০৩:১৩ পি.এম
আজ ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক ধ্বংসের রাত ‘সিডর’। ২০০৭ সালের এই দিনে বঙ্গোপসাগর থেকে প্রায় পৌনে ৩শ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘সিডর’ বাংলাদেশ উপকূলে বরিশালসহ ১০টি জেলার ওপর আক্রমণ করেছিল। প্রাক্-প্রস্তুতি ও আগাম সতর্কতা সন্তোষজনক থাকায় প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হলেও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় ২০ হাজার কোটি টাকা। সরকারি হিসাবে এটি ১৬ হাজার কোটি টাকা বলে সেনা-সমর্থিত তৎকালীন কথিত তত্ত্বাবধায়ক সরকার স্বীকার করেছিল। সে সময় সরকারি হিসাবে মৃতের সংখ্যা ৩ সহস্রাধিক এবং নিখোঁজের সংখ্যা আরও সহস্রাধিক ছিল, তবে পরবর্তীকালে ওই নিখোঁজদের মধ্যে অধিকাংশেরই আর খোঁজ মেলেনি।
আবহাওয়া অধিদপ্তর ২০০৭-এর ১১ নভেম্বর দুপুর ১২টায় দক্ষিণ বঙ্গোপসাগরের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় ২শ কিলোমিটার ভাটিতে একটি লঘুচাপ শনাক্ত করে। এটি ক্রমশ উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে আন্দামান-নিকোবরকে ডানে রেখে এগোতে থাকে। ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টায় লঘুচাপটি আন্দামান থেকে প্রায় ৫শ কিলোমিটার পূর্ব দিক দিয়ে উত্তরে অগ্রসর হতে থাকে। এরপর লঘুচাপটি নিম্নচাপ থেকে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ক্রমশ উত্তর দিকে বাংলাদেশ-ভারত সীমান্ত উপকূল বরাবর এগুতে থাকে। ১৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশ উপকূলের দক্ষিণ দিয়ে ক্রমশ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মাঝ বরাবর রায়মঙ্গল-হাড়িয়াভাঙ্গা উপকূলের দিকে অগ্রসর হতে থাকে, তবে ১৫ নভেম্বর বিকেলে এটি উপকূলের মাত্র ১শ কিলোমিটারের মধ্যে চলে আসায় ঝড়টি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় সুন্দরবন এলাকা অতিক্রম করবে বলে মনে করা হচ্ছিল।
কিন্তু এরপর আকস্মিকভাবে সিডরের গতিপথ সোজা উত্তরমুখী থেকে উত্তর-পূর্বমুখী হতে শুরু করে। সন্ধ্যা ৬টার পর ঝড়টি আরও দ্রুত গতিতে উত্তর-পূর্বমুখী হয়ে ভারত-বাংলাদেশের দক্ষিণ সীমান্ত থেকে প্রায় ৩শ কিলোমিটার পূর্বে বরগুনা এবং বাগেরহাটের মধ্যবর্তী হরিণঘাটা-বুড়িশ্বর ও বিষখালী নদীর বঙ্গোপসাগর মোহনা দিয়ে প্রায় পৌনে ৩শ কিলোমিটার বেগে মূল ভূখণ্ডে আছড়ে পড়ে। ঝড়টির ব্যাপ্তি মাত্র দেড়শ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এর দৈর্ঘ্য ছিল অনেক দীর্ঘ। সাগরপাড়ের হরিণঘাটা-পাথরঘাটা থেকে প্রায় আড়াইশ কিলোমিটার দূরে বরিশাল পর্যন্ত একই সঙ্গে প্রায় সমান তীব্রতায় সিডরের নারকীয় তাণ্ডব অব্যাহত ছিল। বরিশাল মহানগরীতেও ঘূর্ণিঝড় সিডর প্রায় সোয়া ২শ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। সন্ধ্যা ৭টা থেকে রাত দেড়টা পর্যন্ত পশ্চিমে বাগেরহাটের