ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সিরাজদখানে কিশোরী ধর্ষণ মামলায় ২৪ ঘণ্টার মধ্যেই আসামি গ্রেপ্তার


সিরাজদখানে কিশোরী ধর্ষণ মামলায় ২৪ ঘণ্টার মধ্যেই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পোশাক কারখানার মালিক আনোয়ার মাঝিকে পুলিশ গ্রেপ্তার করেছে। মামলার দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তাকে আটক করা হয়।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ঢাকার ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ১২ নভেম্বর দুপুর আড়াইটার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী এলাকার ‘ইন্ডিয়ান টেক্সটাইল’ পোশাক কারখানার মালিকের অফিসকক্ষে ওই কিশোরী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন তার মা। পরে কিশোরীকে ওই কক্ষের ভেতর তালাবদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা গত শুক্রবার সিরাজদীখান থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। এরপর পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে। মামলার পরপরই অভিযুক্ত আনোয়ার মাঝিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

এদিকে, ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সিরাজদিখান থানার ওসি মো আলাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার প্রধান আসামি আনোয়ার মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি, বিজিবি মোতায়েন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রায় ২০ হাজার কোটি টাকার সম্পদহানির ভয়াল সিডরের কালো রাত্রি আজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


প্রায় ২০ হাজার কোটি টাকার সম্পদহানির ভয়াল সিডরের কালো রাত্রি আজ

আজ ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক ধ্বংসের রাত ‘সিডর’। ২০০৭ সালের এই দিনে বঙ্গোপসাগর থেকে প্রায় পৌনে ৩শ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘সিডর’ বাংলাদেশ উপকূলে বরিশালসহ ১০টি জেলার ওপর আক্রমণ করেছিল। প্রাক্‌-প্রস্তুতি ও আগাম সতর্কতা সন্তোষজনক থাকায় প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হলেও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় ২০ হাজার কোটি টাকা। সরকারি হিসাবে এটি ১৬ হাজার কোটি টাকা বলে সেনা-সমর্থিত তৎকালীন কথিত তত্ত্বাবধায়ক সরকার স্বীকার করেছিল। সে সময় সরকারি হিসাবে মৃতের সংখ্যা ৩ সহস্রাধিক এবং নিখোঁজের সংখ্যা আরও সহস্রাধিক ছিল, তবে পরবর্তীকালে ওই নিখোঁজদের মধ্যে অধিকাংশেরই আর খোঁজ মেলেনি।

আবহাওয়া অধিদপ্তর ২০০৭-এর ১১ নভেম্বর দুপুর ১২টায় দক্ষিণ বঙ্গোপসাগরের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় ২শ কিলোমিটার ভাটিতে একটি লঘুচাপ শনাক্ত করে। এটি ক্রমশ উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে আন্দামান-নিকোবরকে ডানে রেখে এগোতে থাকে। ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টায় লঘুচাপটি আন্দামান থেকে প্রায় ৫শ কিলোমিটার পূর্ব দিক দিয়ে উত্তরে অগ্রসর হতে থাকে। এরপর লঘুচাপটি নিম্নচাপ থেকে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ক্রমশ উত্তর দিকে বাংলাদেশ-ভারত সীমান্ত উপকূল বরাবর এগুতে থাকে। ১৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশ উপকূলের দক্ষিণ দিয়ে ক্রমশ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মাঝ বরাবর রায়মঙ্গল-হাড়িয়াভাঙ্গা উপকূলের দিকে অগ্রসর হতে থাকে, তবে ১৫ নভেম্বর বিকেলে এটি উপকূলের মাত্র ১শ কিলোমিটারের মধ্যে চলে আসায় ঝড়টি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় সুন্দরবন এলাকা অতিক্রম করবে বলে মনে করা হচ্ছিল।

কিন্তু এরপর আকস্মিকভাবে সিডরের গতিপথ সোজা উত্তরমুখী থেকে উত্তর-পূর্বমুখী হতে শুরু করে। সন্ধ্যা ৬টার পর ঝড়টি আরও দ্রুত গতিতে উত্তর-পূর্বমুখী হয়ে ভারত-বাংলাদেশের দক্ষিণ সীমান্ত থেকে প্রায় ৩শ কিলোমিটার পূর্বে বরগুনা এবং বাগেরহাটের মধ্যবর্তী হরিণঘাটা-বুড়িশ্বর ও বিষখালী নদীর বঙ্গোপসাগর মোহনা দিয়ে প্রায় পৌনে ৩শ কিলোমিটার বেগে মূল ভূখণ্ডে আছড়ে পড়ে। ঝড়টির ব্যাপ্তি মাত্র দেড়শ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এর দৈর্ঘ্য ছিল অনেক দীর্ঘ। সাগরপাড়ের হরিণঘাটা-পাথরঘাটা থেকে প্রায় আড়াইশ কিলোমিটার দূরে বরিশাল পর্যন্ত একই সঙ্গে প্রায় সমান তীব্রতায় সিডরের নারকীয় তাণ্ডব অব্যাহত ছিল। বরিশাল মহানগরীতেও ঘূর্ণিঝড় সিডর প্রায় সোয়া ২শ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। সন্ধ্যা ৭টা থেকে রাত দেড়টা পর্যন্ত পশ্চিমে বাগেরহাটের মোড়েলগঞ্জ, শরণখোলা, রামপাল থেকে বরিশাল হয়ে মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ পর্যন্ত সিডরের ভয়াবহ বিভীষিকা অব্যাহত ছিল। সেদিন রাতে পৌনে ৩শ কিলোমিটার বেগের ঝড়ের সঙ্গে প্রায় ১৫-২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস উপকূলের বাগেরহাট, পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বিশাল জনপদসহ ফসলি জমি লণ্ডভণ্ড করে দেয়।

সেদিনের ভয়াবহ ঘূর্ণিঝড় দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের ৩০টি জেলায় কম-বেশি আঘাত হানলেও ৭টি জেলার ২শ উপজেলার প্রায় সাড়ে ১৭শ ইউনিয়নের ক্ষয়ক্ষতি ছিল ভয়াবহ। সরকারি হিসাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ১৭ লাখ ৭৩ হাজার বলা হলেও তা কমপক্ষে ২০ লাখ। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল প্রায় পৌনে ১ কোটি। সরকারিভাবে ৩,১৯৯ জনের মৃত্যু ও ১,৭২৬ জনের নিখোঁজের কথা বলা হলেও ওই সংখ্যাও আরও অনেক বেশি ছিল। বেশিরভাগ নিখোঁজদের আর কোনো সন্ধান না মেলায় তাদের সকলকেই সিডরের বয়ে আনা জলোচ্ছ্বাস সাগরে ভাসিয়ে নিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। ফলে এসব নিখোঁজদের স্বজনেরা নিকটজনের লাশটিও আর দেখতে পায়নি।

২০০৭-এর ১৫ নভেম্বর রাতের সিডরের তাণ্ডবে দক্ষিণ উপকূলের বিশাল জনপদের প্রায় ৪ লাখ ঘরবাড়ি সম্পূর্ণ এবং আরও প্রায় ১০ লাখ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। একই সঙ্গে প্রায় ২ লাখ হেক্টর জমির আমন ধান সম্পূর্ণ ও আরও ৫ লাখ হেক্টরের আংশিক ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৫০ লাখ গবাদিপশু ও হাঁস-মুরগির মৃত্যু ঘটে সিডরের রাতে প্রকৃতির কালো থাবায়।

