প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী স্টিভেন কোলেট বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের নথিপত্র এখন আর কেবল ঐতিহাসিক দলিল নয়, বরং এই নথিগুলো হত্যাকাণ্ডের প্রমাণ বহন করছে।
তিনি রোববার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে এ মন্তব্য করেন। পরিদর্শনের সময় তিনি গণভবনে পাওয়া নথিপত্রের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিবরণ পর্যালোচনা করেন এবং বলেন, এই জাদুঘর কেবল বাংলাদেশের মানুষের জন্য নয়, বরং বিশ্বের প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ।
স্টিভেন কোলেট আরও বলেন, "জুলাই জাদুঘর আমার দেখা সবচেয়ে হৃদয়স্পর্শী জাদুঘর।" তিনি উল্লেখ করেন, জুলাই জাদুঘরে প্রদর্শিত নথিগুলো এখন আর কেবল নথিপত্র নয়, বরং তা ওই সময়ের হত্যাকাণ্ডের প্রমাণ হিসেবে কাজ করছে।
নেদারল্যান্ডসের উপমন্ত্রী পরিদর্শনকালে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের স্মারকসমূহ ঘুরে দেখেন। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ভিডিওচিত্রও দেখেন। শহীদ মাহামুদুর রহমান সৈকতের আত্মত্যাগের কথা তুলে ধরেন সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তি।
জাদুঘর পরিদর্শন শেষে স্টিভেন কোলেট বাংলাদেশের জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, "আমি এই জাদুঘরের জন্য বাংলাদেশের জনগণকে অভিবাদন জানাই।" তিনি আরও বলেন, "এই জাদুঘর আমাদের সবাইকে এমন এক ইতিহাসের কথা বলে, যা কখনো ভুলে যাওয়া উচিত নয়।"
তিনি যোগ করেন, জুলাই জাদুঘর আমাদের মর্যাদা ও মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে দায়বদ্ধ করে তোলে।
এ সময় বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল, দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ইয়ানা ভান দের লিন্দেন, ফার্স্ট সেক্রেটারি জাওয়াদ আজওয়ি এবং রাজনীতি ও জনকূটনীতিবিষয়ক উপদেষ্টা লুবাইন মাসুম উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন