শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৪৭ পি.এম
চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা একটি অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহরের মাথাভাঙ্গা ব্রিজের নিচে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা এবং পুলিশ সূত্রে জানা যায়, সকালে মাথাভাঙ্গা ব্রিজের নিচে নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখা যায়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, "ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য পিবিআইসহ পুলিশের একাধিক টিম কাজ করছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে এবং এর অধীনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ ও সার্কিট হাউজে ৪টি পদে জনবল নিয়োগের জন্য আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টায় এবং শেষ হবে ১৪ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত।
অফলাইন আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
এক নজরে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ১৪ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী - পুরুষ। তবে প্রার্থীদের অবশ্যই মাগুরা জেলার স্থায়ী নাগরিক হতে হবে।
কর্মস্থল: মাগুরা জেলা
বয়স: ১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ১৮ - ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ - ২ নং পদের জন্য ১১২ টাকা এবং ৩ - ৪ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মানুষের চোখের আড়ালে একটি বিশাল জগত বিদ্যমান, যা কেবল কোরআন ও সহিহ হাদিসের বর্ণনায় প্রকাশিত। আকাশমণ্ডলীর এই বিস্ময়কর স্থান বায়তুল মামুর। সপ্তম আকাশে অবস্থিত এই পবিত্র ঘরে প্রতিদিন বিপুলসংখ্যক ফেরেশতা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকেন।
ইসলামি বর্ণনা অনুসারে, প্রতিদিন ৭০ হাজার ফেরেশতা বায়তুল মামুরে প্রবেশ করেন। ইবাদত শেষে ফেরেশতারা বের হয়ে যান এবং তারপর আর কখনো সেখানে ফিরে আসার সুযোগ পান না। মহানবী হযরত মুহাম্মদ (সা.) মিরাজের রাতে নিজ চোখে বায়তুল মামুর দেখেছেন।
বায়তুল মামুর কী
‘বায়ত’ শব্দের অর্থ ঘর এবং ‘মামুর’ শব্দের অর্থ আবাদ, জনবহুল বা যেখানে নিয়মিত মানুষের যাতায়াত রয়েছে। সুতরাং, বায়তুল মামুর হলো এমন একটি আবাদ ঘর, যেখানে ফেরেশতাদের অবিরাম আনাগোনা ও ইবাদত হয়ে থাকে।
পবিত্র কোরআনের সুরা তুরে আল্লাহ তাআলা বায়তুল মামুরের শপথ করেছেন। আল্লাহ বলেন—
وَالْبَيْتِ الْمَعْمُورِ وَالسَّقْفِ الْمَرْفُوعِ وَالْبَحْرِ الْمَسْجُورِ إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ مَا لَهُ مِنْ دَافِعٍ
অর্থ: ‘শপথ বায়তুল মামুরের, সুউচ্চ ছাদের এবং উত্তাল সমুদ্রের। নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি অবশ্যম্ভাবী। তা প্রতিহত করার কেউ নেই।’
— সুরা তুর, আয়াত ৪–৮
মিরাজের রাতে দেখেছিলেন মহানবী (সা.)
বায়তুল মামুর সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা পাওয়া যায় মিরাজের সহিহ হাদিসে। মহানবী (সা.) যখন সপ্তম আকাশে পৌঁছান, তখন তাঁকে বায়তুল মামুর দেখানো হয়।
হাদিসে উল্লেখ রয়েছে, মহানবী (সা.) যখন হযরত জিবরাইল (আ.)-কে বায়তুল মামুর সম্পর্কে জিজ্ঞাসা করেন, তখন তিনি বলেন—
«هَذَا الْبَيْتُ الْمَعْمُورُ، يَدْخُلُهُ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ، إِذَا خَرَجُوا مِنْهُ لَمْ يَعُودُوا فِيهِ»
অর্থ: ‘এটি বায়তুল মামুর। প্রতিদিন ৭০ হাজার ফেরেশতা এতে প্রবেশ করেন। তারা একবার বের হয়ে গেলে আর কখনো এতে ফিরে আসেন না।’
— সহিহ বুখারি, হাদিস: ৩২০৭
এই হাদিস আল্লাহর সৃষ্টিজগতের বিশালতার একটি বিস্ময়কর চিত্র তুলে ধরে। প্রতিদিন নতুন ৭০ হাজার ফেরেশতা বায়তুল মামুরে ইবাদতের জন্য প্রবেশ করেন। তাঁদের প্রত্যেক দল একবার সেখানে যাওয়ার পর আর ফিরে আসে না।
ফেরেশতাদের ইবাদতের পবিত্র স্থান
মুফাসসিরদের ব্যাখ্যায়, বায়তুল মামুর ফেরেশতাদের ইবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। পৃথিবীতে মুসলমানরা যেমন পবিত্র কাবাঘরকে কেন্দ্র করে তাওয়াফ ও ইবাদত করেন, তেমনি আসমানের ফেরেশতারা বায়তুল মামুরে ইবাদত করেন।
তাফসিরে ইবনে কাসিরে সহিহ হাদিসের আলোকে বায়তুল মামুরে ফেরেশতাদের ইবাদত ও তাওয়াফের কথা উল্লেখ করা হয়েছে।
তবে অদৃশ্য জগতের বিষয় হওয়ায় বায়তুল মামুরের আকৃতি, গঠন বা অবস্থান সম্পর্কে কোরআন-হাদিসে যতটুকু তথ্য পাওয়া যায়, ততটুকুতেই বিশ্বাস সীমাবদ্ধ রাখা উচিত। অনুমাননির্ভর অতিরিক্ত কোনো বিবরণকে ধর্মীয় বিশ্বাসের অংশ বানানো উচিত নয়।
কাবাঘরের সঙ্গে কী সম্পর্ক
মুফাসসিরদের বিভিন্ন বর্ণনায় উল্লেখ রয়েছে যে, বায়তুল মামুর কাবাঘরের সরাসরি ওপরের দিকে সপ্তম আকাশে অবস্থিত। ফলে পৃথিবীতে কাবাঘর এবং আসমানে বায়তুল মামুরের মধ্যে একটি তাৎপর্যপূর্ণ সাদৃশ্যের কথা বলা হয়।
দুনিয়ায় মানুষ কাবাঘরকে কেন্দ্র করে আল্লাহর ইবাদত করেন। আর আসমানে ফেরেশতারা বায়তুল মামুরে ইবাদত করেন। তবে বায়তুল মামুরের সুনির্দিষ্ট অবস্থান ও গঠন সম্পর্কে সহিহ সূত্রে যতটুকু বর্ণনা রয়েছে, তার বাইরে নিশ্চিতভাবে কিছু বলা উচিত নয়।
বায়তুল মামুরের কাছে ইব্রাহিম (আ.)
মিরাজের রাতে সপ্তম আকাশে মহানবী (সা.) হযরত ইব্রাহিম (আ.)-এর সঙ্গেও সাক্ষাৎ করেন। সহিহ বুখারির বর্ণনায় এসেছে, তিনি বায়তুল মামুরের কাছে হজরত ইবরাহিম (আ.)-কে দেখতে পান।
এই ঘটনাও মিরাজের বিস্ময়কর ঘটনাবলির অন্যতম অংশ। একই সঙ্গে এটি বায়তুল মামুরের মর্যাদা ও আসমানি জগতের সঙ্গে এর সম্পর্কের বিষয়টি সামনে আনে।
আল্লাহর সৃষ্টির বিশালতার এক নিদর্শন
বায়তুল মামুর মানুষের চোখের আড়ালে এক বিস্ময়কর সৃষ্টি। প্রতিদিন ৭০ হাজার ফেরেশতার সেখানে প্রবেশ, ইবাদত এবং এরপর আর ফিরে না আসার বর্ণনা আল্লাহর সৃষ্টিজগতের বিশালতা উপলব্ধির সুযোগ দেয়।
মিরাজের রাতে মহানবী (সা.)-এর বায়তুল মামুর প্রত্যক্ষ করার ঘটনা মুমিনের জন্য আল্লাহর অসীম ক্ষমতা, অদৃশ্য জগতের বাস্তবতা এবং ফেরেশতাদের বিপুল সংখ্যার কথা স্মরণ করিয়ে দেয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনাই স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটে প্রবেশ করে তিনটি প্রতিষ্ঠানের সুরক্ষিত সিস্টেমে হ্যাকিং কার্যক্রম সম্পন্ন করেছে সাইবার নিরাপত্তা সক্ষমতা পরীক্ষার সময়। ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, গুগলের এআই ব্যবস্থার পক্ষ থেকে এমন কর্মকাণ্ড চালানো এটি প্রথমবারের মতো জানা ঘটনা।
এনডিটিভি শনিবার (১৯ সেপ্টেম্বর) ওয়াল স্ট্রিট জার্নালের সূত্র ধরে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মে মাসে স্বাধীন সাইবার নিরাপত্তা মূল্যায়নকারী প্রতিষ্ঠান ‘ইরেগুলার’ দ্বারা পরিচালিত পরীক্ষার সময় এই ঘটনাগুলো ঘটে। পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল এআই মডেলের সাইবার নিরাপত্তা সক্ষমতা ও সম্ভাব্য ঝুঁকি যাচাই করা।
ইরেগুলারের এক মুখপাত্র জানান, অন্যান্য এআই ল্যাবের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। জুলাইয়ের শেষ দিকে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের অংশের সব জানা সমস্যা কয়েক সপ্তাহ আগেই সমাধান করা হয়েছে।
ইরেগুলারের তথ্য অনুযায়ী, একটি ঘটনায় জেমিনাই বারবার পাসওয়ার্ড অনুমান করে একটি সুরক্ষিত সিস্টেমে প্রবেশের সক্ষমতা অর্জন করে। অন্য দুটি ঘটনায় মডেলটি একটি পাবলিক রিপোজিটরিতে থাকা প্রবেশাধিকারের তথ্য খুঁজে পায় এবং পরে ওই তথ্য ব্যবহার করে সুরক্ষিত সিস্টেমে প্রবেশ করে।
ঘটনাটি এআই এজেন্টগুলোর ক্রমবর্ধমান স্বায়ত্তশাসন নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বিশেষ করে ইন্টারনেট ও কম্পিউটার সিস্টেমে এআই মডেলগুলোর সরাসরি প্রবেশাধিকার বাড়ার সঙ্গে সঙ্গে অনিচ্ছাকৃত বা অননুমোদিত কর্মকাণ্ড ঠেকাতে কী ধরনের সুরক্ষা ব্যবস্থা প্রয়োজন, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এ ধরনের ঝুঁকি শুধু গুগলের জেমিনাইয়ের ক্ষেত্রেই দেখা যায়নি। মেটা, অ্যানথ্রোপিক ও ওপেনএআইও ইরেগুলারের সঙ্গে সম্পর্কিত অনুরূপ ঘটনার কথা প্রকাশ করেছে।
গত আগস্টে মেটা জানায়, তাদের সংশ্লিষ্ট ঘটনাটি কোনো ‘স্যান্ডবক্স স্কেপ’ বা জটিল সাইবার আক্রমণ ছিল না। অন্যদিকে ইরেগুলার জানিয়েছে, এআই-ভিত্তিক সাইবার নিরাপত্তা মূল্যায়নের জন্য আরও নিরাপদ অনুশীলন ও পরীক্ষার পদ্ধতি তৈরি করা হচ্ছে।
ঘটনা সম্পর্কে রয়টার্সের পক্ষ থেকে গুগলের কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের খাটের নিচ থেকে প্রায় ১৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে এবং তা স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় মিতালি ডেকোরেটার্সের মালিক প্রয়াত হারুন মিয়ার বাসা থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, যখন রাতের বেলায় বাড়ির সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন পরিবারের একজন সদস্য হঠাৎ করে খাটের নিচ থেকে ‘হিস হিস’ শব্দ শুনতে পান। পরে মোবাইল ফোনের টর্চ জ্বালালে বিশাল এক অজগর সাপ দেখা যায়। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘাটের নিচে অজগর সাপ থাকার বিষয়টি স্থানীয় চিকিৎসক প্রলাদ বাবুকে জানানো হলে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যদের খবর দেন। খবর পাওয়ার পর, ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে খাটের নিচ থেকে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ২৬ কেজি। উদ্ধারের পর অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
এ প্রসঙ্গে বাংলাদেশ অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, অজগর নির্বিষ সাপ। এটি নিশাচর এবং খুবই অলস প্রকৃতির, প্রয়োজন ছাড়া নড়াচড়াও করে না। এই প্রজাতিটি গাছে একাকী বাস করলেও শুধুমাত্র প্রজননকালে জোড়া বাঁধে। সাধারণত মার্চ থেকে জুনের মধ্যে এদের প্রজননকাল। দেশের ম্যানগ্রোভ বন, ঘাসযুক্ত জমি, চট্টগ্রাম ও সিলেটের চিরসবুজ পাহাড়ি বনে এদের দেখা পাওয়া যায়। সাপটি সাধারণত মানুষের ক্ষতি করে না। খাদ্য হিসেবে এরা ইঁদুর, কচ্ছপের ডিম, সাপ, বন মুরগি, পাখি, ছোট বন্যপ্রাণী ইত্যাদি খায়। সাপটি নিজের আকারের চেয়েও অনেক বড় প্রাণী খুব সহজেই গিলে খেতে পারে।
জোহরা মিলা বলেন, চামড়ার জন্য সাপটি পাচারকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফলে আমাদের বনাঞ্চল থেকে এটি দিনদিন হারিয়ে যাচ্ছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফশিল-২ অনুযায়ী এ বন্যপ্রাণীটি সংরক্ষিত, তাই এটি হত্যা বা এর যে কোনো ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ।
ভবিষ্যতে কোনো বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত হয়ে হত্যা না করে বন বিভাগ বা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়ার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকাবাসীর উদ্দেশ্যে অনুরোধ জানানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