তবে উপকূলীয় এলাকায় সেদিন সিডরের তাণ্ডবে ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত যদি উপকূলীয় বিশাল সবুজ বেষ্টনীসহ পরিকল্পিত বনভূমি না থাকত। প্রকৃতির ওই তাণ্ডব সেদিন প্রথম থেকে শেষ পর্যন্ত রুখে দাঁড়িয়েছিল প্রকৃতিই। প্রকৃতির ওই তাণ্ডব সামাল দিতে সে রাত উপকূলীয় বনায়ন কর্মসূচি ও সবুজ বেষ্টনী প্রকল্পের লক্ষ লক্ষ গাছ ছাড়াও সাধারণ মানুষের প্রায় ১ কোটি গাছ মাটির সঙ্গে মিশে গিয়েছিল।

এছাড়াও প্রায় পৌনে ৭শ কিলোমিটার আঞ্চলিক ও জাতীয় মহাসড়কসহ পল্লী যোগাযোগ অবকাঠামো সম্পূর্ণ এবং প্রায় ৯০ হাজার কিলোমিটার সড়ক আংশিক ক্ষতিগ্রস্ত হয়। বিধ্বস্ত এলাকার প্রায় ১৮শ সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ও প্রায় সাড়ে ৬ হাজার আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সেতু ও কালভার্টের ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল উদ্বেগজনক। বিভিন্ন সড়ক-মহাসড়কের ১,৬৫৪টি সেতু এবং কালভার্ট সম্পূর্ণ ও প্রায় ৯শটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

১৬ নভেম্বর সকাল থেকেই স্থানীয় প্রশাসন ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। রেড ক্রিসেন্টের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি-সিপিপির তৎকালীন সময়ের ৪০ সহস্রাধিক স্বেচ্ছাসেবক সিডরের দিন সকাল থেকে উপকূলের লক্ষাধিক মানুষকে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে স্থানান্তরসহ দুর্যোগ-পরবর্তী উদ্ধার তৎপরতায়ও অংশগ্রহণ করেন।

১৭ নভেম্বরের মধ্যে দুর্যোগকবলিত বেশিরভাগ এলাকায় সেনাবাহিনী ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকগণ উদ্ধারকাজ শুরু করার পাশাপাশি ত্রাণ তৎপরতায় অংশগ্রহণও নিশ্চিত করেছিলেন। ১৬ নভেম্বর রাতের মধ্যে বরিশাল-ফরিদপুর-ঢাকা জাতীয় মহাসড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়েছিল। ১৮ নভেম্বর বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা ও বরিশাল-বরগুনা মহাসড়কেও ফেরি বিহীনভাবে যানবাহন চলাচল শুরু হলেও পরিপূর্ণ সড়ক পরিবহন পুনর্বহাল করতে আরও দিন পনের পেরিয়ে যায়।

ফলে প্রথমদিকে আকাশপথেই ত্রাণ কার্যক্রম শুরু করে সেনা ও বিমানবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীও উপকূলের দুর্গম ও বিচ্ছিন্ন দ্বীপগুলোতে ত্রাণ কার্যক্রম শুরু করে।

তবে ২০০৭-এর ১৫ নভেম্বর রাতের সিডর-উত্তরকালে প্রায় ৪০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন সাহায্য-সহযোগিতার আশ্বাস দিলেও তার মধ্যে ৩২টি দেশ পরবর্তীতে তা বাস্তবায়ন করেনি। ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জিও বরিশাল বিমানবন্দর হয়ে শরণখোলার ঘূর্ণি-উপদ্রুত এলাকা সফর করে সেখানের কয়েকটি গ্রামের দুর্গতদের ঘরবাড়ি নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন হয় পরবর্তী আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের প্রায় দেড় বছর পরে।

পাকিস্তান সরকার সেদিন বাংলাদেশের ঘূর্ণি-উপদ্রুত এলাকায় তার বিমানবাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের পাঠিয়ে বিশুদ্ধ পানি সরবরাহ এবং চিকিৎসাসেবা কার্যক্রম গ্রহণ করছিল। পাক বিমানবাহিনীর ৪টি ‘সি-১১০’ পরিবহন বিমান দুদিনে বরিশাল বিমানবন্দরে ত্রাণ ও উদ্ধারকারী দল নিয়ে অবতরণ করে। বরিশাল থেকে ২টি মোবাইল হাসপাতালসহ পাক সম্মিলিত বাহিনী সেদিন পিরোজপুরের মঠবাড়ীয়া ও ভান্ডারিয়াতে চিকিৎসাসহায়তা কার্যক্রমে অংশ নেয়। পাশাপাশি বিশুদ্ধ পানি সরবরাহেও পাক সেনাসদস্যরা অংশগ্রহণ করেছিল।

মার্কিন মেরিন সেনারাও ঘূর্ণি-উপদ্রুত উপকূলীয় এলাকায় পানি সরবরাহ ও চিকিৎসাসেবা কার্যক্রমে অংশগ্রহণ করেছিল। সিডরের কালো রাত্রির ভয়াবহ দুর্যোগ গোটা উপকূলবাসীকে আজও তাড়া করে ফিরছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীব্র জনবল ঘাটতি নিয়েই চলছে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


তীব্র জনবল ঘাটতি নিয়েই চলছে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়

সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় বর্তমানে তীব্র জনবল ঘাটতির মধ্যে কার্যক্রম পরিচালনা করছে। মন্ত্রণালয়ের প্রায় ২০ ভাগ অনুমোদিত পদ শূন্য রয়েছে। এটি সরকারি চাকরিতে নিয়োগ, বদলি, পদোন্নতি এবং জনবল কাঠামো হালনাগাদের মূল চালিকাশক্তি। জনবলের অভাবে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে, যার ফলে বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে। এই সংকট কাটানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় দ্রুত উদ্যোগ গ্রহণ করেছে। সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, অনুমোদিত ৬২৯টি পদের মধ্যে বর্তমানে ১২৪টি পদ ফাঁকা রয়েছে। এর ফলে মন্ত্রণালয়ের দৈনন্দিন দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ক্যাডার পর্যায়ে শূন্য পদের সংখ্যা সবচেয়ে বেশি, যা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ হয়ে থাকে। বর্তমানে ১৫৪ জন ক্যাডার কর্মকর্তার বিপরীতে ৯০ জন কর্মরত আছেন। ৬৪টি ক্যাডার পদ ফাঁকা রয়েছে। ফলে একেক কর্মকর্তার কাঁধে একাধিক দায়িত্ব চাপছে। ১১ থেকে ১৬ গ্রেডে ৩৩টি শূন্য পদ রয়েছে। মোট ১৭১টি অনুমোদিত পদের বিপরীতে ১৩৮ জন কর্মরত আছেন। দশম গ্রেডে ১৪৬টি অনুমোদিত পদের বিপরীতে ১৩০ জন কর্মরত থাকায় ১৬টি পদ ফাঁকা রয়েছে। ১৭ থেকে ২০ গ্রেডের মধ্যে সবচেয়ে কম শূন্য পদ রয়েছে। ওই গ্রেডের অনুমোদিত ১৫৮ পদের মধ্যে ১৪৭ জন কর্মরত থাকলেও ১১টি পদ শূন্য রয়েছে।

সূত্র জানায়, সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনবলের ঘাটতি পূরণের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। ইতিমধ্যে অনেক পদ পূরণ করা হয়েছে। বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনে ২ হাজার ৮৭৯টি শূন্য পদ পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ওই সময়ে ২ হাজার ৬১টি পদ পূরণ হয়েছে। নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে সরকার ২০২৬-২৭ অর্থবছরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান এবং মাঠ প্রশাসনে ৪ হাজার ৪৫৯টি শূন্য পদে নিয়োগ দিতে চায়। ইতিমধ্যে জনবল নিয়োগের ১৮০ দিনের লক্ষ্যমাত্রার অনেকটাই পূরণ হয়েছে। মন্ত্রণালয়ের বাকি শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নেয়া হচ্ছে। নাগরিক সেবা নিশ্চিত করতে সারা দেশের সরকারি দপ্তরগুলোর শূন্য পদ পূরণের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।

