্য এভার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ রসিকতা করে মন্তব্য করছেন, ‘সোনার তরী’ কবিতাটি এবার এইচএসসি পরীক্ষার্থীদের আরো ভালোভাবে মনে থাকবে।

গানটি নিয়ে সমালোচনা করেছেন লেখক আনিসুল হকও। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “যেকোনো নিরীক্ষা করা শিল্পীর অধিকার। সমালোচনা করা শ্রোতার অধিকার। ‘সোনার তরী’ কবিতার এর চেয়ে খারাপ রূপ আর কিছু হতে পারত না। আমাদের ছোট নদী এইভাবে গাওয়া যায়, সোনার তরী নয়। কবিতাটা ওরা বোঝেনি। এক্সপেরিমেন্টের জন্য অভিনন্দন। করুণভাবে ফেইল করার জন্য শোক। ১০-এ মাইনাস ১০।”

এদিকে গানটি নিয়ে তৈরি বিভিন্ন মিমও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। সমালোচনার বিষয়ে জানতে সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মুঠোফোনে সাড়া দেননি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিকআপ ভ্যানে অভিযান, কোটি টাকার নকল সিগারেট উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:০১ পি.এম


পিকআপ ভ্যানে অভিযান, কোটি টাকার নকল সিগারেট উদ্ধার

মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি  টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। 

বুধবার (১ জুলাই) বিকেল ৫ টার দিকে  এই অভিযানে পিকআপ চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক জিয়াউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদি এলাকার একটি সরু রাস্তা থেকে একটি পিকআপ ভ্যান অভিযান চালানো হয়। এ সময় পিকআপ ট্রাকের ভেতরে বিভিন্ন ব্রান্ডের ১১০ কার্টুন নকল সিগারেট উদ্ধার করা হয়। পরে ভ্যাট ও শুল্ক বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে ডাকা হলে তারা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সিগারেটগুলো নকল বলে নিশ্চিত করেন। তারা এর আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকা বলে জানিয়েছেন।

এই ঘটনায় জড়িত সন্দেহে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লোকমান খারকান্দি গ্রামের মোরশেদ মিয়ার ছেলে ও পিকআপচালক নাদিম মিয়া (২৭), মাদারীপুর সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকার মৃত আদেল উদ্দিনের ছেলে আতাহার মিয়া (৬২) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঠালবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোহাম্মদ সোহেল রানা (৫৪) গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত সিগারেটের মধ্যে ফিফটি ফিফটি ব্র্যান্ডের ১০৫ কার্টুন এবং ওসাকা ব্র্যান্ডের ৫ কার্টুন সিগারেট রয়েছে। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি  টাকা বলে জানিয়েছে পুলিশ।

ওসি আবুল কালাম আজাদ আরো বলেন, এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিগারেট বোঝাই পিকআপটি থানার হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে। 

তিনি আরও বলেন, নকল তামাকজাত পণ্যের অবৈধ ব্যবসা শুধু সরকারি রাজস্ব ক্ষতিগ্রস্ত করে না, তার সাথে জনস্বাস্থ্য ও বৈধ ব্যবসার জন্যও বড় হুমকি তৈরি করে। এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেফতার নোয়াখালীতে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:০৪ পি.এম


৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেফতার নোয়াখালীতে

নোয়াখালী, ১ জুলাই, ২০২৬ : জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে ৫৮ বোতল বিদেশি মদসহ মো. মামুন (৪২) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছাতারপায়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার দুপুরে বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। গ্রেফতার মামুন একই এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মামুনের বাড়ির পাশে অভিযান চালায় পুলিশ।

অভিযানে মামুনকে গ্রেফতার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসত ঘরের সামনে বালুর স্তুপের ভেতর লুকিয়ে রাখা ৫৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়।

আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, মামুনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%