শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৪৯ পি.এম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের খাটের নিচ থেকে প্রায় ১৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে এবং তা স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গণমাধ্যমকে এই তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, শুক্রবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় মিতালি ডেকোরেটার্সের মালিক প্রয়াত হারুন মিয়ার বাসা থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, যখন রাতের বেলায় বাড়ির সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন পরিবারের একজন সদস্য হঠাৎ করে খাটের নিচ থেকে ‘হিস হিস’ শব্দ শুনতে পান। পরে মোবাইল ফোনের টর্চ জ্বালালে বিশাল এক অজগর সাপ দেখা যায়। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘাটের নিচে অজগর সাপ থাকার বিষয়টি স্থানীয় চিকিৎসক প্রলাদ বাবুকে জানানো হলে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যদের খবর দেন। খবর পাওয়ার পর, ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে খাটের নিচ থেকে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ২৬ কেজি। উদ্ধারের পর অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
এ প্রসঙ্গে বাংলাদেশ অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, অজগর নির্বিষ সাপ। এটি নিশাচর এবং খুবই অলস প্রকৃতির, প্রয়োজন ছাড়া নড়াচড়াও করে না। এই প্রজাতিটি গাছে একাকী বাস করলেও শুধুমাত্র প্রজননকালে জোড়া বাঁধে। সাধারণত মার্চ থেকে জুনের মধ্যে এদের প্রজননকাল। দেশের ম্যানগ্রোভ বন, ঘাসযুক্ত জমি, চট্টগ্রাম ও সিলেটের চিরসবুজ পাহাড়ি বনে এদের দেখা পাওয়া যায়। সাপটি সাধারণত মানুষের ক্ষতি করে না। খাদ্য হিসেবে এরা ইঁদুর, কচ্ছপের ডিম, সাপ, বন মুরগি, পাখি, ছোট বন্যপ্রাণী ইত্যাদি খায়। সাপটি নিজের আকারের চেয়েও অনেক বড় প্রাণী খুব সহজেই গিলে খেতে পারে।
জোহরা মিলা বলেন, চামড়ার জন্য সাপটি পাচারকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফলে আমাদের বনাঞ্চল থেকে এটি দিনদিন হারিয়ে যাচ্ছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফশিল-২ অনুযায়ী এ বন্যপ্রাণীটি সংরক্ষিত, তাই এটি হত্যা বা এর যে কোনো ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ।
ভবিষ্যতে কোনো বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত হয়ে হত্যা না করে বন বিভাগ বা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়ার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকাবাসীর উদ্দেশ্যে অনুরোধ জানানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় ‘বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৬’ প্রকাশ করেছে।
নতুন নীতিমালার আওতায়, দেশের বিভিন্ন স্তরের ১০০ জন গুণী শিক্ষককে জাতীয় পর্যায়ে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষক নগদ এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ পাবেন। প্রতি বছর ৫ অক্টোবর সারাদেশে একযোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়ে থাকে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারিকৃত নীতিমালার ভিত্তিতে, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে দিবসটি উদযাপন করা হবে। দিবসটির কেন্দ্রীয় সমন্বয়ের দায়িত্ব পালন করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
নীতিমালায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের তিনটি প্রধান উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইউনেস্কো ঘোষিত প্রতিপাদ্যের আলোকে দিবসটি উদযাপন, সমাজের সব স্তরে শিক্ষকদের ভূমিকা ও অবদান তুলে ধরা এবং গুণী শিক্ষক সম্মাননার মাধ্যমে শিক্ষক সমাজের প্রতি সম্মান প্রদর্শন করা।
নীতিমালার ৫.১ ধারা অনুযায়ী, মোট ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে (১০ জন) সাধারণ শিক্ষা থেকে ৫ জন এবং মাদরাসা শিক্ষা থেকে ৫ জন নির্বাচিত হবে।
মাধ্যমিক পর্যায়ে (২০ জন) সাধারণ শিক্ষা থেকে ১০ জন, কারিগরি শিক্ষা থেকে ৫ জন এবং মাদরাসা শিক্ষা থেকে ৫ জন সম্মাননা পাবেন। কলেজ পর্যায়ে (২৫ জন) সাধারণ শিক্ষা থেকে ১৫ জন, কারিগরি থেকে ৫ জন এবং মাদরাসা থেকে ৫ জন নির্বাচিত হবে।
সাধারণ বিশ্ববিদ্যালয়ে (২০ জন) সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ জন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ৫ জন নির্বাচিত হবে। বিশেষায়িত ও অন্যান্য প্রতিষ্ঠানের (২০ জন) মধ্যে চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন নির্বাচিত হবে। এ ছাড়া প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাচিত ৫ জন শিক্ষকও এই সম্মাননা পাবেন।
নীতিমালায় উল্লেখ করা হয়েছে যে, বিশেষ প্রয়োজনে জাতীয় স্টিয়ারিং কমিটি সম্মাননার স্তর ও সংখ্যা পরিবর্তন করার অধিকার রাখবে।
নীতিমালায় আরও বলা হয়েছে, গুণী শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদপ্তর ও প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রতিটি ক্যাটাগরির বিপরীতে তিনজনের প্যানেল তৈরি করে জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে পাঠাবে।
একইভাবে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের জন্য প্রতিটি ক্যাটাগরির বিপরীতে তিনজনের প্যানেল প্রস্তুত করে চূড়ান্ত অনুমোদনের জন্য স্টিয়ারিং কমিটির কাছে পেশ করবে। সূত্র: বাসস
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩ থেকে ২০ গ্রেডে চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট ১১টি পদে নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১ অক্টোবর ২০২৬ নির্ধারিত হয়েছে। হার্ডকপি জমা দেওয়ার শেষ সময় ৫ অক্টোবর ২০২৬।
চাকরির বিবরণ
১. পদের নাম: রেজিস্ট্রার
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৩) ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
২. পদের নাম: পরিচালক
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৩) ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
৩. পদের নাম: পরিচালক
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৩) ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।
৪. পদের নাম: পিএস টু ভিসি (সহকারী রেজিস্ট্রার)
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-৭) ২৯,০০০-৬৩,৪১০ টাকা
৫. পদের নাম: ল্যাব অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ২
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা।
৬. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ১
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা
৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪
গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-২০) ৮,২৫০-২০,০১০ টাকা
আবেদনের নিয়ম
আবেদন করতে হবে jobs.cstu.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে। অনলাইনে আবেদন সম্পন্ন করার পর আবেদনপত্রটি প্রিন্ট করে দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্রের হার্ড কপি জমা দিতে হবে। ১ থেকে ৪ নম্বর পদের জন্য ৭ সেট এবং ৫ থেকে ৭ নম্বর পদের জন্য ৫ সেট আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ
অনলাইনে আবেদনের শেষ সময় ১ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
হার্ড কপি ৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টার মধ্যে সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে রেজিস্ট্রারের কার্যালয়ে পৌঁছাতে হবে।
ঠিকানা: রেজিস্ট্রার, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অস্থায়ী ক্যাম্পাস, হোল্ডিং নং-০৯৩৭-০২, খলিশাডুলি, ওয়াপদা গেইট, কুমিল্লা রোড, চাঁদপুর সদর, চাঁদপুর-৩৬০০।
আবেদন ফি
১ থেকে ৪ নম্বর পদের জন্য আবেদন ফি ২০০ টাকা; ৫ ও ৬ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫০ টাকা। অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫০ টাকা। সার্ভিস চার্জ প্রযোজ্য।
নির্দেশনা
২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের পূর্বে যেসব প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়েছিল, তাদের পুনরায় আবেদন করতে হবে না।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রামে রিকশায় বসে থাকা এক যাত্রীর কাছ থেকে ছুরি দেখিয়ে টাকা-পয়সা ও মালামাল ছিনিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি চট্টগ্রামের কোতোয়ালি থানার পেছনের সতীশ বাবু লেনে সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি একটি রিকশা থামিয়ে যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ও মুঠোফোনসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নিচ্ছেন। এরপর তারা যাত্রীর প্যান্টের ডান পকেট থেকে কিছু বের করার চেষ্টা করেন। এ সময় ওই যাত্রীকে বারবার "দিতাছি তো" বলতে শোনা যায়। একপর্যায়ে যাত্রী নড়াচড়া করলে এক ছিনতাইকারী তার বাঁ পায়ে ছুরি দিয়ে আঘাত করেন। পরে তিনি ছুরি দিয়ে যাত্রীর ডান পকেট কাটতে শুরু করেন। এ সময় আশপাশের ভবন থেকে কয়েকজন বাসিন্দা চিৎকার করে ছিনতাইকারীদের প্রতিহত করার চেষ্টা করেন। পরে দুই ছিনতাইকারী একটি ব্যাটারিচালিত ইজিবাইকে উঠে পালিয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ ঘটনার সঠিক সময় নির্ধারণে সক্ষম হয়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু যায়েদ মোহাম্মদ নাজমুন নূর গণমাধ্যমকে জানান, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। কিন্তু এ ঘটনায় কোনো ভুক্তভোগী থানায় অভিযোগ করতে আসেননি। বিষয়টি জানার পর এলাকায় টহল জোরদার করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড় ধরনের অবকাঠামো উন্নয়ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা মেঘনার ভাঙনের কারণে বারবার বিপর্যস্ত হয়ে পড়ছে। নদীর ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকা ব্যয়ে ২৪ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ ও সড়ক নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
এই প্রকল্পটি ভৈরব ফেরিঘাট থেকে মেন্দিপুর পর্যন্ত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নদীভাঙন থেকে শহর ও জনবসতি সুরক্ষার ব্যবস্থা হবে, পাশাপাশি দীর্ঘ এই সড়ক যোগাযোগব্যবস্থায় নতুন সংযোগ তৈরি করবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ভৈরব শহরের কালিপুর এলাকায় মেঘনা নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
প্রতিমন্ত্রী বলেন, "মেঘনা নদীর ভাঙনে ভৈরব শহরসহ উপজেলার কয়েকটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের দীর্ঘদিনের দাবি ও নির্বাচনী প্রতিশ্রুতির ভিত্তিতে ফেরিঘাট থেকে মেন্দিপুর পর্যন্ত ২৪ কিলোমিটার বেড়িবাঁধ ও সড়ক নির্মাণের প্রকল্প নেওয়া হয়েছে।"
প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৮৫ কোটি টাকা। প্রতিমন্ত্রী আরও জানান, পর্যায়ক্রমে এর পরিধি আরও বাড়ানো হবে।
প্রকল্পটি শুধু ভাঙন প্রতিরোধের উদ্দেশ্যে নয়, বরং যোগাযোগব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বেড়িবাঁধের ওপর নির্মিতব্য সড়কটি স্থানীয় মানুষের চলাচল ও পণ্য পরিবহনে নতুন সুযোগ তৈরি করবে।
তবে বাঁধ নির্মাণের সময় মেঘনার সঙ্গে সংযুক্ত খাল-বিলের পানি চলাচল বন্ধ না হয়, সেই বিষয়েও পরিকল্পনা রাখা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, প্রয়োজনীয় স্থানে সেতু নির্মাণ করা হবে। ফলে সড়ক ও বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি পানির স্বাভাবিক প্রবাহও বজায় রাখার ব্যবস্থা থাকবে।
একই দিন ভৈরবে আরও কয়েকটি উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী।
সকালে ভৈরব উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় কমলপুর ডাকবাংলোয় ভৈরব ফুটবল একাডেমিকে ক্রীড়া ও প্রশিক্ষণ সামগ্রী প্রদান করা হয়। পরে ভৈরব বাজারের চান্দানী টিলার হরিজন পল্লীতে নিম্ন আয়ের মানুষের জন্য স্যানিটেশন, সড়ক ও ড্রেনেজ উন্নয়নকাজের উদ্বোধন করেন তিনি। স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এসব কাজ হচ্ছে।
এরপর বিকেলে উপজেলা মিলনায়তনে উপজেলা পরিষদ ও সংসদ সদস্যের তহবিলের অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠান, খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম মামুনুর রশীদ, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জাহিদুল হক জাবেদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