সূত্র আরও জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যেকোনো শূন্য পদ দ্রুত পূরণ করা অত্যন্ত জরুরি। এখনও সরকারি বিভিন্ন দপ্তরে অনেক পদ ফাঁকা রয়েছে। যদিও সরকার ইতিমধ্যে নিয়োগের উদ্যোগ নিয়েছে, তবে এসব নিয়োগ দ্রুত সম্পন্ন হওয়া প্রয়োজন। এতে বেকারত্ব কমবে এবং চাকরির মাধ্যমে অনেক পরিবার উপকৃত হবে। প্রশাসনে শূন্য পদ থাকলে অন্য কর্মীদের ওপর অতিরিক্ত কাজের চাপ পড়ে।

এদিকে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী এ প্রসঙ্গে জানান, সরকার সব সরকারি প্রতিষ্ঠানে জনবল নিয়োগের ওপর গুরুত্বারোপ করেছে। তবে এ বিষয়ে বিভিন্ন মেয়াদি পরিকল্পনা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিভার ক্যানসারের লুকিয়ে থাকা ৫টি লক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৪ পি.এম


লিভার ক্যানসারের লুকিয়ে থাকা ৫টি লক্ষণ

লিভার বা যকৃৎ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি। এটি খাবার হজমে সহায়তা, রক্ত থেকে ক্ষতিকর পদার্থ দূর করা এবং শরীরের বিপাকীয় কার্যক্রম নিয়ন্ত্রণের মতো নানা গুরুত্বপূর্ণ কাজ করে। তবে, লিভারে ক্যানসার হলে প্রাথমিক পর্যায়ে অনেক সময় তা বোঝা যায় না। কারণ, রোগটির শুরুতে দৃশ্যমান কোনো লক্ষণ দেখা নাও দিতে পারে। ফলে অনেকেই বিষয়টি বুঝতে দেরি করে ফেলেন।

বিশেষজ্ঞদের মতে, লিভার ক্যানসারের কিছু লক্ষণ সাধারণ সমস্যা মনে হতে পারে। তাই শরীরে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তা অবহেলা করা উচিত নয়। চলুন, লিভার ক্যানসারের পাঁচটি লক্ষণ সম্পর্কে জানি।

১. অকারণে ওজন কমে যাওয়া: যদি খাদ্যাভ্যাস বা শরীরচর্চায় কোনো পরিবর্তন না করে হঠাৎ করে ওজন কমতে থাকে, তাহলে সতর্ক হওয়া প্রয়োজন। লিভার ক্যানসারের ক্ষেত্রে ক্ষুধামন্দা এবং শরীরের বিপাকীয় পরিবর্তনের কারণে ওজন কমতে পারে। বিশেষ করে, অল্প সময়ে উল্লেখযোগ্য ওজন কমে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

২. অল্প খাবারেই পেট ভরে যাওয়া: যদি আগের তুলনায় কম খাবার খেয়েও পেট ভরে যায়, তাহলে বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। লিভার বড় হয়ে যাওয়া অথবা পেটে তরল জমার কারণে অল্প খাবারেই পেট ভরা অনুভূতি হতে পারে। এর সঙ্গে ক্ষুধামন্দা বা বমি বমি ভাবও দেখা দিতে পারে।

৩. পেটের ডান পাশে অস্বস্তি বা ব্যথা: লিভার শরীরের পেটের ডান দিকের ওপরের অংশে অবস্থিত। লিভারে টিউমার তৈরি হলে ওই অংশে ব্যথা, চাপ বা অস্বস্তি হতে পারে। কখনো কখনো ব্যথা ডান কাঁধের পেছনেও অনুভূত হয়। দীর্ঘদিন এ সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

৪. ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া: ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া জন্ডিস হিসেবে পরিচিত। লিভার ক্যানসারের কারণে পিত্তপ্রবাহে বাধা সৃষ্টি হলে এমন সমস্যা দেখা দিতে পারে। এর পাশাপাশি প্রস্রাবের রং গাঢ় হওয়া, মল ফ্যাকাশে হয়ে যাওয়া এবং ত্বকে চুলকানিও হতে পারে। এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

৫. অস্বাভাবিক ক্লান্তি ও পেট ফুলে যাওয়া: পর্যাপ্ত বিশ্রামের পরও যদি সারাক্ষণ ক্লান্ত লাগতে থাকে, তাহলে এটি লিভার ক্যানসারের একটি সম্ভাব্য লক্ষণ হতে পারে। এছাড়া, পেটে তরল জমে পেট অস্বাভাবিকভাবে ফুলে যেতে পারে। কখনো পেটের ডান পাশে শক্ত চাকা বা পিণ্ডও অনুভূত হতে পারে। এসব পরিবর্তনকে সাধারণ গ্যাস বা শারীরিক দুর্বলতা মনে করে এড়িয়ে যাওয়া উচিত নয়।

কাদের ঝুঁকি বেশি?

দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি ও সি সংক্রমণ, লিভার সিরোসিস, অতিরিক্ত ওজন, ডায়াবেটিস এবং দীর্ঘস্থায়ী লিভারের রোগ লিভার ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। এসব ঝুঁকি থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরীক্ষা করানো জরুরি।

কখন চিকিৎসকের কাছে যাবেন?

লিভার ক্যানসারের প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনো লক্ষণ থাকে না। আবার উল্লেখিত লক্ষণগুলোর প্রতিটিই অন্য রোগের কারণেও দেখা দিতে পারে। তাই এসব লক্ষণ থাকলেই ক্যানসার হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। তবে অকারণে ওজন কমা, পেট ফুলে যাওয়া, দীর্ঘস্থায়ী ব্যথা কিংবা জন্ডিস দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক রক্ত পরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান বা অন্যান্য পরীক্ষা করাতে পারেন।

তথ্যসূত্র: অ্যামেরিকান ক্যানসার সোসাইটি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন অবস্থায় থাকবে না ইরান: গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন অবস্থায় থাকবে না ইরান: গালিবাফ

মোহাম্মদ বাঘের গালিবাফ, যিনি ইরানের পার্লামেন্টের স্পিকার, তিনি জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অথবা যুদ্ধ—এই উভয় পরিস্থিতির জন্য তেহরান প্রস্তুত রয়েছে।

গালিবাফ সতর্ক করে বলেছেন যে, যুক্তরাষ্ট্র যদি পরবর্তী কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করে, তাহলে তার জবাব কী হবে, তা নির্ধারণ করবে ইরানের বাহিনীগুলো।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায় নাকি যুদ্ধ, তা আমাদের কাছে মোটেও গুরুত্বপূর্ণ নয়।’

গালিবাফ যোগ করেছেন যে, ওয়াশিংটন যদি তেহরানের সাতটি শর্ত মেনে নেয়, তাহলে সমঝোতার পথ খোলা রয়েছে। তিনি শর্তগুলোকে ‘যৌক্তিক’ হিসেবে অভিহিত করেছেন।

ইরানের পার্লামেন্ট স্পিকার এ বিষয়ে সতর্ক করে বলেছেন যে, যুক্তরাষ্ট্র যদি ‘এবার কোনো ভুল করে’, তবে সংঘাতের ভৌগোলিক পরিধি নির্ধারণ করবে ইরানি বাহিনী।

গালিবাফ বলেন, ‘আমরা যুদ্ধও নয়, শান্তিও নয়’ এমন অবস্থায় থাকব না।

সূত্র: আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%