মোড়েলগঞ্জ, শরণখোলা, রামপাল থেকে বরিশাল হয়ে মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ পর্যন্ত সিডরের ভয়াবহ বিভীষিকা অব্যাহত ছিল। সেদিন রাতে পৌনে ৩শ কিলোমিটার বেগের ঝড়ের সঙ্গে প্রায় ১৫-২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস উপকূলের বাগেরহাট, পটুয়াখালী, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের বিশাল জনপদসহ ফসলি জমি লণ্ডভণ্ড করে দেয়।
আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন
সেদিনের ভয়াবহ ঘূর্ণিঝড় দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের ৩০টি জেলায় কম-বেশি আঘাত হানলেও ৭টি জেলার ২শ উপজেলার প্রায় সাড়ে ১৭শ ইউনিয়নের ক্ষয়ক্ষতি ছিল ভয়াবহ। সরকারি হিসাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ১৭ লাখ ৭৩ হাজার বলা হলেও তা কমপক্ষে ২০ লাখ। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছিল প্রায় পৌনে ১ কোটি। সরকারিভাবে ৩,১৯৯ জনের মৃত্যু ও ১,৭২৬ জনের নিখোঁজের কথা বলা হলেও ওই সংখ্যাও আরও অনেক বেশি ছিল। বেশিরভাগ নিখোঁজদের আর কোনো সন্ধান না মেলায় তাদের সকলকেই সিডরের বয়ে আনা জলোচ্ছ্বাস সাগরে ভাসিয়ে নিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। ফলে এসব নিখোঁজদের স্বজনেরা নিকটজনের লাশটিও আর দেখতে পায়নি।
২০০৭-এর ১৫ নভেম্বর রাতের সিডরের তাণ্ডবে দক্ষিণ উপকূলের বিশাল জনপদের প্রায় ৪ লাখ ঘরবাড়ি সম্পূর্ণ এবং আরও প্রায় ১০ লাখ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। একই সঙ্গে প্রায় ২ লাখ হেক্টর জমির আমন ধান সম্পূর্ণ ও আরও ৫ লাখ হেক্টরের আংশিক ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ৫০ লাখ গবাদিপশু ও হাঁস-মুরগির মৃত্যু ঘটে সিডরের রাতে প্রকৃতির কালো থাবায়।
তবে উপকূলীয় এলাকায় সেদিন সিডরের তাণ্ডবে ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারত যদি উপকূলীয় বিশাল সবুজ বেষ্টনীসহ পরিকল্পিত বনভূমি না থাকত। প্রকৃতির ওই তাণ্ডব সেদিন প্রথম থেকে শেষ পর্যন্ত রুখে দাঁড়িয়েছিল প্রকৃতিই। প্রকৃতির ওই তাণ্ডব সামাল দিতে সে রাত উপকূলীয় বনায়ন কর্মসূচি ও সবুজ বেষ্টনী প্রকল্পের লক্ষ লক্ষ গাছ ছাড়াও সাধারণ মানুষের প্রায় ১ কোটি গাছ মাটির সঙ্গে মিশে গিয়েছিল।
এছাড়াও প্রায় পৌনে ৭শ কিলোমিটার আঞ্চলিক ও জাতীয় মহাসড়কসহ পল্লী যোগাযোগ অবকাঠামো সম্পূর্ণ এবং প্রায় ৯০ হাজার কিলোমিটার সড়ক আংশিক ক্ষতিগ্রস্ত হয়। বিধ্বস্ত এলাকার প্রায় ১৮শ সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ ও প্রায় সাড়ে ৬ হাজার আংশিক ক্ষতিগ্রস্ত হয়। সেতু ও কালভার্টের ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল উদ্বেগজনক। বিভিন্ন সড়ক-মহাসড়কের ১,৬৫৪টি সেতু এবং কালভার্ট সম্পূর্ণ ও প্রায় ৯শটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম
১৬ নভেম্বর সকাল থেকেই স্থানীয় প্রশাসন ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করেন। রেড ক্রিসেন্টের ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি-সিপিপির তৎকালীন সময়ের ৪০ সহস্রাধিক স্বেচ্ছাসেবক সিডরের দিন সকাল থেকে উপকূলের লক্ষাধিক মানুষকে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে স্থানান্তরসহ দুর্যোগ-পরবর্তী উদ্ধার তৎপরতায়ও অংশগ্রহণ করেন।
১৭ নভেম্বরের মধ্যে দুর্যোগকবলিত বেশিরভাগ এলাকায় সেনাবাহিনী ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকগণ উদ্ধারকাজ শুরু করার পাশাপাশি ত্রাণ তৎপরতায় অংশগ্রহণও নিশ্চিত করেছিলেন। ১৬ নভেম্বর রাতের মধ্যে বরিশাল-ফরিদপুর-ঢাকা জাতীয় মহাসড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়েছিল। ১৮ নভেম্বর বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা ও বরিশাল-বরগুনা মহাসড়কেও ফেরি বিহীনভাবে যানবাহন চলাচল শুরু হলেও পরিপূর্ণ সড়ক পরিবহন পুনর্বহাল করতে আরও দিন পনের পেরিয়ে যায়।
ফলে প্রথমদিকে আকাশপথেই ত্রাণ কার্যক্রম শুরু করে সেনা ও বিমানবাহিনী। বাংলাদেশ নৌবাহিনীও উপকূলের দুর্গম ও বিচ্ছিন্ন দ্বীপগুলোতে ত্রাণ কার্যক্রম শুরু করে।
তবে ২০০৭-এর ১৫ নভেম্বর রাতের সিডর-উত্তরকালে প্রায় ৪০টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন সাহায্য-সহযোগিতার আশ্বাস দিলেও তার মধ্যে ৩২টি দেশ পরবর্তীতে তা বাস্তবায়ন করেনি। ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জিও বরিশাল বিমানবন্দর হয়ে শরণখোলার ঘূর্ণি-উপদ্রুত এলাকা সফর করে সেখানের কয়েকটি গ্রামের দুর্গতদের ঘরবাড়ি নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন হয় পরবর্তী আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের প্রায় দেড় বছর পরে।
আরও পড়ুন: প্রত্যন্ত অঞ্চলে অস্ত্রোপচার সেবার জন্য প্রয়োজন প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট: জুবাইদা রহমান
পাকিস্তান সরকার সেদিন বাংলাদেশের ঘূর্ণি-উপদ্রুত এলাকায় তার বিমানবাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের পাঠিয়ে বিশুদ্ধ পানি সরবরাহ এবং চিকিৎসাসেবা কার্যক্রম গ্রহণ করছিল। পাক বিমানবাহিনীর ৪টি ‘সি-১১০’ পরিবহন বিমান দুদিনে বরিশাল বিমানবন্দরে ত্রাণ ও উদ্ধারকারী দল নিয়ে অবতরণ করে। বরিশাল থেকে ২টি মোবাইল হাসপাতালসহ পাক সম্মিলিত বাহিনী সেদিন পিরোজপুরের মঠবাড়ীয়া ও ভান্ডারিয়াতে চিকিৎসাসহায়তা কার্যক্রমে অংশ নেয়। পাশাপাশি বিশুদ্ধ পানি সরবরাহেও পাক সেনাসদস্যরা অংশগ্রহণ করেছিল।
মার্কিন মেরিন সেনারাও ঘূর্ণি-উপদ্রুত উপকূলীয় এলাকায় পানি সরবরাহ ও চিকিৎসাসেবা কার্যক্রমে অংশগ্রহণ করেছিল। সিডরের কালো রাত্রির ভয়াবহ দুর্যোগ গোটা উপকূলবাসীকে আজও তাড়া করে ফিরছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন